দেল বস্কের নতুন সংকট

কখনো কখনো একটা পরাজয় এঁকে দেয় অনেকগুলো প্রশ্নচিহ্ন। একটা হারই দিতে পারে যুগবদলের ডাক। বিশ্বকাপে হল্যান্ডের কাছে পাঁচ গোলের লজ্জা, পরে প্রথম রাউন্ডেই বিদায়ে ছোটখাটো একটা বিপ্লবই হয়ে গেছে লা রোজাদের দলে। মধ্যমাঠের দীর্ঘদিনের যোদ্ধা জাভি ও জাবি আলোনসো বিদায় নিয়েছেন, ইকার ক্যাসিয়াসের জায়গাটা প্রশ্নবিদ্ধ। এমনিতে মেসিডোনিয়ার সঙ্গে ঘরের মাঠের ম্যাচ নিয়ে খুব বেশি উদ্বেগের কারণ নেই। কিন্তু আজ শুরু ইউরো ২০১৬-এর বাছাই অভিযান ভিসেন্তে দেল বস্কের জন্য অন্য রকম একটা পরীক্ষাই।
ব্রাজিল বিশ্বকাপ দেল বস্ককে দেখিয়েছে কোচের আপাত ফুল বিছানো রাস্তায় হঠাৎই কাঁটা এসে পড়তে পারে। এখন এই কাঁটা সরিয়েই চলতে হবে বিশ্বকাপ ও ইউরোজয়ী কোচকে। দিতে হবে পরীক্ষা। সেই পরীক্ষার পূর্বপ্রস্তুতি কিন্তু ভালো হয়নি। প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে হারটা দেখিয়ে দিয়েছে, ‘নতুন’ স্পেনের যূথবদ্ধ হতে আরও বেশি সময় দরকার।
আজ সামনে মেসিডোনিয়ার মতো পুঁচকে দল হলেও দেল বস্কের কপালে এটিও ভাঁজ বাড়িয়ে দিচ্ছে অন্য কারণে। এমনিতেই গোল-খরা অনেক আগে থেকেই উদ্বেগের নাম, বিশ্বকাপ বাছাইয়েও আট ম্যাচে স্পেন গোল পেয়েছিল মাত্র ১৪টি। তার ওপর আজ চোটের জন্য খেলতে পারছেন না চেলসি স্ট্রাইকার ডিয়েগো কস্তা। দেল বস্কের দলে এখন স্বীকৃত স্ট্রাইকার শুধু ভ্যালেন্সিয়ার পাকো আলকাসার। অনেকের কাছেই নামটা অচেনা। এতে এটি পরিষ্কার, ভীষণ রকম স্ট্রাইকার-সংকটে আছে স্পেন!
সমস্যা আছে আরও। জাভি নেই, মাঝমাঠে আজ ইনিয়েস্তাও থাকছেন না চোটের কারণে। স্পেন কি টিকি-টাকা ধরন থেকে সরে আসবে? ডেভিড সিলভা কিন্তু এই ধারণাটা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন, ‘এ রকম খেলেই আমরা দুবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও একবার বিশ্বকাপ জিতেছি। আমাদের নিজেদের খেলার ধরন বদলানোর কোনো দরকার নেই। সেস্ক (ফ্যাব্রিগাস), আন্দ্রেস (ইনিয়েস্তা), আমিসহ আরও অনেকেই এতে অভ্যস্ত। নতুনরা ধীরে ধীরে আমাদের সঙ্গে খাপ খাইয়ে নেবে।’
চাপে আছেন রয় হজসনও। ইংল্যান্ডও স্পেনের মতো প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে বিশ্বকাপে। গত সপ্তাহে প্রীতি ম্যাচে নরওয়ের সঙ্গে কষ্টার্জিত জয়ের পর ইংলিশ সংবাদমাধ্যমের কঠোর সমালোচনায় ঠান্ডা মাথার হজসন পর্যন্ত মেজাজ হারিয়ে বসেছিলেন। সেই ইংল্যান্ড ইউরোর বাছাইয়ে আজ মুখোমুখি সুইজারল্যান্ডের। নিজের ওপর থেকে চাপ কমানোর জন্যই হয়তো ইংল্যান্ড কোচ বলছেন, ‘সুইসদের সঙ্গে ৩ গোলে জিতলেই আমরা ইউরো ২০১৬-তে চলে যাচ্ছি না। আবার হারা মানেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে না।’ এবার ২৪ দল খেলবে ইউরোর মূল পর্বে, নিশ্চিতভাবে উত্তীর্ণ হবে প্রতিটি গ্রুপের সেরা দুটি দল। গ্রুপে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ এই সুইজারল্যান্ডই। সুতরাং হজসন যেমন বলেছেন ‘হারা মানেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে না’, সেটি ঠিক। তবে বড় জয় পেলে সুবিধাই হবে ইংল্যান্ডের। এএফপি, গার্ডিয়ান।