উসমান দেম্বেলের চুক্তি নবায়ন নিয়ে বেশ ভালোই যন্ত্রণায় পড়েছে বার্সেলোনা। যদিও আপাতত দেম্বেলের জন্য দলের দরজা বন্ধ করতে রাজি নন বার্সেলোনার কোচ জাভি। চাইছে, আলোচনা সমঝোতার মাধ্যমে দুই পক্ষই যেন ঐক্যমত্যে পৌঁছাতে পারে। আপাতত দেম্বেলের প্রতি অসন্তুষ্টও নন জাভি, এমনটাই খবর।
কিন্তু তাই বলে অন্যান্য ক্লাব বসে থাকবে কেন? চুক্তি নিয়ে বার্সেলোনা-দেম্বেলে একমত হতে পারছে না শুনেই আগ্রহী ক্লাবগুলো দেম্বেলের ব্যাপারে খোঁজখবর দেওয়া শুরু করেছে। আপাতত সে তালিকায় সবচেয়ে এগিয়ে আছে চেলসি।
কিলিয়ান এমবাপ্পে কি রিয়াল মাদ্রিদে যাওয়ার ব্যাপারে আলোচনা শুরু করে দেবেন? আর্লিং হরলান্ড কি ডর্টমুন্ড ছাড়বেন? স্কাই ইতালিয়াকে বিতর্কিত সাক্ষাৎকার দেওয়ার পর লুকাকুকে কি চেলসি দলে রাখবে? হ্যারি কেইন কি অবশেষে টটেনহাম ছাড়তে পারবেন? কুতিনহো কি বার্সায় থাকতে পারবেন? লিভারপুল-ম্যানচেস্টার সিটি কাকে কিনছে এবার? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন?
এমন আরও হাজারো দলবদলের গুঞ্জনে মুখরিত ফুটবলপাড়া। এ রকম অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। আবার কিছু কিছু প্রশ্নের উত্তর, কিছু দলবদল-ধাঁধা থেকে যাবে অমীমাংসিত। ইউরোপীয় ফুটবলে শীতকালীন দলবদল শুরু হয়েছে এর মধ্যেই। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে গোটা জানুয়ারি মাস জুড়ে। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কে কে এখনো করেননি কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা এক নজরে দেখে নেওয়া যাক—
রিয়াল মাদ্রিদ
২০২৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করতে চলেছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদরিচ
বার্সেলোনা
বার্সেলোনার ডাচ স্ট্রাইকার লুক ডি ইয়ংকে ছয় মাসের ধারে দলে আনতে চাইছে তুরস্কের ক্লাব বেসিকতাস। একই প্রস্তাব দিয়েছিল স্প্যানিশ ক্লাব কাদিজও। কিন্তু ডি ইয়ং যেতে রাজি হননি
আতলেতিকো মাদ্রিদ
রাইটব্যাক কিয়েরান ট্রিপিয়ের ক্লাব ছাড়বেন কি না, সে সিদ্ধান্ত ট্রিপিয়ারের ওপরেই ছেড়ে দিয়েছেন আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে। টটেনহামের সাবেক এই রাইটব্যাককে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে নিউক্যাসল ইউনাইটেড
লিভারপুল
আগামী গ্রীষ্মে এসি মিলানের আইভোরিয়ান মিডফিল্ডার ফ্র্যাঙ্ক কেসিকে দলে টানার জন্য আলচনা শুরু করে দিয়েছে লিভারপুল। মিলানের সঙ্গে কেসির চুক্তির আর ছয় মাস বাকি আছে
চেলসি
বার্সেলোনার ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলের মুখপাত্রের সঙ্গে দলবদলের ব্যাপারে কথাবার্তা বলা শুরু করেছেন চেলসির কর্তাব্যক্তিরা
ম্যানচেস্টার ইউনাইটেড
রিভার প্লেটের আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে দলে পেতে ১ কোটি ৮০ লাখ পাউন্ড খরচ করতে রাজি ম্যানচেস্টার ইউনাইটেড
