দূরে হল্যান্ড, কাছে ওয়েলস

এই প্রজন্মের অনেকেই হয়তো ব্যাপারটা জানেই না। তবে আশির দশকের সেই অন্ধকার সময়টা অনেকেরই মনে থাকার কথা। ১৯৮২ বিশ্বকাপের পর ১৯৮৪ ইউরো এবং পরে ১৯৮৬ বিশ্বকাপেরও বাছাইপর্ব উতরাতে পারেনি হল্যান্ড। পরের ইউরো আসরগুলোতে অবশ্য কমলার উচ্ছ্বাস ছিল। তবে পরশু আইসল্যান্ডের কাছে হল্যান্ডের ১-০ গোলের হারে সংশয় জাগছে সামনের বছর ফ্রান্স ইউরোতে সেই উচ্ছ্বাস কি দেখা যাবে?
ইউরোর বাছাইপর্বে বাকি আর মাত্র তিনটি করে ম্যাচ। অথচ গ্রুপে আইসল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের পর হল্যান্ড ধুঁকছে তৃতীয় স্থানে। পরশু আমস্টারডামের জয়টা তাই খুব করেই চাইছিলেন নতুন কোচ ড্যানি ব্লিন্ড। কিন্তু ৫৭ মিনিট ১০ জন নিয়ে খেলে জয়টা ছিল প্রায় অসম্ভব। অবশেষে ৫১ মিনিটে গিলফি সিগুর্ডসনের পেনাল্টিতে নিজেদের মাঠেই হেরে গেছে ডাচরা। এখনই অবশ্য সব আশা শেষ হয়ে যায়নি, গ্রুপে তৃতীয় হলে হল্যান্ডের প্লে-অফ খেলার সুযোগ থাকবে। ৭ ম্যাচে হল্যান্ডের পয়েন্ট ১০, মাত্র ১ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে তুরস্ক। আইসল্যান্ড ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে, ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে চেক প্রজাতন্ত্র। হল্যান্ড কোচের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলেন আয়াক্স আমস্টারডামের কিংবদন্তি অধিনায়ক। ম্যাচ শেষে তাঁর স্বীকারোক্তি, ‘বাস্তবতা হচ্ছে এখন আমাদের তৃতীয় স্থানের জন্য খেলতে হবে। আমাদের জন্য এই পথটাই খোলা।’ আগামীকাল তুরস্কের বিপক্ষে ম্যাচটা এখন মহাগুরুত্বপূর্ণ, হেরে গেলে ডাচরা চলে যাবে চারে।
ডাচদের এখন ‘অভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়’ অবস্থা। নিজেদের খেলা তো খেলতে পারছেই না, পরশু ২৭ মিনিটে চোটে পড়ে মাঠের বাইরে চলে গেছেন অধিনায়ক আরিয়েন রোবেনও। তুরস্ক ম্যাচে মাঠে নামতে পারছেন না ডাচ অধিনায়ক। পরাজয়ের দায় কিছুটা বর্তায় ডিফেন্ডার ব্রুনো মার্টিন ইন্ডির ওপরও, ৩৩ মিনিটে মাথা গরম করে লাল কার্ড না দেখলে হল্যান্ডকে এতটা কোণঠাসা হতে হয় না। ব্লিন্ড তো পরে ধুয়ে দিয়েছেন ইন্ডিকে, ‘খুবই অপেশাদার একটা কাজ ছিল, যা পুরো দলেরই ক্ষতি করেছে। ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিয়েছে ওটা।’
রোবেন পর্যন্ত পরে রেগেমেগে বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আমি সব সময়ই সতীর্থদের পাশে দাঁড়াব, কিন্তু আমাকে বলতে হচ্ছে এটা নির্বোধের মতো একটা কাজ হয়েছে।’ কিছুটা দায় নিতে হবে ডিফেন্ডার ফন ডার ভিলকেও, আইসল্যান্ডের পেনাল্টিটা তাঁরই উপহার। রোবেন অবশ্য এখনো আশা দেখছেন, ‘ফুটবলের সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে সব সময়ই আপনার ফিরে আসার সুযোগ থাকে। এটা বিশাল একটা হতাশার, কিন্তু আমাদের পরের সুযোগটা নিতে হবে।’
হোঁচট খেতে পারত ইতালিও, তবে নিজেদের মাঠে গ্রাজিয়ানো পেল্লের ৬৯ মিনিটের গোলে মাল্টাকে তারা শেষ পর্যন্ত হারিয়েছে। নিজেদের গ্রুপে ক্রোয়েশিয়ার সঙ্গে এখন ইতালিরও পয়েন্ট ১৫, ক্রোয়েশিয়া শীর্ষে আছে গোল ব্যবধানে। ১৯৫৮ বিশ্বকাপের পর আবার কোনো বড় টুর্নামেন্ট খেলার খুব কাছে চলে গেছে ওয়েলস, গ্যারেথ বেলের একমাত্র গোলে তারা পরশু হারিয়েছে সাইপ্রাসকে। এএফপি, রয়টার্স।
এক নজরে
হল্যান্ড ০ : ১ আইসল্যান্ড
ইতালি ১ : ০ মাল্টা
বেলজিয়াম ৩ : ১ বসনিয়া
চেক প্রজাতন্ত্র ২ : ১ কাজাখস্তান
তুরস্ক ১ : ১ লাটভিয়া
সাইপ্রাস ০ : ১ ওয়েলস
ইসরায়েল ৪ : ০ অ্যান্ডোরা
বুলগেরিয়া ০ : ১ নরওয়ে
আজারবাইজান ০ : ০ ক্রোয়েশিয়া
*আগে স্বাগতিক দল