দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি মিলছে না ব্লাটারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি মিলছে না ব্লাটারের। ছবি: রয়টার্স
দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি মিলছে না ব্লাটারের। ছবি: রয়টার্স

আভাস পাওয়া যাচ্ছিল সন্ধ্যা থেকেই। জুরিখে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। সেখানে ফিফার বর্তমান পরিস্থিতিতে কিছু বলার কথা ছিল সেপ ব্লাটারের। কিন্তু কোনো কারণ না দেখিয়েই এক ঘণ্টা পেছানো হয় সেটি। এরপর তা আবার বাতিলই করা হলো। তবে বাতিলের কারণ অবশ্য বোঝা গেল একটু পরেই। সংবাদ সম্মেলন করবেন কি, নিজেকে বাঁচাতেই তো ব্যস্ত ব্লাটার। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে সুইস অ্যাটর্নি জেনারেল অফিস।
ফুটবলে গত দেড় যুগ ধরে রাজত্ব চালাচ্ছেন ব্লাটার। ১৯৯৮ সালে ফিফা সভাপতির দায়িত্ব প্রাপ্তির পর থেকেই নানা রকম দুর্নীতির অভিযোগে বারবার অভিযুক্ত হয়েছেন ব্লাটার। কিন্তু এই সুইস ফুটবল সংগঠক উড়িয়ে দিয়েছেন এ সব অভিযোগ। কিছুদিন আগেই ‘মরলে স্বর্গেই যাবেন’ বলে দম্ভোক্তিও শোনা গিয়েছিল তাঁর কণ্ঠে। কিন্তু আজ নিজ দেশের আইনি কর্মকর্তারাই তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন। অর্থ আত্মসাৎ, ভুল ব্যবস্থাপনা ইত্যাদি নানা অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এবার অবশ্য অভিযোগে ব্লাটারের সঙ্গে জড়িয়েছে মিশেল প্লাতিনির নামও। ফিফা সভাপতি নাকি ২০১১ সালের ফেব্রুয়ারিতে ২০ লাখ ডলার সরিয়েছিলেন ফিফার তহবিল থেকে। যা তিনি উপঢৌকন দিয়েছিলেন প্লাতিনিকে, ১৯৯৯ থেকে ২০০২ সালের মধ্যে ব্লাটারের হয়ে কিছু ‘কাজ’ করে দেওয়ার জন্য।
আগামী জানুয়ারিতেই সভাপতির পদ থেকে সড়ে দাঁড়ানোর কথা ব্লাটারের। ঠিক তখনই ভবিষ্যৎ ফিফা সভাপতিও নির্বাচিত হওয়ার কথা। নির্বাচনের সেই ‘ইঁদুর দৌড়ে’ এগিয়ে ছিলেন ইউরোপিয়ান ফুটবলের প্রধান প্লাতিনিই। কিন্তু ব্লাটারের বিরুদ্ধে করা নতুন এই অভিযোগে এবার নাম জড়িয়ে গিয়েছে প্লাতিনির। ফিফাকে দুর্নীতিমুক্ত করার পথে এই অভিযোগ এখন বিশাল এক ধাক্কা হয়েই আসবে। সূত্র: এএফপি।