
বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সবার আগে এলেন উজবেকিস্তানের কোচ আবদুরায়মভ জাসুর। এরপর একে একে ভুটানের চোকি নিমা, শ্রীলঙ্কার সুমিথ ওয়ালপোলা এবং সবার পরে বাংলাদেশের সাইফুল বারী টিটু।
চার দেশের কোচ আগে-পরে এলেও সবার লক্ষ্য একটাই—বাহরাইনে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে ওঠা। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বের দশ গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলোর সঙ্গে পাঁচটি সেরা রানার্সআপ দলই যাবে ১৬ দলের চূড়ান্ত পর্বে।
ফেবারিট হিসেবে উজবেকিস্তানই ‘এ’ গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন। স্বাগতিক বাংলাদেশও চূড়ান্ত পর্বে যেতে চায়। বাংলাদেশের কোচ সাহসের সঙ্গে বলতে পারছেন না দুটি ম্যাচে জিতবেনই, যদিও তাঁর লক্ষ্য ছটি পয়েন্ট পাওয়া।
৬ পয়েন্ট পেতে হলে অবশ্যই দুটি দলকে হারাতে হবে। সেই দুই প্রতিপক্ষ যে শ্রীলঙ্কা ও ভুটান তাও বলে দিয়েছেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। ৪ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ভুটান এবং ৬ অক্টোবর শেষ ম্যাচের প্রতিপক্ষ উজবেকিস্তান। সাইফুল বারী গ্রুপে একমাত্র উজবেকিস্তানকেই দেখছেন বড় চ্যালেঞ্জ, ‘এই গ্রুপে রানার্সআপ হওয়ার যোগ্যতা রাখি আমরা। তবে উজবেকিস্তানকে হারাতে পারলে তা হবে মিরাকল।’ বাস্তবভিত্তিক মূল্যায়নই করেছেন কোচ। গত আগস্টে নেপালে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দলটিও বাংলাদেশের চেয়ে শক্তিশালী নয়। এই দলের বেশির ভাগ ফুটবলারই স্কুলছাত্র। দলটি মঙ্গোলিয়াতে গত মাসে এশিয়ান স্কুল টুর্নামেন্টে খেলে এসেছে।
বাংলাদেশের কোচ বরাবরই রক্ষণাত্মক কৌশল নিয়ে এগোন। কিন্তু শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে তিনি আক্রমণাত্মক খেলা উপহার দিতে চান, ‘উপমহাদেশের দুটি দলের সঙ্গে জয়ের আশাতেই ছেলেদের আক্রমণাত্মক ফুটবল অনুশীলন করিয়েছি। আমার লক্ষ্য থাকবে প্রতিপক্ষের অর্ধে বেশি সময় বল রাখা। এই দুটি দলের ম্যাচ থেকেই ৬ পয়েন্ট পেতে চাই আমি।’
সেরা পাঁচটি রানার্সআপ দলের মধ্যে জায়গা পাওয়ার জন্য গোলসংখ্যারও ভূমিকা থাকতে পারে। কোচ তাঁর স্ট্রাইকারদের কাছ থেকে বেশি গোলও আশা করছেন, ‘অনূর্ধ্ব-১৬ দল থেকে যে তিনজন এসেছে ওদের সবারই ভালো করার ক্ষমতা আছে। তা ছাড়া আক্রমণভাগের ফুটবলাররাও ভালো করছে, আশা করি টুর্নামেন্টে গোল পাব আমরা।’
শ্রীলঙ্কার কোচ সুমিথ ওয়ালপোলা বাংলাদেশকে সমীহ করছেন, কিন্তু তাঁর চোখেও আছে জয়ের স্বপ্ন, ‘আমি জানি মাঠে অনেক সমর্থক থাকবে। তারপরও আশা করি সমস্যা হবে না। জিতেই মাঠ ছাড়তে চাই।’