দৃশ্যপটে এক বেলজিয়ান কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটান ম্যাচের জন্য লোডভিক ডি ক্রুইফকে রেখে দেওয়া হবে বলেই মনে হচ্ছিল। কিন্তু সেই ভাবনা থেকে সরে এসেছে বাফুফে। তবে নতুন কোচের সন্ধানে আগের সেই নাটকীয়তা ধরে রাখা হয়েছে ঠিকই। হঠাৎ বিদেশি কোচকে ঢাকায় এনে হাজির করার ধারাবাহিতায় কাল আনা হয়েছে বেলিজিয়ান কোচ টম সেইন্টফিটকে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালটি দেখেছেন ৪৩ বছর বয়সী এই কোচ। ঢাকায় থাকবেন সাত দিন। এই সময়ে বাফুফের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনা হবে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে গতকাল সন্ধ্যায় ওই আলোচনা শুরুও হয়ে গেছে। দুই পক্ষ ঐকমত্যে পৌঁছালে তবেই চুক্তি হওয়ার কথা।
বাংলাদেশ দলের কোচ হওয়ার আগ্রহের কারণটা বলতে গিয়ে বেশ চনমনে লাগল সেইন্টফিটকে, ‘আমি এশিয়ার এই অঞ্চলে নতুন। এখানে ফুটবল নিয়ে কাজ করার আগ্রহটা তাই আমার একটু বেশিই।’ ১৯৮৩-৯৭ পর্যন্ত ফুটবল খেলেছেন, বেলিজিয়ামের এফসি বুম ক্লাবে বেশ কয়েক বছর কাটিয়ে তরুণ বয়সেই নাম লেখান কোচিংয়ে।
তবে সাবেক এই মিডফিল্ডারের খেলোয়াড়ি জীবনের চেয়ে বেশি সমৃদ্ধ তাঁর কোচিং ক্যারিয়ার। ছয়টি জাতীয় দলের কোচ হয়েছেন। তার মধ্যে ইয়েমেনই (২০১২-১৩) শুধু এশিয়ার, বাকিগুলো আফ্রিকার। গত এপ্রিল পর্যন্ত সর্বশেষ কোচ ছিলেন ফিফা র্যাঙ্কিয়ে বর্তমানে ৯৫ নম্বরে থাকা টোগোর। এর আগে নামিবিয়া (২০০৮-১০), ইথিওপিয়া (২০১১), জিম্বাবুয়ে (২০১০)। কাতার যুব দলকে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে নিয়ে গেছেন। ছিলেন ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নাইজেরিয়ার কোচ হওয়ার দৌড়ে।
আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সাম্প্রতিক টানা ব্যর্থতার ইতিবৃত্ত জানেন সেইন্টফিট। জানেন বলেই মনে হলো বাংলাদেশ দলের দায়িত্ব নিতে তিনি তৈরিই, ‘কোচ হিসেবে ভালো অভিজ্ঞতাই হয়েছে আমার। সেসব অভিজ্ঞতা বাংলাদেশে ঢেলে দিতে চাই।’