দুদলেরই চোখ ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল সিলেট একাডেমি মাঠে মালয়েশিয়া দলের অনুশীলন l প্রথম আলো
কাল সিলেট একাডেমি মাঠে মালয়েশিয়া দলের অনুশীলন l প্রথম আলো

ঢাকার বাইরে শুধু সিলেটেই বঙ্গবন্ধু গোল্ড কাপের খেলা হচ্ছে। এ নিয়ে এখানকার দর্শকদের গর্বের শেষ নেই! দুই সেমিফাইনালের প্রথমটি আবার আজ হতে যাচ্ছে ঘরের মাঠে—এটি যেন সিলেটবাসীর বাড়তি পাওনা। না চাইতেই এত প্রাপ্তি সত্ত্বেও দর্শকদের আফসোস রয়ে যাচ্ছে। কয়েকজন তো ফেসবুকের স্ট্যাটাসে জানিয়েই দিলেন, ‘ইশ্, বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচটিও যদি সিলেটেই হতো!’
বুঝুন, অবস্থা! এই হলো সিলেটের ফুটবলপ্রেমী দর্শকের উন্মাদনার একটি খণ্ডচিত্র। আগামীকাল বাংলাদেশ বনাম থাইল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি ঢাকায় হবে। এর আগেই আজকের মালয়েশিয়া বনাম সিঙ্গাপুর প্রথম সেমিফাইনাল শেষে সিলেটবাসী স্বচক্ষে দেখে নেবে কারা যাচ্ছে স্বপ্নের ফাইনালে। এমন মুহূর্তের সাক্ষী হওয়ার সৌভাগ্য তো আর প্রতিদিনই ঘটবে না। তাই দুই চোখে ফুটবল-দ্বৈরথ দেখার লোভে গতকাল দিনভর ফুটবলপ্রেমীরা টিকিটের সন্ধান করেছেন। যদিও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি মাহি উদ্দিন সেলিম জানান, হরতাল-অবরোধের কারণে অনেক দর্শক টিকিট নিতে পারছে না। এ পর্যন্ত মাত্র ২০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে।

কাল সিলেট একাডেমি মাঠে সিঙ্গাপুর দলের অনুশীলন l প্রথম আলো
কাল সিলেট একাডেমি মাঠে সিঙ্গাপুর দলের অনুশীলন l প্রথম আলো

টিকিট পাওয়ার ‘যুদ্ধে’ শামিল হয়েছেন নারী-পুরুষ-তরুণ-যুবক সবাই। আজ খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত বোধ হয় এমনটাই চলবে। আয়োজকেরা আশা করছেন, হরতাল-অবরোধ সত্ত্বেও গ্যালারিভর্তি দর্শক দেখবে সিলেট স্টেডিয়াম। তা না হয় বোঝা গেল, তবে এত দর্শক কোন দলের পক্ষে আওয়াজ তুলবে? উজ্জীবিত সিঙ্গাপুর নাকি উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়ে ‘শত্রু’ বনে যাওয়া মালয়েশিয়া? সেটা দর্শকদের একান্তই নিজস্ব ব্যাপার। তবে সব ছাপিয়ে ‘বাংলাদেশ’ শব্দটি যে গ্যালারি মাতাবে সেটি হলফ করেই বলে দেওয়া যায়।
গতকাল শীতের বিকেলেও সিলেট বিকেএসপিতে কঠোর অনুশীলনে ঘাম ঝরালেন মালয়েশিয়া ও সিঙ্গাপুর দলের খেলোয়াড়েরা। এর আগে সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়ক–কোচই ব্যক্ত করেছেন জয়ের আশা। দুই দলেরই দৃষ্টিসীমায় ফাইনাল।
মালয়েশিয়া দলের কোচ রাজিপ বিন ইসমাইল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আশা করছি ভালো একটি ম্যাচ হবে। আমরা সতর্ক হয়ে খেলব। খেলা অতিরিক্ত সময়ে গড়াক কিংবা যেকোনো পরিস্থিতিতেই যাক, আমরা সব সময়ই সেরাটা দেওয়ার চেষ্টা করব। গত দুটি ম্যাচ জেতায় আমরা নিজেদের ফেবারিট ভাবতেই পারি।’
সিঙ্গাপুরের কোচ রিচার্ড বকের কণ্ঠে ফাইনালে ওঠার প্রত্যয়, ‘মালয়েশিয়া দলটি অন্য রকম লড়াকু। বিশেষ করে ওদের অধিনায়ক নাজিরুল নাইম। তাই প্রতিপক্ষ দলের অধিনায়ক সম্পর্কে আমাদের খেলোয়াড়েরা সর্বদা সতর্ক থাকবে।’