দুর্দান্ত সিটিতে পথহারা বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বলুনিটা লিওনেল মেসিরই সম্ভবত সবচেয়ে বেশি ছিল। এত বেশি যে, ম্যাচ শেষে টানেলে ম্যানচেস্টার সিটির এক খেলোয়াড় বাঁকা কথা বলায় বার্সেলোনা ফরোয়ার্ড তাঁকে বলে বসেন—‘নির্বোধ’! পরিস্থিতি হয়তো আরও খারাপ হতো, যদি বার্সেলোনার এক প্রতিনিধি ও সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ‘শান্তির দূত’ হয়ে না দাঁড়াতেন।
মেসির কেন এমন ‘যুদ্ধংদেহী’ রূপ? নাম না-জানা ওই সিটি খেলোয়াড়ের কটূক্তি? নাকি সিটির মাঠে অমন অসহায় হারের জ্বালা তখনো সইতে পারছিলেন না ‘বার্সা নাম্বার টেন’? পরশু সিটির মাঠ ইতিহাদে বার্সাকে প্রথমে এগিয়ে দিয়েছিলেন মেসিই, কিন্তু এরপরই জ্বলে ওঠে পেপ গার্দিওলার দল। শক্তিতে, কৌশলে, বার্সাকে অসহায় করে রেখে উল্টো তুলে নেয় ৩-১ গোলের দুর্দান্ত জয়।
বিশ্বজুড়ে সিটির এই জয়কে দেখা হচ্ছে একটা ‘মাইলফলক’। হোক না চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের একটা ম্যাচ, তবু ইউরোপের কুলীন হওয়ার যাত্রায় সিটির জন্য এটি বড় এক পদক্ষেপ। দুই দলের আগের পাঁচ সাক্ষাতে কখনো জয় না পাওয়ায় ইতিহাস বিপক্ষে ছিল, ছিল মেসি-সুয়ারেজ-নেইমার ত্রিরত্নের সামনে উড়ে যাওয়ার শঙ্কাও। কিন্তু বার্সার পাসিং ফুটবলকে ক্রমাগত চাপে রেখে সব শঙ্কা উড়িয়ে দিল সিটি।
পাশের ডাগআউটে অসহায় বসে থাকা লুইস এনরিকের ম্যাচ শেষের বিশ্লেষণ, প্রথম ৪০ মিনিট বার্সেলোনা খেলেছে ‘মৌসুমের সেরা ফুটবল’। দুর্দান্ত প্রতি আক্রমণে মেসির গোলে এগিয়ে যাওয়াও এই সময়ে। আক্রমণটাও কী! সিটির কর্নারে নিজেদের বক্সের বাইরে বল পাওয়ার পর মেসি-নেইমার-মেসি তিনটি পাসেই বল সিটির বক্সে, যেটির পূর্ণতা মেসির ফিনিশিংয়ে।
বার্সেলোনা কোচের চোখে ম্যাচের পরের অংশটা, ‘আমাদের কোনো প্রতিপক্ষের খেলা সেরা ৫০ মিনিটের ফুটবল!’ নিজেদের বক্সের সামনে সার্জি রবার্তোর ভুল পাস ধরে প্রথমার্ধের শেষ দিকে ইলকায় গুন্ডোয়ানের গোলে সমতা। দ্বিতীয়ার্ধের শুরুতে কেভিন ডি ব্রুইনের ফ্রি-কিকের পর ৭৪ মিনিটে ম্যাচে গুন্ডোয়ানের দ্বিতীয় গোল। সিটির পরের দুটি গোল এসেছে পিকে-আলবাবিহীন বার্সা রক্ষণকে দুর্দান্ত চাপে রেখে।
গার্দিওলার কাছে নিজেদের প্রথম গোলটিই আসল, ‘প্রথম ৩৮ মিনিটে আমরা বিশ্বের সেরা দলটির বিপক্ষে লড়তেই পারিনি। তবে আমাদের প্রথম গোলের পরই সবকিছু বদলে গেল। খেলোয়াড়েরা বুঝতে পারল, বাজে সময়টা কেটে গেছে।’ তবে জয় ছাপিয়েও গার্দিওলার চোখ এখন ইতিহাদে নতুন ইতিহাস গড়ার দিকে, “এই ক্লাবটা ২৫-৩০ বছর ধরে ইউরোপের বাইরে। যেখানে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো প্রতিবছরই খেলে। আমাদের ওই মানে যেতে সময় লাগবে। তবে আমার দল এখন ভাবতেই পারে, ‘বাহ! বিশ্বের সেরা দলটিকে হারালাম।’ এই জয় কি ওই ঘোষণাও দিল, অবশেষে সিটিতে এসেছেন চেনা গার্দিওলা? বিবিসি, এএফপি।

সংখ্যায়
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি গোল এখন লিওনেল মেসির (৫৪টি)। দ্বিতীয় রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রাউল (৫৩টি)। ক্রিস্টিয়ানো রোনালদো তিনে (৫১ গোল)।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ২ গোলে পিছিয়ে পড়েও সবচেয়ে বেশি জয়ের রেকর্ড আর্সেনালের (৩ বার)।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় টানা ৮ ম্যাচ অপরাজিত ম্যানচেস্টার সিটি।

গত ফেব্রুয়ারির পর থেকে ঘরের মাঠে ১৩ ম্যাচে হারেনি ফেনেরবাচে (জয় ১০, ড্র ৩)।

বার্সার সঙ্গে আগের পাঁচ ম্যাচে সব মিলিয়ে সিটি গোল করেছিল দুটি। পরশু এক ম্যাচেই করল তিনটি।