দুর্দান্ত সুয়ারেজ, অবিচল বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরপর দুই ম্যাচে চারটি করে গোল! লিগ শিরোপার দৌড়ে বার্সাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সুয়ারেজই। পরশু ন্যু ক্যাম্পে l এএফপি
পরপর দুই ম্যাচে চারটি করে গোল! লিগ শিরোপার দৌড়ে বার্সাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সুয়ারেজই। পরশু ন্যু ক্যাম্পে l এএফপি

লুইস সুয়ারেজ যেন ৪ সংখ্যাটার প্রেমে পড়ে গেছেন। লিগে আগের ম্যাচে দেপোর্তিভো লা করুনিয়ার মাঠে ৪ গোল করেছেন। তিন দিন পর পরশু আবার মাঠে নামল বার্সেলোনা, স্পোর্টিং গিজনের বিপক্ষে। বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার এ ম্যাচেও গোলের উচ্ছ্বাসে মেতেছেন ৪ বার! আর তাতেই হয়ে গেছে একটা রেকর্ডও—লা লিগার ৮৮ বছরের ইতিহাসে টানা দুই ম্যাচে একজনের ৪ গোল হলো এই প্রথম।
সুয়ারেজের ৪ গোলের সঙ্গে লিওনেল মেসি ও নেইমারের গোল মিলিয়ে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছে বার্সা। তবে এত বড় জয়ের পরও স্বস্তিতে থাকতে পারছে না লুইস এনরিকের দল। লিগ শিরোপার লড়াই যে এখনো ‘মিউজিক্যাল চেয়ারে’র মতো পাল্টে যাচ্ছে। পরশুর চিত্রটাই দেখুন। রায়ো ভায়েকানোর বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ গোলে জিতে প্রথমে রিয়াল উঠে গিয়েছিল লিগ শীর্ষে, ঘণ্টা দুয়েক পর মালাগার সঙ্গে ১-০ গোলে জিতে অ্যাটলেটিকো জায়গাটা দখল করে নেয়। ডিয়েগো সিমিওনের দলও থাকতে পারল দুই ঘণ্টা, গিজনের সঙ্গে জিতে শীর্ষস্থান আবার বার্সার।
লিগে আর তিন ম্যাচ বাকি, ৮২ পয়েন্ট নিয়ে বার্সাই এখনো শীর্ষে। অ্যাটলেটিকোরও পয়েন্ট ৮২, মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে তারা, রিয়ালের ৮১ পয়েন্ট। এটাই বার্সার জন্য তৈরি করছে চাপ, প্রতিটি ম্যাচেই যে পা ফসকানোর শঙ্কা নিয়ে মাঠে নামতে হচ্ছে। তবে কোচ এনরিকের বিশ্বাস, তেমন কিছু হবে না, ‘পয়েন্টের হিসাবে এগিয়ে থাকার সুবিধা আর নেই আমাদের। তবে মনে হয় না বাকি তিন ম্যাচের কোনোটিতেই ব্যর্থ হব। এ মুহূর্তে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ভালো অবস্থানেও আছি আমরা।’
মাঝে টানা তিন ম্যাচ হেরেও ‘ভালো অবস্থান’টা বার্সা ধরে রাখতে পেরেছে সুয়ারেজের সৌজন্যে। মেসি চেষ্টা করছেন, নেইমার গোলে ফিরলেও নিজেকে হারিয়ে খুঁজছেন। গত দুই ম্যাচে ৮ গোল করে সুয়ারেজই ত্রাতার ভূমিকায়। স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকেও (৩১) পেরিয়ে গেছেন বার্সা স্ট্রাইকার (৩৪)। তবে পিচিচি নয়, লিগই সুয়ারেজের মূল লক্ষ্য, ‘ব্যক্তিগত পুরস্কার পেতে ভালোই লাগে। তবে আমি দলকে লিগ জেতাতে চাই।’
পিচিচির দৌড়ে সুয়ারেজ এগিয়ে যাওয়ার একটা কারণ, চোট পরশু রিয়ালের ম্যাচে নামতে দেয়নি রোনালদোকে। তবে রিয়ালের তাতে সমস্যা হয়নি, বেল তো ছিলেন। দুই গোলে পিছিয়ে পড়ার পরও ওয়েলশ উইঙ্গারের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতেছে রিয়াল। ম্যাচ শেষে কোচ জিনেদিন জিদানও প্রশংসায় ভাসিয়েছেন বেলকে, ‘আমি ওর খেলায় অনেক খুশি। ও নিজেও খুশি পার্থক্য গড়ে দিতে পেরে।’
ম্যাচ ছাপিয়ে পার্থক্যটা শিরোপা লড়াইয়ে গড়তে পারলে নিশ্চয়ই বেশি খুশি হবেন বেল-জিদান। এএফপি, মার্কা।