
‘আমরা আজ ফিফাকে লাল কার্ড দেখালাম’—রিচার্ড ওয়েবার, যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তা।
হ্যাঁ, লাল কার্ডই দেখল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
আজ বাদে কাল ফিফা কংগ্রেস। সভাপতি পদে নির্বাচন। কিন্তু তার আগেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা পড়ে গেল ঘোর সংকটে। কাল ভোরে জুরিখে অভিযান চালিয়ে দুর্নীতির অভিযোগে ফিফার সাত কর্তাব্যক্তিকে গ্রেপ্তার করেছে সুইজারল্যান্ডের পুলিশ। যাঁদের মধ্যে আছেন ফিফার দুই সহসভাপতিও।
যুক্তরাষ্ট্রের অপরাধ তদন্ত বিভাগ এফবিআইয়ের সরাসরি তত্ত্বাবধানেই চালানো হয়েছে এই অভিযান। দুর্নীতি, অর্থ পাচার, অবৈধ প্রভাব বিস্তার—এসব অভিযোগই তোলা হয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে। সুইস পুলিশ তদন্ত শুরু করেছে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে আয়োজন স্বত্ব কীভাবে দেওয়া হয়েছে সেটা নিয়েও। জিজ্ঞাসাবাদ করা হবে ফিফার নির্বাহী কমিটির ১০ কর্মকর্তাকেও। তবে ফিফা কাল জানিয়েছে সভাপতি পদে নির্বাচন যথাসময়েই হবে, যেহেতু সভাপতি সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। রাশিয়া ও কাতার থেকে আগামী দুটি বিশ্বকাপ সরিয়েও নেওয়া হবে না। এদিকে কাল নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল লোরেটা লিঞ্চ জানিয়েছে ঘুষ নেওয়া হয়েছে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকাকে আয়োজক স্বত্ব দেওয়ার সময়ও।
তিন বছর তদন্ত চালানোর পরই কাল সরাসরি অভিযানে নামে এফবিআই। শুধু জুরিখেই নয়, অভিযান চলে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থিত কনক্যাকাফ কার্যালয়েও। সুইজারল্যান্ডে গ্রেপ্তারকৃতদের শিগগিরই যুক্তরাষ্ট্রে নেওয়া হবে বিচারের জন্য। এঁদের বিরুদ্ধে ১৫ কোটি ডলার ঘুষ নেওয়া ছাড়াও অভিযোগ আছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, নয় ফুটবল কর্তাসহ মোট ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ আছে। বিচারে দোষী প্রমাণিত হতে ২০ বছরের জেল হয়ে যেতে পারে এঁদের।
সরাসরি অভিযোগ আনা না হলেও বেশ চাপেই পড়েছেন ১৯৯৮ সাল থেকেই ফিফার সভাপতি পদে আসীন সেপ ব্ল্যাটার। তাঁর পঞ্চম দফা সভাপতি পদে নির্বাচিত হওয়ার পথটা হঠাৎই যেন একটু হলেও কণ্টকাকীর্ণ হয়ে পড়েছে। ফিফার মুখপাত্র ওয়াল্টার ডি গ্রেগরিও দুর্নীতির বিরুদ্ধে এই অভিযানকে স্বাগত জানিয়েছেন, ‘অসময়ে হলেও ফিফা ফুটবলকে দুর্নীতিমুক্ত রাখার এই অভিযানকে স্বাগত জানাচ্ছে।’
তিনিই বলেছেন ব্ল্যাটার শান্তভাবেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, ‘তিনি (উত্তেজনায়) অফিসে নেচে বেড়াচ্ছেন না। তিনি খুব শান্ত আছেন ও সবকিছু পর্যবেক্ষণ করছেন ও সবাইকে সহযোগিতা করছেন।’ নির্বাচনে ব্ল্যাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্ডানের প্রিন্স আলি বিন আল হুসেইন বলেছেন, ‘ফুটবলের জন্য এটি বিষাদের এক দিন।’ এএফপি, বিবিসি, সিএনএন।