দেশমের চূড়ায় ওঠার হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশেল প্লাতিনির কীর্তিধন্য ১৯৮৪ ইউরো বাদ দিলে ফুটবল মাঠে যা কিছু ফরাসি সৌরভ ছড়িয়েছে, তাতে লেগে আছে ধূসর চুলের এই ভদ্রলোকের ছোঁয়া। ১৯৯৩ সালে ফ্রান্সের প্রথম ও একমাত্র ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল অলিম্পিক মার্শেই। দিদিয়ের দেশম ছিলেন সেই দলের অধিনায়ক। পাঁচ বছর পর দেশের মাটিতে স্বপ্নের সেই বিশ্বকাপ, আবারও কান্ডারি দেশম চুমু খেলেন ট্রফিতে। দুই বছর পর ইউরোতেও দেশমের ফ্রান্সের জয়জয়কার। ‘পয়া’ দেশমে কি আজ আরও একবার হাসবে ফ্রান্স?

দেশমের ভূমিকা এবার অবশ্য বদলে যাচ্ছে। আগের তিনবার ছিলেন মাঠে, এবার রুদ্ধশ্বাস সময় কাটবে ডাগ-আউটের পাশে। খেলোয়াড় হিসেবে জিনেদিন জিদানের মতো মন ভোলানো ফুটবল কখনো খেলতে পারেননি। কোচের ভূমিকায় ধুরন্ধর ট্যাকটিশিয়ান হিসেবে সুনামও তেমন নেই। তবে এই ইউরোতে যা করছেন, সবই যেন তাঁর পক্ষে যাচ্ছে। ফ্রেঞ্চ মিডফিল্ডার দিমিত্রি পায়েত তাই কোচের অদৃশ্য ‘সোনার কাঠি’ ছুঁইয়েই কল্পনায় দেখছেন ট্রফিটি, ‘তিনি সবকিছুই জিতেছেন, এটা আমাদের জন্য বড় একটা সুবিধা। এ পরিস্থিতিতে তিনি আগেও এসেছেন, কী করতে হবে সেটা তাই ভালোই জানেন।’

১৯৯৮ সালে দেশমের ফ্রান্সের কোচ ছিলেন আইমে জ্যাক। বিশ্বকাপজয়ী কোচেরও দেশমের ওপর অসীম আস্থা, ‘অধিনায়ক হিসেবে সে আগেও এই পরিস্থিতি সামলেছে। আমি নিশ্চিত, পর্দার আড়ালে সবকিছুই সে খুব ভালোমতো নিয়ন্ত্রণ করছে। কী করতে হবে, দিদিয়ের সেটা খুব ভালো করেই জানে।’

এই টুর্নামেন্টে দেশমের বেশ কিছু ফাটকাই কাজে লেগে গেছে। কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত করিম বেনজেমাকে দলে নেননি, দলে ফিরতে চাওয়া ফ্রাঙ্ক রিবেরিকেও উপেক্ষা করেছেন। ২৩ জনের দল ঘোষণার সময়ই দেশম বলেছিলেন, ‘২৩ জন সেরা খেলোয়াড়কে বাছাই করা আমার লক্ষ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল টুর্নামেন্টে অনেক দূর যেতে পারে, এমন একটা দল বেছে নেওয়া।’

ইউরো শুরুর পরও বারবার একাদশকে উল্টেপাল্টে দেখেছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার গ্রিজমানকে দ্বিতীয় ম্যাচে বসিয়ে রেখেছিলেন। টুর্নামেন্ট শুরুর আগে ফ্রান্সের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারা পগবাকেও। প্রতি ম্যাচেই প্রথম একাদশে কোনো না কোনো পরিবর্তন করেছেন। ফ্রান্স বা দেশমের সৌভাগ্য, তাঁর সবকিছুই কাজে লেগেছে। ফাইনালে ওঠা নিয়ে দেশম অবশ্য বাইরে থেকে একেবারেই নির্লিপ্ত। জার্মানির বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর বলেছেন, ‘এই জয় খেলোয়াড়দের জন্য, কিন্তু এখনো একটা ম্যাচ বাকি।’

দেশের জার্সি গায়ে তুলতে পারার গর্বটা মনে করিয়ে দিয়ে উজ্জীবিত করতে চেয়েছেন খেলোয়াড়দের, ‘ফ্রান্সের জার্সি পরতে পারা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এটা বিরাট একটা দায়িত্বও বটে। এবার খেলোয়াড়েরা সেটা উপলব্ধি করতে পেরেছে। আমি সে জন্যই অনেক গর্ব বোধ করছি।’

খেলোয়াড় ও কোচ হিসেবে ইউরো জয়ের কীর্তি আছে শুধু জার্মানির বার্টি ফোটসের। আজ দেশমের সামনেও সেই চূড়ায় ওঠার হাতছানি। রয়টার্স।