গত ডিসেম্বরে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলে মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবার তাজিকিস্তানের দুশানবেতে ২৬ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ। গতবারের মতো এবারও গ্রুপ পর্বে নেপাল ও ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। তবে গতবারের আরেক প্রতিপক্ষ ইরান এবার খেলবে ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৬ এপ্রিল, ভারতের সঙ্গে। নেপালের সঙ্গে ম্যাচটি ২৮ এপ্রিল। দুই গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনাল। ফাইনাল ১ মে।
টুর্নামেন্টের জন্য ১১ মার্চ থেকে বাংলাদেশ দল অনুশীলন করছে বিকেএসপিতে। জেএফএ কাপ ও জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ থেকে বাছাই করা ৩১ জনকে নিয়ে চলছে এই ক্যাম্প। দলে রয়েছে ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের ১১ জন ফুটবলার। এবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন, ‘আমরা গত আসরে ভারতের সঙ্গে ড্র করেছিলাম। নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। এবারও আশা করি, মেয়েরা চ্যাম্পিয়ন হবে।’