দুয়ো শুনেই শুরু নেইমারদের

অধরা সোনার স্বপ্ন শুরুতেই ধাক্কা খেল ব্রাজিল। কাল নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বেশ সহজ প্রতিপক্ষই পেয়েছিল নেইমারের দল। কিন্তু সেই দক্ষিণ আফ্রিকাকেই হারাতে পারল না ব্রাজিল। এমনকি দক্ষিণ আফ্রিকা শেষ আধা ঘণ্টারও বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকা ১০ জনের দল নিয়ে খেলার পরও। স্বাভাবিকভাবে ব্রাসিলিয়ার দর্শকেরা হতাশ। দুই বছর আগের বিশ্বকাপ-দুঃস্বপ্ন ভুলতে মাঠে এসেছিল যাঁরা, আরও হতাশা নিয়ে ফিরতে হয়েছে তাঁদের। দুয়োও শুনতে হয়েছে নেইমারদের।
শুরু থেকেই পুরো শক্তির দল মাঠে নামিয়ে দিয়েছিল ব্রাজিল। আক্রমণভাবে নেইমারের সঙ্গে ছিলেন উঠতি তারকা গ্যাব্রিয়েল বারবোসা আর সদ্যই ম্যান সিটিতে নাম লেখানো গ্যাব্রিয়েল জেসুস। এই তিনজন দ্রুতই ভয়ংকর এক আক্রমণত্রয়ী হয়ে উঠবেন বলেই চারপাশে এত কথা। কিন্তু কাল হয়ে থাকলেন ভেজা বারুদ। মানে গারিঞ্চা স্টেডিয়ামে জাল খুঁজে পেল না ব্রাজিল।
বরং দক্ষিণ আফ্রিকাই শুরুটা করেছিল ভালো। লেবো মোথিবা তো দুবার সহজ সুযোগ নষ্ট করেছেন। তবে এরপরই ব্রাজিল খেলায় ফেরে। নেইমারও খুব কাছ থেকে দুটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি। জেসুসের শট পোস্টে লেগে ফিরে এসেছে। ব্রাজিলের কাজটা আরও সহজ হয়ে যায় ৫৯ মিনিটে মোথোবি এমভালা দ্বিতীয় হলুদ কার্ডের খাঁড়ায় মাঠ ছাড়লে।
কিন্তু তবুও ১০ জনের দলের বিপক্ষে জয় বের করতে পারলেন না নেইমাররা। নিতে পারলেন না ‘এ’ গ্রুপের নিয়ন্ত্রণ। এই গ্রুপে দিনের অন্য ম্যাচেও গোলশূন্য ড্র করেছে ইরাক-ডেনমার্ক। চার দলেরই তাই পয়েন্ট সমান।