দুর্দান্ত সালাহ-মানে, লিভারপুলের দাপুটে জয়

দুর্দান্ত আক্রমণভাগ লিভারপুলকে দারুণ জয় এনে দিয়েছেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠে লিভারপুল শেষ কবে হেরেছিল, সে আলোচনাটা জমে ওঠারও সুযোগ মেলেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে ভাগ্যগুণে এগিয়ে গিয়েছিল নরউইচ। বেশ কয়েকটি আক্রমণে ব্যবধান বাড়িয়ে নেওয়ারও সম্ভাবনা সৃষ্টি করেছিল। গত মার্চের পর অ্যানফিল্ডে হার না দেখা লিভারপুল অবশ্য আশঙ্কা জমে বসতে দেয়নি। আক্রমণের ত্রিফলার তিনটি দারুণ গোল ৩-১ ব্যবধানের জয় এনে দিয়েছে অলরেডদের।

মানের সেই দুর্দান্ত গোল
ছবি: এএফপি

জানুয়ারির দলবদলে লিভারপুলে যোগ দিয়েছেন কলম্বিয়ান লুইজ দিয়াজ। এর মধ্যেই অভিষেক হয়ে গেছে তাঁর, অভিষেকে সতীর্থকে দিয়ে চমৎকার একটি গোলও করিয়েছেন। আজ নিজের দ্বিতীয় ম্যাচে গোলটাও পেলেন। অধিনায়ক হ্যান্ডারসনের পাশের গতি আগেই বুঝে দৌড় দিয়েছিলেন। খেলার মুভমেন্ট বুঝতে পারার এই গুনে নরউইচ রক্ষণ ফাঁকা হয়ে গেল। গোলরক্ষককে এগিয়ে আসতে দেখেও মাথা ঠান্ডা রেখেছেন দিয়াজ। আলতো করে চিপ করে দিয়েছেন।

এত চমৎকার এক গোল, তবু ম্যাচের সেরা গোলের তালিকায় তিনেই থাকবে এটি। কারণ, ৮১ মিনিটের গোলের আগেই সপ্তাহের সেরা গোলের এক আর দুইয়ের তালিকায় থাকা দুটি গোল হয়ে গেছে। ৬৭ মিনিটে লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার নিজের বক্স থেকে লম্বা এক পাস বাড়িয়েছিলেন।

দৌড়ে প্রতিপক্ষ রক্ষণকে পেছনে ফেলে পায়ের বাইরের দিকের আলতো স্পর্শে দখল নিয়েছেন বলের। সে স্পর্শের পরের নিয়ন্ত্রণ অতটা ভালো হয়নি। এতে তিন নরউইচ ডিফেন্ডার তাঁকে পাশ কাটিয়ে গেলেন। ওদিকে সালাহকে ডি-বক্সের দিকে এগোতে দেখে নরউইচ গোলরক্ষক অ্যাঙ্গাস গান এগিয়ে এসেছিলেন।

সালাহ তাই ঠান্ডা মাথায় গানকে নিয়ে খেলেছেন। বল নিয়ে বাঁ দিকে যাওয়ার ভান করে ব্যাক হিল করেছেন, তাঁকে অনুসরণ করতে গিয়ে মাটিতে পড়ে যান গান। দুই ডিফেন্ডার ততক্ষণে গোলবার রক্ষা করতে এগিয়ে গেছেন। সালাহ কোনো পাত্তা না দিয়ে দুর্বল ডান পায়ের শটেই জালে পাঠিয়েছেন বল।

তবে ম্যাচের সেরা গোলটি এর ২ মিনিট আগেই হয়েছে। সিমিকাসের ক্রস এসেছিল বক্সের মধ্যে ফাঁকায় থাকা সাদিও মানের কাছে। আফকন জিতে আসা এই ফরোয়ার্ড গোলবারের উল্টোদিকে মুখ করে দাঁড়িয়েছিলেন। ফলে নরউইচ রক্ষণ অতটা গুরুত্ব দেয়নি তাঁকে। মানে অ্যাক্রোবেটিক ভঙ্গিতে নিজের শরীর ঘোরালেন, বাইসাইকেল কিকে এনে দিলেন মহামূল্যবান এক গোলে। ৬৪ মিনিটের এই গোলেই সমতা ফিরিয়েছে লিভারপুল।

লিভারপুলের জার্সিতে প্রথম গোল দিয়াজের
ছবি: টুইটার

এর আগে ৪৮ মিনিটে লিভারপুলকে পিছিয়ে দিয়েছিল মিলোত রাশিৎচার গোল। বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন এই মিডফিল্ডার, সেটা গোলপোস্টের মধ্যে থাকত কিনা সন্দেহ। কিন্তু সে শট জোয়েল মাতিপের পায়ের ছোঁয়া নিয়ে দিক পরিবর্তন করে। দিগ্ভ্রান্ত আলিসন চেয়ে চেয়ে বলের জালে যাওয়া দেখেছেন।

এ জয়ে ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল লিভারপুল। ওদিকে হাকিম জিয়েশের শেষ মুহূর্তের গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৭-এই রেখেছে চেলসি। ম্যাচে জিয়েশের আরেকটি গোল ভিএআরে বাতিল হয়েছে। দিনের অন্য ম্যাচে বুকায়ো সাকো ও এমিল স্মিথ রোয়ের গোলে ব্রেন্টফোর্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।