দুর্দান্ত বায়ার্ন কি পারবে রোনালদোর রিয়ালকে হারাতে?

>
- চ্যাম্পিয়নস লিগ সেমির প্রথম লেগে আজ রিয়ালের মুখোমুখি বায়ার্ন
- ম্যাচটা হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে
বেচারা আরতুরো ভিদাল। ‘প্রতিশোধ’ ‘প্রতিশোধ’ বলে সবচেয়ে বেশি রব তিনিই তুলেছিলেন, অথচ আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে তাঁরই খেলা হচ্ছে না। হাঁটুর চোটে বায়ার্ন মিউনিখের চিলিয়ান মিডফিল্ডারের মৌসুমই শেষ।
তবে তিনি না খেললেও আজকের ম্যাচের আগে জোরালো সুরে বাজছে তাঁর ছড়িয়ে দেওয়া মন্ত্রটাই। ১৩ এপ্রিল সেমিফাইনালের ড্রয়ে ‘বায়ার্ন বনাম রিয়াল’ নিশ্চিত হতেই যে ভিদাল টুইট করেছিলেন, ‘প্রতিশোধ ঠান্ডা মাথায়ই নিতে হয়।’
কিসের-কবেকার প্রতিশোধ? গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল-বায়ার্ন ম্যাচের কথা ভুলে গেলেন নাকি! দুই লেগ ও অতিরিক্ত সময় মিলিয়ে ৬-৩ গোলে হেরেছিল বায়ার্ন। তবে হারের চেয়েও বেশি ক্ষোভ তাদের ছিল রেফারিং নিয়ে। একে তো রিয়ালের মাঠে দ্বিতীয় লেগে রোনালদোর দুটি গোল ছিল অফসাইড থেকে, তার ওপর রিয়ালের মাঠে ওই ম্যাচের ৮৩ মিনিটে ব্যাকরণ মেনে ট্যাকল করেও লাল কার্ড দেখতে হয়েছিল ভিদালকে। যদিও ওই ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্তে দুই দলই ভুগেছে, তবে হেরেছে বলেই হয়তো বায়ার্নেরই ক্ষোভটা বেশি।
তা এবার রেফারিং কেমন হবে, সেটি দেখভালের জন্য উয়েফা আছে। নজরটা বরং ম্যাচে ফেরানো যাক। প্রতিশোধ শব্দটা আসছে ঠিকই, তবে তা ছাপিয়ে এই ম্যাচে ধ্রুপদি লড়াইয়ের আবহই বেশি। ড্রয়ের দিনই বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কেস বলেছিলেন, ‘দুটি দলেরই ইউরোপে ঐতিহ্য আছে। আক্রমণাত্মক ফুটবল খেলে। ড্রটা দুই দলের জন্যই কঠিন।’
কঠিন পথটা পেরোতে বায়ার্নের প্রেরণা ‘ট্রেবল’, আর রিয়ালের প্রেরণা চ্যাম্পিয়নস লিগের ‘হ্যাটট্রিক’। গতবার চ্যাম্পিয়নস লিগ যুগে শিরোপা ধরে রাখার রেকর্ড গড়া দলটা এবার টানা তৃতীয় শিরোপার দিকে ছুটছে। যে কীর্তি সর্বশেষ গড়েছিল বায়ার্নই (১৯৭৪-৭৬)। আরেকটা প্রেরণা, এবার এটি ছাড়া আর কোনো শিরোপাই জেতার সম্ভাবনা নেই জিদানের দলের! এ সমীকরণে বায়ার্ন অবশ্য উল্টো দিকে। লিগ জেতা হয়ে গেছে, লিগ কাপের ফাইনালেও উঠে গেছে। সেমিফাইনালে চার দলের মধ্যে মৌসুমে ‘ট্রেবল’ জেতার সম্ভাবনা আছে শুধু হেইঙ্কেসের দলেরই। প্রেরণা আছে বায়ার্নের ৭২ বছর বয়সী কোচ হেইঙ্কেসের জন্যও। রিয়াল ও বায়ার্নকে নিয়েই দুবার চ্যাম্পিয়নস লিগ জেতা হেইঙ্কেস এবারও জিতলে কোচ হিসেবে সবচেয়ে বেশি বয়সে চ্যাম্পিয়নস লিগ জেতার রেকর্ড গড়ে ফেলবেন।
তবে সে জন্য আগে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঠেকানোর পথ বের করতে হবে হেইঙ্কেসকে। এবার চ্যাম্পিয়নস লিগে সব ম্যাচেই গোল আছে পর্তুগিজ ফরোয়ার্ডের, সব মিলিয়ে টানা গোল পেয়েছেন রেকর্ড ১১ ম্যাচে। এমনই বিধ্বংসী তাঁর ফর্ম, একসময়ের অস্পর্শনীয় ‘বিবিসি’ ত্রয়ীর বাকি দুজন বেনজেমা ও বেলের জায়গা এখন আর দলে পাকা না হলেও জিদানকে দুশ্চিন্তা করতে হয় না। আর বায়ার্ন তো এমনিতেই রোনালদোর ‘প্রিয়’ প্রতিপক্ষ। গত মৌসুমে দুই লেগে পাঁচ গোল করেছিলেন, সব মিলিয়ে বাভারিয়ানদের বিপক্ষে ৬ ম্যাচে গোল ৯টি। ড্রয়ের দিন হেইঙ্কেস তো আর এমনি এমনিই বলেননি, ‘আমাদের প্রার্থনা করতে হবে, যেন ওর একটা খারাপ দিন যায়।’
আর সেটা না গেলে? বায়ার্নের একজনকেও তখন ‘রোনালদো’ হয়ে উঠতে হবে-রবার্ট লেভানডফস্কি। গত মৌসুমে চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি, দ্বিতীয় ম্যাচে ছিলেন না শতভাগ ফিট। এবার তেমন সমস্যা নেই, পোলিশ স্ট্রাইকারের কণ্ঠও তাই জোরালো, ‘কোনো দল টানা দুবার চ্যাম্পিয়নস লিগ জিতলে তারাই ফেবারিট। তবে তার মানে এই নয়, ওরা আমাদের হারিয়ে দেবে।’ সেমিফাইনালে প্রতিপক্ষ যখন রিয়াল, ‘লেভা’র হয়তো মনে পড়বে ২০১২-১৩ মৌসুমের কথা। সেবার ডর্টমুন্ডের জার্সি গায়ে প্রথম লেগে একাই চার গোল করে যে রিয়ালকে লন্ডভন্ড করে দিয়েছিলেন!
এবার লন্ডভন্ড করার কাজটা কে করবেন? লেভাই, না রোনালদো?