দেউলিয়া হয়ে ট্রফি নিলামে!
কত ঘাম ঝরিয়ে পাওয়া একেকটা ট্রফি! অথচ দেউলিয়া হয়ে এখন সেই ট্রফিগুলোই নিলামে তুলছে ইতালিয়ান ক্লাব পার্মা।
প্রায় ২০০ মিলিয়ন ইউরো দেনা হয়ে গিয়েছিল পার্মার। সেটা দিতে না পারায় এ বছর মার্চে ইতালির একটি আদালত দেউলিয়া ঘোষণা করে সর্বশেষ মৌসুমে সিরি ‘আ’তে খেলা ক্লাবটিকে। আদেশ দেওয়া হয় মাত্র ১৪ মিলিয়ন ইউরোতে ক্লাবটিকে বিক্রি করে দেওয়ার। কিন্তু বিশাল এ দেনার দায় নিতে রাজি হননি কেউ। ফলে ইতালিয়ান ফুটবল ফেডারেশন ক্লাবটিকে নামিয়ে দেয় সিরি ‘ডি’-তে। সেখান থেকেই ‘পার্মা কালচো ১৯১৩’ নামে পুনর্গঠনের চেষ্টা করে যাচ্ছে ক্লাবটি। ট্রফি নিলামে তুলে টাকা জোগাড় করার চেষ্টা সেই পুনর্গঠনপ্রক্রিয়ারই অংশ বোধ হয়। আপাতত আটটি ট্রফি নিলামে তুলছে পার্মা—তিনটি ইতালিয়ান কাপ (১৯৯২, ১৯৯৯ ও ২০০২), একটি কাপ উইনার্স কাপ (১৯৯৩), একটি ইউরোপিয়ান সুপার কাপ (১৯৯৪), দুটি উয়েফা কাপ (১৯৯৫ ও ১৯৯৯) ও একটি ইতালিয়ান সুপার কাপ (১৯৯৯)। এখানেও অবশ্য একটা বাধা আছে। উয়েফার নিয়মানুযায়ী ক্লাবগুলোকে দেওয়া রেপ্লিকা ট্রফি সব সময় ওই ক্লাবের নিয়ন্ত্রণেই থাকতে হবে এবং কখনো অন্য দেশে পাঠানো যাবে না। নিলামে ট্রফি বিক্রি করতে হলে তাই উয়েফার বিশেষ অনুমতি নিতে হবে পার্মাকে। স্কাই স্পোর্টস।