দেউলিয়া বার্সার উচিত মেসিকে আরও বেশি বেতন দেওয়া
লিওনেল মেসির বেতন নিয়ে এত কথা আর কখনো কি শোনা গেছে?
বার্সেলোনার নতুন সভাপতি নির্বাচনে যাঁরা প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন, তাঁরা সবাই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন কীভাবে মেসিকে ক্লাবে রাখার জন্য সবকিছু করবেন। এই মৌসুমের শেষ মেসির চুক্তি শেষ হয়ে যাচ্ছে, সেটি নবায়নের অভিন্ন প্রতিশ্রুতি সব প্রার্থীর কণ্ঠেই।
ওদিকে সভাপতি নির্বাচনের আগপর্যন্ত আপাতত বার্সার অন্তর্বর্তীকালীন প্রধানের দায়িত্ব পাওয়া কার্লোস তুসকেতস কদিন ধরে বিতর্কিত সব মন্তব্য করে যাচ্ছেন মেসির বেতন নিয়ে। এমনিতেই দেউলিয়াত্বের শঙ্কায় থাকা বার্সা মেসির বেতন দিতে হিমশিম খাচ্ছে, এমনই সুর তুসকেতসের কণ্ঠে। গত আগস্টে বার্সা ছাড়তে চাওয়া মেসিকে আসলেই বিক্রি করে দেওয়া উচিত ছিল বার্সার, এমনও বলেছেন তুসকেতস।
তবে বার্সার সভাপতি নির্বাচনে প্রার্থী ও সাবেক সভাপতি হোয়ান লাপোর্তা মেসিকে আরও বেতন দিয়ে রেখে দেওয়ারই পক্ষে। বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ ক্রীড়াদৈনিক স্পোর্তে সম্প্রতি প্রকাশিত সাক্ষাৎকারে এমনটাই বলেছেন লাপোর্তা।
বিভিন্ন ক্ষেত্রের তারকাদের বেতন ও অন্যান্য আয় জানার একটি মাধ্যম বিখ্যাত সাময়িকী ফোর্বস। সেই ফোর্বস জানাচ্ছে, বর্তমান চুক্তিতে মেসির বেতন বছরে ৭৪ মিলিয়ন বা ৭ কোটি ৪০ লাখ ডলার। সঙ্গে বোনাস ও অন্যান্য আয় তো আছেই। কিন্তু কয়েক বছর ধরেই প্রশাসনিক পর্যায়ে একের পর এক ভুল ও বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া বার্সা এমনিতেই তো আর্থিকভাবে ধুঁকছিল, করোনার কারণে ক্ষতিটা আরও বেশি হয়েছে। এই অবস্থায় মেসির এত বেতন দেওয়া বার্সার পক্ষে একটু কঠিনই হয়ে দাঁড়িয়েছে।
এত বেতনের পুরোটা অবশ্য দিতে হচ্ছে না। করোনা আঘাত করার পর গত মার্চেই মেসিরা এক দফা বেতন কমিয়েছিলেন। কদিন আগে আরেক দফায় মেসি ও অন্য খেলোয়াড়েরা বেতন কমাতে রাজি হয়েছেন, যাতে ক্লাবের আর্থিক সঙিন অবস্থা কিছুটা কাটিয়ে ওঠা যায়। মেসিরা বেতন না কমালে এই জানুয়ারিতে বার্সার দেউলিয়া হওয়ারও শঙ্কা ছিল!
কিন্তু এরপরও মেসির বেতন নিয়ে আলোচনা থামছে না। কদিন আগে তুসকেতস বলেছেন, মেসিকে বিক্রি করে দিলেই বার্সার লাভ হতো। মেসি অন্য ক্লাবে চলে গেলে তাঁর বেতনের বোঝা থেকে মুক্তি পেত বার্সা, তাতে আর্থিক অবস্থা কিছুটা ভালো হতো—এ-ই ছিল তুসকেতসের কথার মর্মার্থ। যদিও স্প্যানিশ সংবাদমাধ্যম কদিন আগে হিসাব বের করে দেখিয়েছে, শুধু মেসি আছেন বলেই বিভিন্ন স্পনসরশিপ চুক্তি ও অন্যান্য উৎস থেকে মৌসুমে বার্সার আয় হলো ৩০ কোটি ইউরোর মতো! অর্থাৎ, মেসি বার্সায় যা পান, শুধু আর্থিক হিসেবেই তার তিন গুণের মতো ফিরিয়ে দেন!
