২০১৬ রিও অলিম্পিক সামনে রেখে দীর্ঘ মেয়াদে প্রস্তুতি নিচ্ছে সিঙ্গাপুর ও থাইল্যান্ড। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু গোল্ডকাপে দেশ দুটি পাঠিয়েছে তাদের অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতা বলে এখানে ভালো কিছু করার তাড়নাও আছে। আজ তাই সিলেট স্টেডিয়ামে বিকেল পাঁচটায় দুই দল মুখোমুখি হচ্ছে জয়ের আশা নিয়েই।
আসিয়ান অঞ্চলের চেনা প্রতিপক্ষ থাইল্যান্ড-সিঙ্গাপুর। পরস্পরকে তারা ভালোই জানে। এ কারণেই কিনা পরশু রাতে সিলেট আসা দুদলকেই নির্ভার লাগল। কাল সিলেট বিকেএসপিতে হালকা গা গরমই ছিল গ্রুপ ‘বি’র এ দুই দলের ম্যাচপূর্ব অনুশীলন।
বঙ্গবন্ধু কাপের জন্য জানুয়ারি মাসজুড়েই প্রস্তুতি নিয়েছে সিঙ্গাপুর। থাইল্যান্ড নিয়েছে সপ্তাহ দুয়েক। তারও আগে থেকেই অবশ্য তারা ক্যাম্প শুরু করেছে মার্চের এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের জন্য।
তবে সিঙ্গাপুরের ম্যানেজার আলিম ওমর এসব রেখে চলে গেলেন আরও সামনে, ‘রিও অলিম্পিকের বাছাইয়ের জন্য দল নির্বাচনে এই টুর্নামেন্ট কাজে দেবে আমাদের। মূলত সেটিকেই আমরা বড় করে দেখছি।’ অবশ্য বলতে ভুললেন না, ‘বঙ্গবন্ধু কাপে আমরা ভালো কিছু করতে চাই। প্রথম লক্ষ্য গ্রুপ পেরিয়ে সেমিফাইনাল।’
থাইল্যান্ডের কোচ চোকো তাওই চান ধাপে ধাপে এগোতে। একই সঙ্গে লক্ষ্য নিজেদের সেরা ফুটবল খেলা। কাল সিলেট বিকেএসপিতে অনুশীলনে যাওয়ার আগে তিনি বলছিলেন, ‘গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনাল খেলাই আমাদের কাছে এখন সবচেয়ে বড় ভাবনা। আশা করছি, আমরা তা পারব।’