সাইফ স্পোর্টিং ও আরামবাগের মধ্যকার ম্যাচে শিরোনাম হতে পারে দুটি। সাইফ স্পোর্টিংয়ের ১-০ গোলের জয়ে লেখা যেতে পারে, বাংলাদেশি আমেজে বেলজিয়াম কোচ পুটের তিনে তিন।
আবার আরামবাগের হারে লিখে দেওয়া যাচ্ছে, নিজেদের খেলোয়াড়ের দুর্ভাগ্যে কপাল পুড়ল আরামবাগের। তারুণ্যনির্ভর আরামবাগের ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্য দ্বিতীয়টিকে যৌক্তিক বলে মনে করেন।
ম্যাচ শেষে ডাগআউটের পাশে দাঁড়িয়ে বারবার কপালে হাত দিয়ে দেখাচ্ছিলেন আরামবাগের কোচ সুব্রত। নিজ দলের ডিফেন্ডার রাসেল মুন্সির কপালে বলটি না লাগলে সেটি কখনোই জালে জড়াত না বলে মনে করেন তিনি।
এক হাত কপালে আরেক হাত মাঠের দিকে রেখে সুব্রত বারবার বলছিলেন, ‘ওখান থেকে আমার ডিফেন্ডারের ( রাসেল) কপালে বলটি না লাগলে কখনোই গোল হতো না। তবে এতে ওর কোনো দোষ নেই। বলতে পারেন ওর কপালে আজ আমাদের দুর্ভাগ্যের দিন।’ আসলেই তাই!
৫৬ মিনিটে বদলি হিসেবে মাঠে প্রবেশ করেন আরিফুর রহমান। মাঠে নেমে বাঁ প্রান্তে ৫৭ মিনিটে বল পেয়েই ক্রস করেছিলেন এই উইঙ্গার। তখন পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন আরামবাগ গোলরক্ষক কাশেম মিলন।
এদিকে রাইটব্যাক রাসেলের কপাল ছুঁয়ে বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে! গোল হলেও আরিফুরকে খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল না। অপ্রত্যাশিত গোল বলেই কি না! তবে গোলটি আরিফুরের নামেই লিখেছেন রেফারি।
এই এক গোলেই ফেডারেশন কাপে টানা তিন ম্যাচ জিতে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে সাইফ।
এবার আসা যাক বাংলাদেশি আমেজে পুটের তিনে তিনের বিষয়ে। টানা তিন জয় পাওয়ায় তিনে তিন তো বোঝাই যাচ্ছে। কিন্তু বাংলাদেশি আমেজ কেন?
টানা দুই জয়ে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রাখায় আজ স্থানীয় ফুটবলারদের ওপর আস্থা রেখেছিলেন পুট। নিয়মিত একাদশে আজ ছয় পরিবর্তন এনে একাদশ সাজিয়েছিলেন তিনি। সেখানে বিদেশি মাত্র ডিফেন্ডার ইমানুয়েল আরিয়াচুকু ও মিডফিল্ডার জন ওকোলি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ওকোলিও উঠে যাওয়ায় সেটি কমে দাঁড়ায় একে। এ ছাড়া স্থানীয়দের মধ্য থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল জাতীয় দলের নিয়মিত সেন্টারব্যাক রিয়াদুল হাসান ও লেফটব্যাক রহমত মিয়াকে। মূলত স্থানীয় তরুণ ফুটবলারদের পরখ করে নিয়েছেন পুট।
নতুন মৌসুমে সাইফ সাধারণত ৪-৩-৩ ফরমেশনে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। আজ নিয়মিত খেলোয়াড়দের বসিয়ে রেখে পুট দলকে খেলিয়েছেন ৪-২-৩-১ ফরমেশনে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে।
লেফটব্যাক ইয়াছিন আরাফাতের ওভারল্যাপিংয়ের অনুমতি থাকলেও রাইটব্যাক রিমন হোসেন দাতে দাঁত চেপে রক্ষণ সামলেছেন। দুই ডাবল পিভট হোল্ডিং মিডফিল্ডার তরুণ মোহাম্মদ আল আমিন ও আবু সাহেদও রক্ষণভাগকে ছায়া দিয়েছেন। মাঝমাঠে প্রতিপক্ষকে সামলে আক্রমণ গড়তেও অবদান রাখায় ম্যাচসেরাও হয়েছেন আল আমিন।
তবে ম্যাচে কোনো দলই পরিষ্কারভাবে প্রাধান্য নিয়ে খেলতে পারেনি। প্রধমার্ধে বলের দখলে কিছুটা হলেও এগিয়ে ছিল আরামবাগ। গোল মিস না করলে ম্যাচের ফলাফলটা অন্য রকমও হতে পারত।
এর মধ্যে ২২মিনিটে ক্রিস্টোফার চিজোবার মিসটি অন্যতম। সাইফের লেফটব্যাক ইয়াছিন বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বক্সে ফাঁকায় পেয়ে যান ক্রিস্টোফার। তবে নাইজেরিয়ান এই স্ট্রাইকারের শট সরাসরি সাইফ গোলরক্ষকের হাতে।
কিছুক্ষণ পর রাইটব্যাক রাসেলও সুযোগ পেয়েছিলেন। কিন্তু তাঁর শটও গোলরক্ষক পাপ্পুর হাতে। দ্বিতীয়ার্ধে আরিফুলের করা ওই গোলটিই হয়ে থাকল ম্যাচের মীমাংসা। এ ছাড়া চোখে লাগার মতো কোনো মুভ চোখে পড়েনি।
এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আরামবাগ। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’ থেকে রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে টিকিট পেয়েছে উত্তর বারিধারা।