দুর্দান্ত বায়ার্নে বিধ্বস্ত দিনামো কিয়েভ

এভাবে পাঁচবার উদ্‌যাপন করেছে বায়ার্নছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ার্ন মিউনিখের জয় মানেই স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির গোল। গত কয়েক বছর ধরে ব্যাপারটা যেন এমনই দাঁড়িয়েছে। আজও তার ব্যতিক্রম হয়নি। লেভানডফস্কির দুই গোলের সঙ্গে লিরয় সানে, এরিক মাক্সিম চুপো-মোতিং ও সার্জ নাব্রির একটি করে গোল মিলিয়ে ইউক্রেনিয়ান ক্লাব দিনামো কিয়েভকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন।

এই জয়ের মাধ্যমে কোচ ইউলিয়ান নাগলসমানকে দুর্দান্ত এক উপহারও দিয়ে ফেললেন লেভানডফস্কিরা। বায়ার্নের দায়িত্ব নেওয়ার পর প্রথম দশ প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে নয়টাতেই জয় পেল বায়ার্ন। এর আগে এই কীর্তি আর অন্য কোনো বায়ার্ন কোচের ছিল না।

ম্যাচের ২৭ মিনিটের মধ্যেই নিজের দুই গোল করে ফেলেন লেভানডফস্কি। ১২ মিনিটে প্রথম গোলটা আসে পেনাল্টিতে। কিয়েভের অধিনায়ক সের্হেই সিদোরচুক লিওন গোরেৎস্কাকে আটকাতে গিয়ে ডিবক্সের মধ্যে বলে হাত লাগিয়ে বসেন। পেনাল্টি থেকে গোল করতে বিন্দুমাত্র সমস্যা হয়নি লেভানডফস্কির।

এর ১৫ মিনিট পরেই টমাস মুলারের সহায়তায় চ্যাম্পিয়নস লিগে নিজের ৬০তম গোল করে ফেলেন লেভানডফস্কি। যে গতিতে এগোচ্ছিলেন, হ্যাটট্রিকটাও এসেই যেত। সেটা হয়নি, সহজ এক হেড থেকে তৃতীয় গোল করার সুযোগ নষ্ট করেন এই পোলিশ স্ট্রাইকার।

৬৮ মিনিটে লিরয় সানের সহায়তায় এক জোরালো শটে ব্যবধান ৩-০ করে ফেলেন নাব্রি। ৭৪ মিনিটে সানে নিজেই গোলদাতার তালিকায় নাম লেখান। বাঁ প্রান্ত থেকে বক্সে ক্রস করতে গিয়ে উল্টো দুর্দান্তভাবে বল জালে জড়ান এই জার্মান উইঙ্গার। লেভানডফস্কির বিকল্প হিসেবে মাঠে নামা ক্যামেরুনিয়ান স্ট্রাইকার চুপো-মোতিং দুর্দান্ত এক হেডে ৮৭ মিনিটে ব্যবধান ৫-০ করে ফেলেন।

২০১৯ সালের ডিসেম্বরের পর এই প্রথম ঘরের মঠে দর্শকদের সামনে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে পারল বায়ার্ন। নাগলসমানের হয়ে নয় ম্যাচে এর মধ্যেই ১৩ গোল করে ফেললেন লেভানডফস্কি। কে থামাবে এই স্ট্রাইকারকে!