দেখা যাক শনিবার কী হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>৪ জানুয়ারি যখন তাঁকে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হলো, কেউ ভাবতে পেরেছিলেন মাত্র পাঁচ মাসেই এমন দুর্দান্ত অর্জনের সামনে দাঁড়াবেন জিনেদিন জিদান? ২৮ মে মিলানে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলবে জিদানের রিয়াল। ফাইনালের আগে রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে ৪৩ বছর বয়সী কোচের অনুভূতি আর ম্যাচ নিয়ে কথা—
জিনেদিন জিদান
জিনেদিন জিদান

* ফাইনাল নিয়ে ভাবনা—
জিদান: চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলতে কেমন লাগে, খেলোয়াড় আর সহকারী কোচ হিসেবে সেই অভিজ্ঞতা আমার হয়েছে। আপনাকে শান্ত ও দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে, ধৈর্যও লাগবে। আসলে সবকিছুরই একটা মিশেল আপনার মধ্যে থাকতে হবে। আমরা একটা ফাইনাল খেলতে যাচ্ছি—খেলোয়াড়, কোচ, সমর্থক সবাই এটাই দেখতে চায়। আমরা প্রস্তুত। রেফারি যখন বাঁশি বাজাবেন, দুই দলের সম্ভাবনা থাকবে ৫০-৫০। আমরা শেষ পর্যন্ত লড়ে যাব।
* ফাইনালে জয়ের চাপ—
জিদান: রিয়াল মাদ্রিদে চাপ সব সময়ই থাকে। এটা কাজের অংশ, ব্যাপারটা আমার পছন্দও। যখন খেলোয়াড় ছিলাম, তখনো চাপ ছিল। (কোচ হিসেবে) আমার এখনো অনেক কিছু শেখার বাকি। তবে শেখার প্রচণ্ড ইচ্ছাও আছে আমার। আমি উন্নতি করব, অবশ্যই। তবে অনেক বড় একজন কোচ হওয়ার জন্য এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।
* সাফল্য কিংবা ব্যর্থতা—
জিদান: মাঠে আমরা সবটুকু দিতে না পারলেই আসবে ব্যর্থতার প্রশ্ন। ফাইনালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ভালো প্রস্তুতি নেওয়া। এরপর যেকোনো কিছুই হতে পারে। আমরা যেভাবে প্রস্তুতি নিই, সেভাবেই নেব। দেখা যাক, শনিবার কী হয়! আপাতত এই পর্যন্ত আসতে পেরে, খেলোয়াড়-সমর্থকদের সঙ্গে এই মুহূর্তটা ভাগাভাগি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।
* সিমিওনেকে নিয়ে—
জিদান: তিনি অসাধারণ কাজ করছেন। ইউরোপে, এমনকি সারা বিশ্বেই সেরা কোচদের একজন। ফুটবল নিয়ে তাঁর জানাশোনা অনেক, নিজের দলকেও ভালোভাবেই চেনেন। কী করতে হবে, সে সম্পর্কেও পরিষ্কার ধারণা আছে। এগুলোই মূল ব্যাপার, যা তাঁকে অসাধারণ কোচদের ছোট্ট তালিকায় রাখছে। একজন কোচের যা যা গুণ থাকা দরকার, সবই তাঁর আছে। তবে প্রতিপক্ষ কে সেটি বিষয় নয়, ফাইনালে হার মেনে নেওয়া সব সময় কঠিন। এ নিয়ে ভাবছিও না। যা ভাবছি তা হলো, ম্যাচটির জন্য কীভাবে প্রস্তুত হওয়া যায়, আর মাঠে কীভাবে ভালো খেলা যায়।
* ফাইনালের আগে দলের ফর্ম ও ফিটনেস—
জিদান: ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে কোনো সমস্যা নেই, সে শতভাগ ফিট হয়েই ফাইনালে নামবে। শুধু সতর্ক থাকতেই গত শনিবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে ও খেলেনি। আজ (গতকাল) একবার ও কেমন আছে, সেটা পরীক্ষা করব। তবে ও শনিবারের জন্য পুরো প্রস্তুত থাকবে। হামেস (রদ্রিগেজ) আগের চেয়ে ভালো আছে, (আলভারো) আরবেলোয়াও। একটাই খারাপ খবর, ভারানে গুরুতর চোট পেয়েছে। আমরা ভালো ফর্ম নিয়েই ম্যাচটা খেলতে যাব, সেটাই হওয়া উচিত। তবে ম্যাচের আগের ফর্মে কিছু যায়-আসে না।
* ম্যাচের ভেন্যু সান সিরো নিয়ে—
জিদান: ইতালি সম্পর্কে বেশ ভালো ধারণা আছে আমার, মাঠটিকেও ভালো চিনি। ওখানে দুর্দান্ত কিছু ম্যাচ খেলেছি। রোমার বিপক্ষে ম্যাচের (শেষ ষোলো) পর আবারও ইতালিতে ফিরছি, ভালোই লাগছে। আমি শুধু নিজেকে ভাগ্যবান ভাবছি এ কারণে যে, এই অসাধারণ ক্লাবটি আর দুর্দান্ত কিছু খেলোয়াড়কে নিয়ে সেখানে ফাইনাল খেলতে যাচ্ছি।
* বার্নাব্যুতে লিগে ডার্বি ম্যাচে হার (ওই ম্যাচে রিয়াল ১-০ তে হেরেছিল, রিয়ালের দায়িত্ব নিয়ে প্রথম হার)—
জিদান: ওই ম্যাচ খেলেছি দুই মাস হয়ে গেছে। এরপর আমরা অনেক কাজ করেছি। মৌসুমের এমন সুন্দর একটা সময়ে ফাইনাল খেলতে যাচ্ছি। শুধু এতটুকু বলতে পারি, ভালো একটা ম্যাচ হবে।
* লা লিগা ও কাপ ডাবল, নাকি চ্যাম্পিয়নস লিগ—কোনটা গুরুত্বপূর্ণ?
জিদান: আমাদের সামনে এখন শুধু চ্যাম্পিয়নস লিগ ফাইনালই আছে। এখন শুধু এ নিয়ে ভাবছি আমরা, অন্য কিছু নয়।
* খেলোয়াড় হিসেবে জেতা শিরোপাগুলো এই শিরোপাটির সঙ্গে বদল করবেন—
জিদান: ওগুলো আমি অদল-বদল করতে পারব না। কীভাবে করব? যা জিতেছি, তা তো জিতেছিই। আশা করছি, সামনে আরও ভালো কিছু হবে। শনিবার আমরা সবাই মিলে জিততে চেষ্টা করব।