দেখা দিলেন মেখিতারিয়ান
ইউরোপা লিগে প্রতিপক্ষের মাঠে আগের দুই ম্যাচেই হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। জোরিয়া লুহানস্কের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচের সমীকরণটাই তাতে এমন দাঁড়িয়ে গিয়েছিল, জয় ছাড়া অন্য কিছু হলেই গ্রুপ পর্ব থেকে বাদও পড়ে যেতে পারে হোসে মরিনহোর দল। তেমন কিছু হয়নি। হেনরিক মেখিতারিয়ান ও ইব্রাহিমোভিচের গোলে ২-০ ব্যবধানে জিতেই শেষ ৩২-এ উঠল ইউনাইটেড।
তবে এসব ছাপিয়েও আলোচিত ব্যাপার মেখিতারিয়েনের গোলটি। ৪৮ মিনিটে মাঝবৃত্তে এক জোরিয়া ফুটবলারের পা থেকে বল কেড়ে নেন। তারপর দুর্দান্ত দৌড়ে দুই ডিফেন্ডারের ফাঁক গলে বক্সে। ফল? ইউনাইটেড জার্সিতে ১০ ম্যাচ পর আর্মেনিয়ান স্ট্রাইকারের প্রথম গোল!
গত মৌসুমে ছিলেন বরুসিয়া ডর্টমুন্ডে, হয়েছিলেন বুন্দেসলিগার বর্ষসেরা খেলোয়াড়। এবার প্রায় ২৬ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। কিন্তু দুই মাস কোনো ‘খোঁজখবর’ নেই মেখিতারিয়ানের। ফর্ম ভালো যাচ্ছিল না, চোটও হানা দিয়েছিল। গত দু-একটি ম্যাচ ধরে অবশ্য উন্নতির লক্ষণ দেখিয়ে আসছিলেন। তবে শুরুর দুঃস্মৃতিটা মেখিতারিয়ান পুরোপুরি ভুলিয়ে দিলেন দুর্দান্ত এক গোল করে। মরিনহোর কাছে আরও সুযোগ পাওয়ার দাবিটাও জানিয়ে রাখলেন।