দুরন্ত শেখ জামাল ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানাং মার্সিয়াংদির একটি আক্রমণের সামনে বাধা হয়ে দাঁড়ালেন শেখ জামাল অধিনায়ক নাসির উদ্দিন l ছবি: গোলনেপালডটকম
মানাং মার্সিয়াংদির একটি আক্রমণের সামনে বাধা হয়ে দাঁড়ালেন শেখ জামাল অধিনায়ক নাসির উদ্দিন l ছবি: গোলনেপালডটকম

হাতে একটা ট্রফি। বিদেশের মাটি থেকে মাথা উঁচু করে দেশে ফেরা। বিমানবন্দরে ফুলেল সংবর্ধনার আশা। এ সবকিছুরই খুব কাছে দাঁড়িয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
গত ফেব্রুয়ারিতে চোখের জলে স্বপ্নভঙ্গ। কলকাতার আইএফএ শিল্ডে দোর্দণ্ড প্রতাপে খেলেও ফাইনালে হার। টাইব্রেকারে শেষ হাসি কলকাতা মোহামেডানের। সেই দুঃখ এবার শেখ জামাল ভুলতে পারে ভুটানের কিংস কাপে। প্রত্যাশিতভাবেই এই টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
গ্রুপপর্বে তিন ম্যাচে ৭ পয়েন্ট। সেমিফাইনালের টিকিট পেতে খুব একটা ঘাম ঝরেনি। উপরন্তু আগের ম্যাচে মোহনবাগানের সঙ্গে ৫-৩ গোলে দুর্দান্ত জয়। তবে কাল শেষ চারের লড়াইয়ে বড় একটা পরীক্ষাই দিতে হলো। ৫৫ মিনিটে গোল করে এগিয়ে গেল নেপালের মানাং মার্সিয়াংদি। হাতে সময় থাকায় আশা ছিলই। সেই আশাই জয়ের তৃষ্ণা আরও বাড়িয়ে দিয়েছে শেখ জামালের।
সাহসী শেখ জামাল অবশেষে হাসল ৮৪ মিনিটে। স্ট্রাইকার শাখাওয়াত রনির গোল অতিরিক্ত সময়ে নিয়ে যায় ম্যাচটা। বেশ কিছুদিন ধরে চোটের সঙ্গে লড়াই করা শাখাওয়াত খুব প্রয়োজনীয় সময়েই দলকে এনে দিলেন স্বপ্ন বাঁচানো গোলটি। হারতে বসা ম্যাচ নির্ধারিত সময়ে ১-১।
ততক্ষণে ৪-২-৩-১ ছক ভেঙে কোচ মারুফুল হক চলে যান ৪-৪-২-এ। স্টপার নাসিরকে তুলে দেন স্ট্রাইকার এমেকার সঙ্গে। নাসির এর আগের অনেকবার দলের প্রয়োজনে স্ট্রাইকারের ভূমিকায় খেলে গোল বের করে এনেছেন ঘরোয়া ফুটবলে। কালও জ্বলে উঠলেন সেনাবাহিনীর সাবেক সদস্য। অতিরিক্ত সময়ের শুরুতেই দৃশ্যপট গেল পাল্টে। শাখাওয়াতের ক্রসে বক্সে বল পান নাসির, প্রতিপক্ষ ডিফেন্ডাররা তাঁকে আটকাতে পারেননি। বল নিয়েই ঢুকে যান পোস্টে। মহামূল্যবান এই গোল ধরে রেখেই জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল।
থিম্পুর হাড় কাঁপানো শীতে খেলা, স্বাভাবিক নৈপুণ্য দেখানো কঠিন ছিল। তার ওপর প্রথমার্ধে শেখ জামাল একটু গা-ছাড়া ফুটবলই খেলছিল। প্রতিপক্ষ গত কিংস কাপের চ্যাম্পিয়ন, তাদের হালকা করে নেওয়ার মাশুল দিল গোল হজম করে। একটা লম্বা বল শেখ জামালের রক্ষণ বিপদমুক্ত করতে পারেনি। গোলরক্ষক ও ডিফেন্ডাররা সবাই এক জায়গায় জড়ো হয়ে যান, সেই সুযোগ কাজে লাগিয়ে আফ্রিকান সেদ্রিক অ্যাবার শটে লক্ষ্যভেদ।
কিন্তু কোচ মারুফ আত্মবিশ্বাস হারাননি। গুছিয়ে খেলতে পারলে জয় আসবে জানতেন। ম্যাচের পর থিম্পু থেকে ফোনে উচ্ছ্বাসভরা কণ্ঠে বললেন, ‘পিছিয়ে পড়লেও হারের শঙ্কা ছিল না আমার। ছেলেদের বলেছিলাম, বল পায়ে রেখে সঠিক পাসে খেলতে। ওরা সেভাবেই খেলে জয় ছিনিয়ে এনেছে।’
জয়টা তাই শেখ জামালের জন্য বাড়তি আনন্দ নিয়েই এসেছে। তবে সেমিফাইনালটা নিরানন্দ হয়ে গেল মিডফিল্ডার সোহেল রানার জন্য। ১০৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন, ২ ডিসেম্বরের ফাইনালে খেলতে পারছেন না এই তরুণ। ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ কলকাতার মোহনবাগান বা পুনে এফসি। এই দুই দল আজ দ্বিতীয় সেমিফাইনাল খেলছে। সামনে যারাই আসুক, দুরন্ত শেখ জামালকে রোখা কঠিনই।