দুশ্চিন্তার নাম রোনালদো
ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচটা তখন প্রায় শেষের দিকে। মাথার ওপর দিয়ে একটি বাইসাইকেল কিক নিতে গিয়ে পেশিতে টান লাগে ক্রিস্টিয়ানো রোনালদোর। খানিকটা খুঁড়িয়ে খুঁড়িয়েই মাঠ ছেড়ে যান ম্যাচের যোগ করা সময়ে। পরে জানা গেছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রোনালদো। জয় ছাপিয়ে রিয়ালের কাছে এটাই এখন বড় চিন্তার বিষয় হয়ে উঠেছে—রোনালদোর চোট গুরুতর নয় তো!
রিয়ালের কোচ জিনেদিন জিদান অবশ্য ম্যাচ শেষে রিয়াল সমর্থকদের আশ্বস্ত করেছেন, ‘কিছুটা ভয় পাওয়ার মতো তো অবশ্যই, তবে আমার মনে হয় না চোটটা গুরুতর কিছু। ওর অবস্থা জানতে আগামীকাল (আজ) পরীক্ষা করে দেখা হবে। ও ওভাবে মাঠ ছাড়ার সময় যতটা ভয় পেয়েছিলাম, এখন সেই তুলনায় অনেকটা নির্ভার আছি।’ পরে রোনালদোও ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়ে জানিয়েছেন, তিনি ঠিক আছেন।
আগামীকালই আবার মাঠে নেমে পড়তে হচ্ছে রিয়ালকে, প্রতিপক্ষ রায়ো ভায়েকানো। ভিয়ারিয়াল ম্যাচে রোনালদো চোট পাওয়ায় জিদান অবশ্য স্বীকার করে নিয়েছেন তাঁর দলের প্রাণভোমরাকে মাঝেমধ্যে বিরতি দিয়ে খেলানো উচিত ছিল, ‘রোনালদোর মতো খেলোয়াড় থাকলে মাঝে মাঝে তাকে একটা ম্যাচে না খেলানো, একটা পুরো ম্যাচ না খেলানো জরুরি।’ লিগ শিরোপার লড়াই শেষ মুহূর্তে রোমাঞ্চকর জায়গায় পৌঁছে গেছে, আগামী মঙ্গলবার ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যানচেস্টারে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ। জিদান আশা করছেন তার আগেই পুরো ফিট হয়ে উঠবেন রোনালদো। চ্যাম্পিয়ন লিগ জিততে হলে রোনালদোকে যে তাঁর চাই-ই চাই। এএফপি।