দুয়ো থেকে মুক্তি চান পিকে
কেউ বলছেন, গত মৌসুমে ত্রিমুকুট জয়ের উদ্যাপনের সময় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে খোঁচা মারার কারণে এমন হচ্ছে। কারও ধারণা, কাতালান রাজ্যের স্বাধীনতার পক্ষে প্রচারণা চালানোই মূল কারণ। বিষয় যা-ই হোক, জেরটা জেরার্ড পিকেকে টানতেই হচ্ছে। স্পেনের জার্সিতে খেলার সময় প্রতি ম্যাচেই নিজেদের দর্শকদের বৈরী আচরণের শিকার হচ্ছেন বার্সেলোনা ডিফেন্ডার।
লুক্সেমবার্গ ম্যাচের আগেও পরশু বড় কৌতূহলের বিষয় ছিল এ নিয়ে—দর্শকদের কেমন ‘অভ্যর্থনা’ পান জেরার্ড পিকে! কৌতূহল মিটতে দেরি হয়নি বেশি, ম্যাচের দল ঘোষণার সময়ই পিকের নাম শুনে দুয়ো দিতে শুরু করেন দর্শকেরা।
ম্যাচের শুরু আর শেষের মধ্যে অবশ্য যথেষ্ট পার্থক্য ছিল। ম্যাচ যত গড়িয়েছে, ‘একতরফা’ দুয়ো ছাপিয়ে স্টেডিয়ামের কিছু অংশের হাততালিও পেয়েছেন ২৮ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার। যদিও সেটি দুয়োধ্বনি ছাপিয়ে যাওয়ার মতো ছিল না।
ম্যাচ শেষে পিকে বললেন, ‘দর্শকদের মনোভাবে পরিবর্তন আসছে। হাততালির চেয়ে শিসের আওয়াজটাই বেশি, তবু অবস্থার উন্নতি হচ্ছে। সমর্থকদেরই আপনাদের জিজ্ঞেস করতে হবে যে কখন এটা বন্ধ হবে।’
আগেও বেশ কয়েকবার দাবি করেছিলেন কাতালান স্বাধীনতার পক্ষে থাকার কারণে এমনটি হচ্ছে না। কেননা আরও অনেক কাতালান খেলোয়াড়ই তো দলে আছেন যাঁদের এমন বৈরী আচরণ সইতে হচ্ছে না। তবু ম্যাচ শেষে আরেকবার স্পেনের প্রতি নিজের দায়বদ্ধতা জানিয়ে রাখলেন বার্সা ডিফেন্ডার, ‘আগেও হাজারবার বলেছি, আমাকে নিয়ে বা আমার আত্মনিবেদন নিয়ে কারোরই সন্দেহ থাকা উচিত নয়। আমি ১৬ বছর বয়স থেকেই জাতীয় দলের সঙ্গে আছি। এটাই আমার ঘর, আমার পরিবার।’ এএফপি।