
এক-দুই মৌসুম তো আর নয়, একে একে চারটি মৌসুম পেরিয়ে গেছে। লা লিগার শিরোপা জেতা হয়নি রিয়াল মাদ্রিদের! সেই যে ২০১১-১২ মৌসুমে হোসে মরিনহো ট্রফি জিতিয়ে গেলেন, এরপর থেকে শুধুই আক্ষেপ। যে আক্ষেপ ফুরোবার দারুণ সুযোগ এবার। মৌসুম শেষ হতে যদিও এখনো মাসখানেক বাকি, তবে রিয়াল লা লিগার ট্রফিতে এক হাত দিয়ে রাখতে পারবে আজ ম্যাচটা জিতলেই। সান্তিয়াগো বার্নাব্যুতে যে ম্যাচে জিনেদিন জিদানের দলের প্রতিপক্ষ বার্সেলোনা।
লিগ হোক বা অন্য যেকোনো টুর্নামেন্ট, এল ক্লাসিকো মানেই অন্য রকম রোমাঞ্চ। দুই দলের চিরবৈরিতার ইতিহাস তো আছেই, সাম্প্রতিককালে এর সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছে মেসি-রোনালদো দ্বৈরথ। এবার অবশ্য বার্সেলোনা একটু পিছিয়ে থেকেই মাঠে নামছে। লিগে ৩২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৭২। রিয়াল ওদের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে, ম্যাচও খেলেছে একটি কম। ৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ওই অর্থে শিরোপা লড়াইয়ে নেই। বার্নাব্যুতে আজ বার্সেলোনাকে হারাতে পারলে রিয়াল লা লিগা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। অঙ্কের হিসাবে এরপরও বার্সেলোনার সুযোগ থাকবে, তবে সেটি শুধুই তাত্ত্বিকভাবে। বাস্তবতা হচ্ছে, এই ম্যাচটাই শিরোপার লড়াইয়ে টিকে থাকার শেষ সুযোগ বার্সেলোনার।শুধু পয়েন্টের হিসাবেই নয়, ফর্মও এগিয়ে রাখছে রিয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মতো দলের বিপক্ষে পেয়েছে দুর্দান্ত জয়। সব ধরনের টুর্নামেন্টে সর্বশেষ পাঁচ ম্যাচের একটিতেও হারেনি রিয়াল। চার জয়ের পাশাপাশি একটি ড্র লিগে, অ্যাটলেটিকোর সঙ্গে। অন্যদিকে সর্বশেষ পাঁচ ম্যাচে বার্সেলোনা জিতেছে মাত্র দুই ম্যাচ, হেরেছে দুটি, একটি ড্র। জুভেন্টাসের মাঠ থেকে ৩-০ গোলে হেরে আসার পর নিজেদের মাঠে সামর্থ্যের শেষ বিন্দু ঢেলেও ইতালিয়ান চ্যাম্পিয়নদের জালে বল পাঠাতে পারেনি লুইস এনরিকের দল।

এর মধ্যে আবার নিষেধাজ্ঞায় এই ম্যাচে খেলতে পারবেন না নেইমার। বার্সেলোনা অবশ্য শেষ মুহূর্তে স্পেনের ক্রীড়া আদালতে আপিল করেছে। তবে সেটা কাজে লাগবে বলে মনে হচ্ছে না। সে ক্ষেত্রে মেসি-সুয়ারেজের সঙ্গে আক্রমণের দায়িত্বে থাকবেন পাকো আলকাসার।
সংশয় আছে রিয়াল মাদ্রিদ উইঙ্গার গ্যারেথ বেলকে নিয়েও। তবে চোট কাটিয়ে পরশু অনুশীলনে ফিরেছেন ওয়েলশ উইঙ্গার। আজ তিনি না খেললেও মনে হয় না রিয়াল কোচ জিনেদিন জিদান খুব একটা দুশ্চিন্তায় থাকবেন। ইসকো, লুকাস ভাসকেজ কিংবা মার্কো এসেনসিওরা বেলের অভাবটা বুঝতেই দিচ্ছেন না। ওদিকে মৌসুমের শেষে এসে যেন নিজের সেরা ছন্দে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দুই লেগ মিলিয়ে একাই করেছেন পাঁচ গোল!
সবকিছুর পরও বার্সেলোনাকে আশা দেখাচ্ছে বার্নাব্যুতে সর্বশেষবার খেলে আসার স্মৃতি। ২০১৫ সালের ২১ নভেম্বর ওই ম্যাচে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল লুইস এনরিকের দল। ম্যাচটা বার্নাব্যুতে বলেই আশাবাদী হতে পারেন লিওনেল মেসিও। এল ক্লাসিকোতে ন্যু ক্যাম্পের চেয়ে বার্নাব্যুতেই বেশি গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তাঁর ২১ গোলের ১২টিই রিয়ালের মাঠে!
একটা বড় মাইলফলকের সামনেও দাঁড়িয়ে মেসি। বার্সেলোনার হয়ে ৫৭৬ ম্যাচে গোল হয়ে গেছে ৪৯৮টি। আর মাত্র দুটি গোল হলেই ছুঁয়ে ফেলবেন ৫০০ গোলের মাইলফলক। এ রকম একটা কীর্তির জন্য এল ক্লাসিকোর চেয়ে বড় মঞ্চ আর কী হতে পারে! রয়টার্স, এএফপি।

২১
দুই দলের মধ্যে সবচেয়ে বেশি গোল লিওনেল মেসির। লা লিগাতেই তাঁর ১৪ গোল। রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি গোল আলফ্রেডো ডি স্টেফানোর (১৮)।
৪৩
সবচেয়ে বেশি এল ক্লাসিকো খেলেছেন সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ম্যানুয়েল সানচিস
৪০
২০০২ সালের নভেম্বরের পর এল ক্লাসিকো আর কোনো গোলশূন্য ম্যাচ দেখেনি। এ সময় সব টুর্নামেন্ট দুই দল মুখোমুখি হয়েছে ৪০ বার।
২২
রিয়ালের বিপক্ষে সর্বশেষ ২২ ম্যাচেই গোল করেছে বার্সা, যা এল ক্লাসিকোতে টানা গোল করার রেকর্ড। রিয়াল সমান ২২ ম্যাচে টানা গোল করেছিল ১৯৫৯ থেকে ১৯৬৯ পর্যন্ত।
২
সবচেয়ে বেশি হ্যাটট্রিক ফেরেঙ্ক পুসকাস ও মেসির, দুজনেরই দুটি করে।
