গোল করেছেন ৫৭১ করিয়েছেন ২৩১
এসপানিওলের বিপক্ষে দুর্দমনীয় এক মেসিকেই দেখা গেল। ভেঙেচুরে চুরমার করে দিলেন প্রতিপক্ষের রক্ষণ। হ্যাটট্রিক করলেন। বার্সেলোনাকে এনে দিলেন ৫-০ গোলের দুর্দান্ত এক জয়। আগের ম্যাচেই জোড়া গোল করেছিলেন। এই মৌসুমে তাঁর চারটি শট পোস্টে গিয়ে লেগেছে। একটা পেনাল্টি মিসও করেছেন। পেতে পেতে না-পাওয়া সেই পাঁচ গোল বাদ দিলেও তিন ম্যাচে ৫ গোল দিয়ে শুরু করলেন!
বার্সা কাল রীতিমতো ছেলেখেলা করল তাদের নগরপ্রতিদ্বন্দ্বীদের নিয়ে; যদিও ম্যাচের স্কোরলাইন সবটুকু বলছে না। ২৫ মিনিটে প্রথম গোলের আগপর্যন্ত বার্সাকে বেশ ঠেসেই ধরেছিল এসপানিওল। বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দেও মনে করিয়ে দিচ্ছেন, ‘স্কোরলাইন দেখে মনে হচ্ছে, জয়টা খুব সহজেই আমরা পেয়েছি। কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। এসপানিওল সব সময়ই এসব ম্যাচে প্রতিপক্ষের পরীক্ষা নেয়। আজও নিয়েছে। যথেষ্ট কষ্ট করেই আমাদের গোল বের করতে হয়েছে। প্রতিপক্ষ যথেষ্ট ভালো খেললেও আমাদের কিন্তু মেসির মতো একজন খেলোয়াড় আছে। সে তিন গোল করেছে। সুয়ারেজের মতোও খেলোয়াড় আছে আমাদের, যে নিজেকে উজাড় করে দিয়েছে। পুরো দলটাই আসলে সবটুকু দিয়ে খেলেছে।’
এসপানিওলের বিপক্ষে ম্যাচটা পুরোপুরিই নিজের করে নিয়েছিলেন মেসি। পুরো ম্যাচে তিনি সতীর্থদের পাস বাড়িয়েছেন ৫৩টি। প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকে বল কেড়েছেন ৭ বার। সুযোগ তৈরি করেছেন ৪টি। গোলে ক্রসও করেছেন ৪টি। বার্সার জার্সিতে ৩৮তম হ্যাটট্রিকটিও নিজের করে নিয়েছেন অবলীলায়। আর্জেন্টিনার জার্সিতে অবশ্য তাঁর হ্যাটট্রিক ৪টি।
ক্লাব ও জাতীয় দল মিলে মেসির গোল হয়ে গেল ৫৭১টি। মেসি গোল করিয়েছেন ২৩১টি। ৮০২টা গোলের সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম! কী অবিশ্বাস্য রেকর্ড! গোল করা ও করানোয় ৮০০-র মাইলফলক পেরিয়ে গেলেন কাল।
কিন্তু খামতি সেই এক জায়গাতেই। এবার তো মনে হচ্ছে, বিশ্বকাপটাও মেসিকে ছাড়া দেখতে হবে! কেবল কাল রাতের মেসিই পারেন আর্জেন্টিনাকে এই দুর্দশা থেকে উদ্ধার করতে। মেসিকে ছাড়া বিশ্বকাপও যে বড় ম্যাড়ম্যাড়ে দেখাবে! তথ্যসূত্র: রয়টার্স, টুইটার।