দুশ্চিন্তার নাম রক্ষণভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাটট্রিক-নায়ক মিশুর হেড ঠেকানোর চেষ্টায় সেনাবাহিনীর গোলরক্ষক জাফর। কাল বনানী আর্মি স্টেডিয়ামে অনূর্ধ্ব–২৩ জাতীয় দলের প্রস্তুতি ম্যাচে l প্রথম আলো
হ্যাটট্রিক-নায়ক মিশুর হেড ঠেকানোর চেষ্টায় সেনাবাহিনীর গোলরক্ষক জাফর। কাল বনানী আর্মি স্টেডিয়ামে অনূর্ধ্ব–২৩ জাতীয় দলের প্রস্তুতি ম্যাচে l প্রথম আলো

কাগজে-কলমে নেহাতই একটা প্রস্তুতি ম্যাচ। কিন্তু সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের কালকের ম্যাচ দেখে মোটেও তা মনে হয়নি। ম্যাচ শুরুর আধা ঘণ্টা আগেই বনানী আর্মি স্টেডিয়ামের গ্যালারিতে শ তিনেক স্কুলছাত্রের সরব উপস্থিতি। দলকে উৎসাহ দিতে সেনাবাহিনীর সদস্যরাও সারাক্ষণ মাতিয়ে রাখলেন স্টেডিয়াম। আর মাঠেও যেন ঠিক একই অবস্থা, ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’। অপেশাদার ফুটবলারদের সঙ্গে এভাবে ঘাম ঝরিয়ে জয় বের করতে হবে, তা হয়তো ম্যাচের আগে এতটুকু ভাবেননি মামুনুলরা। প্রথমার্ধে ৪-২-এ পিছিয়ে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল শেষ পর্যন্ত জিতেছে ৫-৪ গোলে। অথচ এই দলের সঙ্গেই প্রথম প্রস্তুতি ম্যাচে ৩-১ গোলে জিতেছিল বাংলাদেশ।
ইনচনে এশিয়ান গেমসে খেলতে যাওয়ার আগে ২৬ ও ২৯ আগস্ট নেপালের সঙ্গে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে রক্ষণভাগ নিয়ে দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিল কালকের ম্যাচ। কেষ্ট, তপু বর্মণদের কাছ থেকে বল কেড়ে নিয়ে অবলীলায় বক্সে ঢুকেছেন সেনাবাহিনীর ফুটবলাররা। বাবার অসুস্থতার জন্য প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ হল্যান্ডে। ম্যাচ শেষে বিরক্ত সহকারী রেনে কোস্টার তাই সবার আগে একটা কথাই বললেন, ‘খুব জঘন্য রক্ষণ।’ গোলপোস্টের নিচে সোহেলকেও ততটা সাবলীল মনে হয়নি। ব্যাকপাস থেকে পাওয়া বল ধরতে পারলেন না, সুযোগটা কাজে লাগিয়ে গোল করল সেনাবাহিনী। একই সঙ্গে গোল মিসের মহড়াও ছিল স্ট্রাইকার তকলিচ ও মিডফিল্ডার হেমন্তের। বিরতির সময় কেষ্ট ও তপুর বদলে রায়হান ও ইউসুফকে নামালেন কোস্টার। সোহেলকে উঠিয়ে দ্বিতীয় গোলরক্ষক লিটনকেও।
সেনাবাহিনীর কোচ জাতীয় দলের সাবেক ফুটবলার আলফাজ আহমেদ। নিজের দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে বেশ খুশিই। কিন্তু জাতীয় দল নিয়ে তাঁর পর্যবেক্ষণ, ‘আসলে এই দলের রক্ষণে অনেক উন্নতি করতে হবে। তা না হলে কঠিন ম্যাচে আরও বড় সমস্যায় পড়বে।’ অধিনায়ক মামুনুল অবশ্য এই ভুলগুলো থেকেই ইতিবাচক দিক খোঁজার চেষ্টা করলেন, ‘আমরা এক সময় ৪-২-এ পিছিয়ে পড়েছিলাম। তার পরও যেভাবে ম্যাচে ফিরে এসেছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। দলের আত্মবিশ্বাস এতে অনেক বেড়ে গেছে। আসলে আমরাই আজ ওদের গোল করার সুযোগ করে দিয়েছি। ছোটখাটো ভুলগুলো না করলে স্কোর ৭-১ হতে পারত।’
হ্যাটট্রিক পেয়েছেন মিশু। বাকি ২ গোল ওয়াহেদ ও সজীবের। সেনাবাহিনীর তারেক ও সিলন দুটি করে গোল করেছেন।