দুর্দান্ত লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ হচ্ছে স্টামফোর্ড ব্রিজে, আর হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রে বসে ইনস্টাগ্রামে স্টিভেন জেরার্ডের পোস্ট, ‘হেন্ডো, স্টপ ইট!’
হেন্ডো, মানে জর্ডান হেন্ডারসন। লিভারপুলের অধিনায়ক। তা তিনি কী এমন করেছেন যে লিভারপুলের কিংবদন্তি সাবেক অধিনায়কও মুগ্ধ হয়ে গেলেন? সহজ ভাষায়, এমন কিছু যা জেরার্ড থাকার সময় খুব নিয়মিতই দেখা যেত—বক্সের বাইরে থেকে নেওয়া শটে দুর্দান্ত গোল। পরশু স্টামফোর্ড ব্রিজে ম্যাচের ৩৬ মিনিটে হেন্ডারসনও ৩০ গজি শটে করেছেন চোখে লেগে থাকার মতো এক গোল। যেটিকে এখনই মৌসুমের সেরা গোলের মনোনয়ন পাওয়ার দাবিদার মানছেন অনেকে। অধিনায়কের মতো পরশু দুর্দান্ত খেলেছে লিভারপুলও। লিগের প্রথম চার ম্যাচে অপরাজিত চেলসিকে তাদেরই মাঠে হারিয়েছে ২-১ গোলে।
বছর খানেক আগে লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর এই স্টামফোর্ড ব্রিজেই লিগে প্রথম জয় পেয়েছিলেন ইয়ুর্গেন ক্লপ। হোসে মরিনহোর চেলসিকে সেবার হারিয়েছিলেন ৩-১ গোলে। মরিনহোর পর চেলসির ডাগআউটে এখন আন্তোনিও কন্তে। কিন্তু এবারও হাসিটা থাকল ক্লপের মুখেই। এই হারে কন্তের একটা ব্যক্তিগত রেকর্ডও ভেঙে গেছে, ২০১৩ সালের জানুয়ারির পর ঘরের মাঠে টানা ৩০ ম্যাচে অপরাজিত ছিলেন কন্তে।
হারের আগে অবশ্য দ্বিতীয়ার্ধে বেশ লড়াই করেছে চেলসি। প্রথমার্ধে দাপুটে লিভারপুলের সামনে খুঁজেই পাওয়া যায়নি হ্যাজার্ড-উইলিয়ানদের। লিভারপুলের দুটি গোলও এসেছে তখন। ৩৬ মিনিটে হেন্ডারসনের গোলের আগে ১৭ মিনিটে ফ্রি-কিকে লিভারপুলের প্রথম গোলটি করেন ডিফেন্ডার ডেয়ান লভরেন। ৬১ মিনিটে ডিয়েগো কস্তার গোলে ব্যবধান কমায় চেলসি।
আগের ম্যাচে সোয়ানসির সঙ্গে ড্র, আর পরশু লিভারপুলের কাছে হার—চেলসিতে কন্তের ‘মধুচন্দ্রিমা’ যেন হঠাৎই তেতো হয়ে যাচ্ছে। ইতালিয়ান কোচ এখনই তাই খেলোয়াড়দের সতর্ক করছেন গত মৌসুমের দুঃস্বপ্নের কথা মনে করিয়ে, ‘আমি চাই না গত মৌসুমের মতো খারাপ কিছু এবারও হোক। এ কারণে ম্যাচের প্রতিটি মুহূর্তে, প্রতিটি মিনিটে আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। চেলসি দুর্দান্ত দল, কিন্তু এটা প্রতি ম্যাচে আমাদের দেখাতেও হবে।’
লিভারপুল কোচ এদিকটিতেও তৃপ্ত হবেন। শুধু বার্নলির মাঠে লিগ ম্যাচটি বাদ দিলে, এখন পর্যন্ত মৌসুমে বিনোদনদায়ী ফুটবল উপহার দিচ্ছে ক্লপের দল। হারিয়েছে গত মৌসুমের চ্যাম্পিয়ন লেস্টার ও আর্সেনালকেও। এবার আরও একটি বড় দলকে হারানোর পর তাই আলোচনা, তাহলে কি এবার ২৬ বছরের লিগ শিরোপার আক্ষেপ ঘুচবে লিভারপুলের? লিগে পাঁচ ম্যাচ পরই এমন প্রশ্নকে উল্টো যেন উড়িয়েই দিচ্ছেন ক্লপ, ‘এই প্রশ্নে আমি মোটেই আগ্রহী নই। গতবার চেলসিকে ৩-১ গোলে হারানোর পরও কেউ একজন এমন প্রশ্ন করেছিলেন। মনে আছে, তখনো বলেছিলাম ‘আপনি পাগল হয়েছেন?’ জানি আমরা ভালো ফুটবল খেলতে পারি। নিজেদের মান নিয়েও সন্তুষ্ট। তবে এ ব্যাপারটাই আমাদের প্রতি সপ্তাহে, অথবা প্রতি তিন দিনে করে যেতে হবে।’
এখন পর্যন্ত যা করেছে, সেটির ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এই মৌসুমে বড় কিছুর স্বপ্ন দেখতেই পারে লিভারপুল। এএফপি, রয়টার্স।