দুয়ো মেনে নিচ্ছেন ফন গাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুই ফন গাল
লুই ফন গাল

ম্যাচের তখন ৪০ মিনিট, কোনো গোল হয়নি। ওল্ড ট্রাফোর্ডের গ্যালারি থেকে ভেসে আসছে ‘আক্রমণ, আক্রমণ’ ধ্বনি। বিরতির বাঁশি বাজতেই সেখানে দুয়োধ্বনি। শেষ বাঁশি বাজার পর সুর আরও চড়া। গত কিছুদিনে ওল্ড ট্রাফোর্ড যেন এই দৃশ্যটাই স্বাভাবিক হয়ে গেছে। পরশু যেমন হলো সাউদাম্পটনের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হেরে যাওয়ায়। ইউনাইটেড কোচ লুই ফন গালও মেনে নিচ্ছেন, সমর্থকেরা এমনটা করতেই পারেন!
কথাটাকে ঠিক মেলানো যাচ্ছে? ‘একঘেয়ে’, ‘বিরক্তিকর’ ফুটবল খেলার জন্য ইউনাইটেডকে এই মৌসুমে কম সমালোচনা সহ্য করতে হয়নি। তখন ফন গাল সমালোচনাকে পাত্তাই দিতে চাননি। আর এখন তিনিই বলছেন, ‘আমি জানি, দর্শকদের জন্য এমন একটা ম্যাচ দেখাটা খুব পীড়াদায়ক। আমার নিজেরই তো সে রকম মনে হয়েছে। আর সমর্থকদের আমি ভুলও বলতে পারছি না। দুয়ো দেওয়ার সব অধিকারই তাদের আছে।’
নিজেদের গত ১৩ ম্যাচের মাত্র তিনটিতে জিততে পেরেছে ইউনাইটেড। পয়েন্ট তালিকার পাঁচে অবস্থান, শিরোপা সম্ভাবনাটা অনেক দূরে সরে গেছে। তবে ফলের চেয়েও দলের খেলার ধরন নিয়েই বেশি সমালোচনা হচ্ছে। পরশুও যেমন নিজেদের মাঠে সাউদাম্পটনের গোলে মাত্র একটি শট নিতে পেরেছে ইউনাইটেড। এই মৌসুমে লিগে প্রতিপক্ষের গোলে সবচেয়ে কম শট নিয়েছে ইউনাইটেডই, ২৩ ম্যাচে মাত্র ৩৫টি! ফন গালের ঢাল অবশ্য মজুদ, ‘আমি তো সবার মনোভাব বদলাতে পারব না। আমি খেলোয়াড়দের নিয়ে পরিশ্রম করছি। খেলায় উন্নতি করার চেষ্টা করছি। আমি অবশ্যই হতাশ, কিন্তু এখন পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করতে হবে। এটাই আমার কাজ, যদিও সহজ নয়।’

এ অবস্থায় ইউনাইটেডে ফন গালের ভবিষ্যৎ খুবই অনিশ্চিত হয়ে পড়েছে। ডাচ কোচ এই প্রসঙ্গটা এড়িয়ে গেলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে পারব না। এটা আমার দেওয়ার কথা নয়। তবে এটা ঠিক, এই মাসে আমরা এরই মধ্যে তিনটি জয় পেয়েছি। কিন্তু সেই আত্মবিশ্বাস আমরা এই ম্যাচে দেখাতে পারিনি।’

ম্যানচেস্টারের দিনটাই পরশু অপয়া ছিল। ইউনাইটেডের মতো প্রতিবেশী ম্যানচেস্টার সিটির ভাগ্য অতটা খারাপ ছিল না, ওয়েস্ট হামের সঙ্গে দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে। ওয়েস্ট হামের এনার ভ্যালেন্সিয়া আর সিটির সার্জিও আগুয়েরো, দুজনই পেয়েছেন জোড়া গোল। এএফপি।