‘দেখা হবে’—আবাহনী অধিনায়ককে মোহনবাগান অধিনায়ক

আবাহনী অধিনায়ক নাবীবকে বার্তা পাঠিয়েছেন মোহন বাগানের অধিনায়ক প্রীতম কোটালছবি : সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেখা হবে!’

কাল রাতে আবাহনী অধিনায়ক নাবিব নেওয়াজকে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তাটি পাঠিয়েছেন কলকাতার এটিকে মোহনবাগানের অধিনায়ক প্রীতম কোটাল।

কাল শ্রীলঙ্কার ব্লুস্টার ক্লাবকে মোহনবাগান ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পরেই নিশ্চিত হয়ে গেছে, ১৯ এপ্রিল আবাহনীর মুখোমুখি হতে হবে তাদের। তাই নাবিবকে প্রীতমের বার্তা পাঠানো। বিষয়টি আজ প্রথম আলোকে বললেন নাবিব।

এতটুকু পড়ে মনে হতে পারে, বুঝি নাবিবকে ‘কলকাতায় আসিস, তোদের দেখে নেওয়া হবে’ জাতীয় হুমকিস্বরূপ কোনো বার্তা দিয়েছেন প্রীতম। আসলে তা নয়।

দুই বাংলার জনপ্রিয় দুই দলের অধিনায়ক প্রীতম ও নাবিব দুজনে খুব ভালো বন্ধু। গত বছর এপ্রিলে নাবিব কলকাতায় পায়ের অস্ত্রোপচার করাতে গেলে তাঁকে হাসপাতালে নানাভাবে সহায়তা করেন প্রীতম।

এএফসি কাপে আবাহনীর ম্যাচের একটি মুহুর্ত
ফাইল ছবি : প্রথম আলো

মোহনবাগান অধিনায়কের স্ত্রী সোনেলা পলও ছিলেন নাবিবের হাসপাতালের দিনগুলোর সঙ্গী। এবার খেলার সৌজন্যে বন্ধুর সঙ্গে আবার দেখা হওয়ার সুযোগ।

তবে সেটি মাঠে নামার আগ পর্যন্ত। ১৯ এপ্রিল সল্ট লেক স্টেডিয়ামে জিতবে যারা, তাদের হাতেই উঠবে এএফসি কাপের গ্রুপ পর্বের টিকিট। এখন সে ম্যাচেই আবাহনীর পুরো মনোযোগ।

অধিনায়ক নাবিব বলছিলেন, ‘গত রাতে শ্রীলঙ্কার ক্লাবটির বিপক্ষে মোহনবাগানোর খেলা দেখেছি। ওরা খুব শক্তিশালী দল। ওরা নিজেদের মাঠে খেলবে। আমাদের জিততে হলে অনেক পরিশ্রম করতে হবে। ওদের হারানোর সামর্থ্য আমাদের আছে।’

যদিও মোহনবাগানের বিপক্ষে আবাহনীর অতীত রেকর্ড ভালো নয়। ১৯ এপ্রিল যে সল্ট লেক স্টেডিয়ামে খেলাটি হবে, সে মাঠেই ২০১৭ সালের এএফসি কাপে মোহনবাগানের কাছে ৩-১ গোলে হেরেছিল আবাহনী।

ফিরতি পর্বে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে করেছিল ১-১ গোলে ড্র। অবশ্য দুই বছর পর ভারতের দুই ক্লাবকে পেছনে ফেলে এএফসি কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আন্তআঞ্চলিক পর্বে জায়গা করে নিয়েছিল আবাহনী।

২০১৯ সালে ভারতের চেন্নাইয়িন এফসিকে দুবার হারিয়েছে আবাহনী। ভারতের আরেকটি দল মিনার্ভা পাঞ্জাবের বিপক্ষে একটি ম্যাচে ড্র করলেও অন্যটিতে জিতেছিল মারিও লেমোসের দল।

এএফসি কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে আবাহনী
ছবি: প্রথম আলো

ভারতের ক্লাবকে কীভাবে হারাতে হয়, সেটি ভালোই জানা লেমোসের। পর্তুগিজ এই কোচ বলছিলেন, ‘এএফসি কাপে আমাদের কিছু ভালো সাফল্য আছে। মোহনবাগানের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য ফাইনাল।

এই মৌসুমে এরই মধ্যে আমরা দুটি ফাইনালে (স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ) জিতেছি। আমার বিশ্বাস প্রস্তুতিটা ভালো হলে মোহনবাগানের বিপক্ষে আমাদের খুব ভালো সুযোগ আছে।’

নিজেদের আত্মবিশ্বাসের ওপর জোর দিলেন লেমোস, ‘মোহনবাগানের মতো শক্তিশালী দলকে হারাতে হলে একটা দল হয়ে খেলতে হবে আমাদের। তাদের খেলার জন্য কোনো সুযোগ দেওয়া যাবে না। আর আমাদের খেলতে হবে খুব আত্মবিশ্বাস নিয়ে।’