লাপোর্তাও সেটিই বলছেন। স্পোর্তে সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল তুসকেতসের মন্তব্য নিয়ে। লাপোর্তা সরাসরি বলে দিলেন, তুসকেতসের ওই মন্তব্য একেবারেই অবান্তর। এরপরই লাপোর্তাকে প্রশ্ন করা হয়, আপনি তো মেসির বার্সায় থাকারই পক্ষে, তাই না? ২০০৩-১০ পর্যন্ত বার্সেলোনায় প্রথম দফা সভাপতিত্ব করা লাপোর্তা সেই প্রশ্নে জবাব দেন, ‘অবশ্যই। এবং সেই সিদ্ধান্তের পক্ষে আপনার কারণের অভাব হবে না।’
তাঁর মন্তব্য আরও ব্যাখ্যা করতে অনুরোধ করা হলে তাতে লাপোর্তা তুলে আনেন মেসি থাকলে ক্লাবের আর্থিক লাভের ফিরিস্তি, ‘(মেসির বেতনে কত খরচ হয়, সেটির চেয়ে) আমি বরং মেসির কারণে কত আয় হয়, সেটি হিসাব করায় বেশি আগ্রহী। যে অঙ্কটা অনেক বেশি, ওর বেতনের অঙ্কের চেয়েও অনেক বেশি। আর আমি শুধু কথাটা খেলার মাঠে ও আমাদের কী এনে দেয়, সেটির ভিত্তিতে বলছি না। সেটা তো সবাই জানে। আমার চোখে ও ইতিহাসের সেরা ফুটবলার। এর চেয়েও বেশি কিছু।’
সেটির স্বীকৃতি হিসেবেই মেসির আরও বেশি বেতন পাওয়া উচিত বলে মনে করেন লাপোর্তা। এই দেউলিয়াত্বের হুমকিতে থাকা বার্সাতে মেসিকে আরও বেশি প্রয়োজন বলেই মনে হচ্ছে তাঁর, ‘আমার মতে একজন খেলোয়াড় যখন এত শিরোপা জেতে, (মাঠের খেলায় ও আর্থিকভাবে) এত কিছু এনে দেয়, সেটার স্বীকৃতি তার পাওয়া উচিত। আমি সভাপতি থাকার সময়ে সেভাবেই কাজ করেছি। লিও (মেসি) বিশ্বের সেরা খেলোয়াড়, সম্ভবত ইতিহাসেরও। এটাও মাথায় রাখতে হবে, লিও বার্সাকে ভালোবাসে, এটা সব সময়ই ওর আচরণে প্রকাশ পায়। ও একজন ক্লাব–অন্তঃপ্রাণ মানুষ, এই শহরটাকেও ও ভালোবাসে। তাই মেসি-বার্সা সম্পর্কটা আরও অনেক দিন চালিয়ে যাওয়ার জন্য কাজ করাই উচিত।’
তবে টাকা দিয়ে মেসিকে বার্সায় বেঁধে রাখা যাবে না—এটাও মনে করিয়ে দিচ্ছেন লাপোর্তা। মেসি এক বছরের বেশি সময় ধরে বার্সায় চ্যাম্পিয়নস লিগ জেতার মতো ‘স্পোর্টিং প্রজেক্ট’ নেই বলে মুখে ফেনা তুলে ফেলছেন। সাম্প্রতিক সময়ে মাঠে বার্সার পারফরম্যান্সও তেমনই ইঙ্গিত দেয়। লাপোর্তাও তাই মেসিকে সত্যিকারের জেতার মতো স্পোর্টিং প্রজেক্ট দিতে চান, ‘মেসিকে চিনি বলেই বলছি, ওকে টাকার লোভ দেখিয়ে লাভ নেই। এটা আপনাকে নিশ্চিত করতে পারি, ও টাকায় গলে না। আমাদের এমন একটা প্রস্তাব বানাতে হবে, যেটা লিওকে নিশ্চয়তা দেবে যে আমাদের চ্যাম্পিয়নস লিগ জেতার মতো একটা দল থাকবে। এটা খুব জরুরি। এটাই শেষ পর্যন্ত মৌসুম শেষে লিওর ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ায় বড় ব্যাপার হয়ে দাঁড়াবে।’
এ ক্ষেত্রে মেসিকে একটা ব্যক্তিগত নিশ্চয়তাও দিচ্ছেন লাপোর্তা, ‘মেসির সঙ্গে আমার সম্পর্কটা পারস্পরিক শ্রদ্ধার। ও জানে, আমি যখন কোনো প্রস্তাব দিই, সেটা পূরণ করি। লিও সেটা জানে, আমাকে বলেছেও যে ও এই ব্যাপারটাকে অনেক শ্রদ্ধা করে। মেসির বার্সাতেই ক্যারিয়ার শেষ করা উচিত।’