টটেনহাম হটস্পার
আগামী গ্রীষ্মে চুক্তি শেষ হয়ে যাচ্ছে অধিনায়ক উগো লরিসের। যে কারণে লরিসকে নেওয়ার জন্য আগ্রহও দেখিয়েছে ফরাসি ক্লাব নিস। কিন্তু অধিনায়কের সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী টটেনহাম। কোচ আন্তোনিও কন্তেও সরাসরি জানিয়েছেন, লরিসের মতো বিশ্বমানের এক গোলকিপারকে দলে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টাই করবে টটেনহাম। ওদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ গোলকিপার ডিন হেন্ডারসনের ব্যাপারে খোঁজখবর নিয়েছে টটেনহাম
নিউক্যাসল ইউনাইটেড
আতলেতিকোর রাইটব্যাক কিয়েরান ট্রিপিয়েরের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ওদিকে আর্সেনাল থেকে ধারে স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংকেও দলে আনতে চাইছে তারা। বেনফিকার উরুগুইয়ান স্ট্রাইকার দারউইন নিউনেজকে ৫ কোটি পাউন্ডের বিনিময়ে দলে টানতেও আগ্রহ আছে তাদের
জুভেন্টাস
জুভেন্টাসের সুইডিশ মিডফিল্ডার দেয়ান কুলুসেভস্কিকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে লন্ডনের দুই ক্লাব আর্সেনাল ও টটেনহাম। জুভেন্টাস জানিয়ে দিয়েছে, কুলুসেভস্কিকে নিতে হলে আগ্রহী ক্লাবকে ২ কোটি ৯৪ লাখ পাউন্ড খরচ করতে হবে। ছয় মাসের ধার চুক্তিতে পিএসজি থেকে আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি আসতে পারেন জুভেন্টাসে
নাপোলি
সাড়ে পাঁচ বছরের চুক্তিতে নাপোলি ছেড়ে কানাডার ক্লাব এফসি টরন্টোতে নাম লেখাচ্ছেন উইঙ্গার লরেঞ্জো ইনসিনিয়া। বছরে ১ কোটি ১০ লাখ ইউরো বেতন পাবেন তিনি। ওদিকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে ইংলিশ ডিফেন্ডার এক্সেল তুয়ানজেবেকে দলে আনছে নাপোলি
এএস রোমা
আর্সেনালের ইংলিশ উইংব্যাক এইনসলি মাইটল্যান্ড-নাইলসকে দলে নেওয়ার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে এএস রোমা। ২০২৩ সালে আর্সেনালের সঙ্গে চুক্তি শেষ হবে এই ফুটবলারের
বায়ার্ন মিউনিখ
ফরাসি মিডফিল্ডার মিকায়েল কুসাঞ্চকে ইতালিয়ান ক্লাব ভেনেজিয়ার কাছে বিক্রি করে দিচ্ছে বায়ার্ন মিউনিখ
অন্যান্য
সাসসুয়োলো থেকে ২ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে আতালান্তায় নাম লেখাচ্ছেন আইভোরিয়ান উইঙ্গার জেরেমি বগা।
সর্বশেষ সম্পাদিত দলবদল
ভিতালি মাইকোলেঙ্কো : লেফটব্যাক, ইউক্রেন (দিনামো কিয়েভ থেকে এভারটন, ১ কোটি ৭৭ লাখ পাউন্ড)
ভ্যান্ডারসন : রাইটব্যাক, ব্রাজিল (গ্রেমিও থেকে মোনাকো, ৯৩ লাখ পাউন্ড)
সম্পাদিত উল্লেখযোগ্য দলবদল
ফেরান তোরেস : উইঙ্গার, স্পেন (ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা, ৪ কোটি ৬৩ লাখ পাউন্ড)
জোনাথন ইকোনে : উইঙ্গার, ফ্রান্স (লিল থেকে ফিওরেন্তিনা, এক কোটি ৩০ লাখ পাউন্ড)
রাফিনিয়া আলকানতারা : মিডফিল্ডার, ব্রাজিল (পিএসজি থেকে রিয়াল সোসিয়েদাদ, ধার)