দেশমের চাকরি হুমকির মুখে নয়

ফ্রান্স দলের কোচ দিদিয়ের দেশমছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু রাতে কী এক পাগলাটে ম্যাচই না উপহার দিয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ড। ইউরোর কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সকে সুইজারল্যান্ড হারাবে, তা সুইসদের পাঁড় ভক্তরাও হয়তো আশা করেননি।

ফ্রান্সের যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন, সুইজারল্যান্ড সেখানে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল রাশিয়ার কাছে হেরে। এমন দুই দলের লড়াই ১২০ মিনিটেও নিষ্পত্তি হলো না। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতল সুইজারল্যান্ড!

ইউরোর শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর কোচ দিদিয়ের দেশমের সমালোচনা শুরু হয়েছে। তাঁকে ফ্রান্সের কোচ হিসেবে দেখতে চাচ্ছেন না অনেকে। ধারণা করা হচ্ছিল, দেশমকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

কিন্তু ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রায়েত জানিয়েছেন, ইউরো থেকে ফ্রান্সের আগেভাগে বিদায়ে দেশমের কোচের চাকরি হুমকির মুখে পড়বে বলে তিনি মনে করেন না।

ফ্রান্স অলিম্পিক কমিটির সঙ্গে সভায় বসেছিলেন নোয়েল। সেখানে দেশমের চাকরি নিয়ে শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের উত্তরে নোয়েল বলেন, ‘না, আমি তা মনে করি না। অবশ্যই আমরা এ নিয়ে জটিলতা তৈরি করতে চাই না। আমাদের কথা বলা দরকার।’

ইউরোর শেষ ষোলো থেকে বিদায়ের পর খেলোয়াড়দের সঙ্গে দিদিয়ের দেশম।
ছবি: রয়টার্স

ফ্রান্সের দুটি বিশ্বকাপ জয়ের সঙ্গেই জড়িয়ে আছে দেশমের নাম। ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতার পর ২০১৮ সালে জিতেছেন কোচ হিসেবে। ২০১২ সাল থেকে ফ্রান্সের দায়িত্ব দেশমের কাঁধে। ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের সঙ্গে চুক্তি আছে তাঁর।

বাস্তবতা মেনে নিয়েই দেশমের প্রতি আস্থা রাখতে চান ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি, ‘দেশমের প্রতি আমার আস্থা আছে। ফুটবলের সমস্যাগুলো আমি জানি। অল্প কিছুতে অনেক কিছু ঘটে যায়।’

এক গোলে পিছিয়ে যাওয়ার পর একটি মুহূর্তে ম্যাচে ৩-১ গোলে এগিয়ে ছিল ফ্রান্স। শেষে দিকে দুই গোল হজম করায় ৩-৩ গোলে সমতায় ফিরতে বাধ্য হয় ফ্রান্স। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানেও নিষ্পত্তি না হলে শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরেছে ফ্রান্স। স্বাভাবিকভাবেই হতাশ নোয়েল, ‘৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর ধরে নিয়েছিলাম আমরা জিতে গিয়েছি। কোয়ার্টার ফাইনালে না উঠতে পারাটা খুবই হতাশার। ফুটবল যে অনিশ্চয়তার খেলা, সেটি সবাই বলবে।’