দেশি কোচরা যেন সংখ্যালঘু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেড এবার কোচ করেছে হল্যান্ডের লুই ফন গালকে। এর অর্থ এই নয়, ইংল্যান্ডে ভালো কোচ নেই। ক্লাব নিজেদের পছন্দে যে কাউকেই কোচ করতে পারে। ‘মুক্তবাজার অর্থনীতির’ মতো দেশের সীমারেখা বাধা হতে পারে না। বাংলাদেশের ক্লাবগুলোও তাই বিদেশি কোচ আনবে খুবই স্বাভাবিক।
কিন্তু উন্নত বিশ্ব আর বাংলাদেশে যোজন যোজন ব্যবধান। উন্নত বিশ্বের ক্লাব সব সুযোগ-সুবিধা নিশ্চিত করেই কোচ নিয়োগ দেয়। অথচ বাংলাদেশে ন্যূনতম সুযোগ-সুবিধাই বাংলাদেশের একজন কোচের কাছে আরাধ্য। কোচও সে অর্থে যাচাই-বাছাই না করেই আনা হয়। বেশির ভাগ ক্লাবই সস্তার কোচ নিয়ে আসে। এসেই তাঁরা হয়ে পড়েন ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দার।
তাতে কী, গত প্রিমিয়ার লিগে ১০ দলের মধ্যে ৫ ক্লাবেই ছিল বিদেশি কোচ। শেখ রাসেলের কোচ মারুফুল হক লিগের মাঝপথে চাকরি হারান। দেশি কোচের সংখ্যা তাই হয়ে যায় চার। এবারও পরিস্থিতি সেদিকেই মোড় নিচ্ছে, কয়েকটি ক্লাব এবারও বিদেশি কোচ আনতে তোড়জোড় শুরু করেছে।
সাম্প্রতিক বছরগুলোয় এই প্রথম মুক্তিযোদ্ধা হাত বাড়িয়েছে বিদেশি কোচের দিকে। গতবার ফেনী সকারে কাজ করা গাম্বিয়ান ওমর সিসের সঙ্গে তাদের কথাবার্তা বেশ এগিয়েছিল। শ্রীলঙ্কার পাকির আলী, ভারতের সৈয়দ নইমুদ্দিনও ছিল তালিকায়। দলটি এখন ইউরোপের কোচ আনার কথা বলছে। মজার ব্যাপার, আর্থিক সংকট থাকলেও প্রথমবারের মতো বিজেএমসির চোখও বিদেশি কোচের ওপর।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ জর্জ কোটানকে এরই মধ্যে নিশ্চিত করেছে আবাহনী। নিজেদের গতবারের মন্টেনেগ্রোর কোচ দ্রাগান দুকানোভিচ শেখ রাসেলের প্রথম পছন্দ। স্থানীয় কারও সঙ্গে সমঝোতা না হলে ব্রাদার্স হয়তো শেষ পর্যন্ত তাদের পুরোনো কোচ সৈয়দ নইমুদ্দিনের দিকে ঝুঁকতে পারে।
স্থানীয়দের কাজের ক্ষেত্র তাই কমছে। তাঁরা হয়ে পড়েেছন সংখ্যালঘু। গত তিন মৌসুমের কোচ শফিকুল ইসলাম মানিককে এবার যেমন ছেড়ে দিয়েছে মুক্তিযোদ্ধা। মানিক এখনো কোনো ক্লাব পাননি। পছন্দমতো না হলে তিনি হয়তো এবার ক্লাব কোচিং থেকে দূরে থাকতে পারেন। দেশের অন্যতম সেরা একজন কোচ বসে থাকা কি ঘরোয়া ফুটবলের জন্য মঙ্গলজনক?
সাবেক ফুটবলার, কোচ ও বিশ্লেষক গোলাম সারোয়ার টিপুর অভিমত, স্থানীয় কোচদের আরও কাজের সুযোগ দিতে হবে। তা না হলে দেশের ফুটবলের জন্য সেটি হবে অশনিসংকেত, ‘সাম্প্রতিক সময়ে কিছু শিক্ষিত কোচ পেয়েছি আমরা। কিন্তু তাদের কাজের ক্ষেত্রটা সংকুচিত হয়ে পড়লে নতুন কোচ তৈরি হবে না। জাতীয় দলে এখন যেমন স্ট্রাইকারের তীব্র সমস্যা, দেখা যাবে একসময় স্থানীয় কোচও হারিয়ে যাচ্ছে।’
ক্লাবগুলো বিদেশি কোচ আনতেই পারে। কিন্তু কী মানের কোচ আনা হচ্ছে, তাঁরা এসে দেশের ফুটবলকে কী দিচ্ছেন সেটিই বড় প্রশ্ন। সাধারণ মানের বিদেশি ফুটবলারের মতো সাদামাটা বিদেশি কোচরা সাম্প্রতিক সময়ে এ দেশে এসে ফুটবলকে নতুন কিছু দিয়েছেন এমন উদাহরণ খুবই কম।
বড় বাজেটের দল নিয়েও ক্যাপেলা মোহামেডানকে গত লিগে করেছেন চতুর্থ। লিগের মাঝপথে এসে দুকানোভিচের শেখ রাসেল ষষ্ঠ। যদিও মাঠে দলের সামগ্রিক ফলের জন্য দলীয় অব্যবস্থাপনাসহ অনেক কিছুই দায়ী। দলীয় ব্যবস্থাপনা ভালো ছিল বলেই তো দুকানোভিচের অধীনে শেখ রাসেল এএফসি প্রেসিডেন্টস কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল।
বাংলাদেশের ফুটবলে নির্মম বাস্তবতা, অনুশীলন করার জন্য কোচ একটা স্থায়ী মাঠ পান না। যাযাবরের মতো ছুটতে হয় নানা দিকে। তার পরও অনেক বড় দলই কোনোমতে একটা দল গড়ে জুড়ে দেয় বিদেশি কোচ। সমর্থকদের তখন কর্তারা বলতে পারেন, ‘আমরা তো চেস্টা করেছি, বিদেশি কোচ এনেছি’, এই হলো গড়পড়তা সাধারণ প্রবণতা।
শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী মানছেন যে এ থেকে বেরিয়ে আসাটা জরুরি, ‘নামমাত্র বিদেশি কোচ এনে লাভ নেই।’ তাঁর পরামর্শ, ‘অবশ্যই বিদেশি কোচ আনা যেতে পারে। তবে বাফুফের উচিত আগামী পাঁচ বছরের জন্য উয়েফা ‘এ’ লাইসেন্স বা সমমানের সনদধারী ভালো কোচ আনার বাধ্যবাধকতা বেঁধে দেওয়া।’
ভালো মানের কোচ এলে স্থানীয় কোচদের আপত্তি নেই। তবে বিদেশিদের সঙ্গে টক্কর দেওয়ার সুযোগ তাঁরা চান। মানিক সঙ্গে এটাও যোগ করলেন, ‘স্থানীয় কোচ কোনো টিমেই না থাকলে চ্যালেঞ্জটা নেবে কীভাবে? এখন তো স্থানীয় কোচরা সাইডলাইনে চলে গেছে। দেশি কোচরা ছোট দলে গিয়ে বড় দলের বিদেশি কোচের সঙ্গে টক্কর দিতে পারবে না। দেশি কোচদের অবশ্যই বড় দলে কাজ করার সুযোগ থাকতে হবে, তাহলেই চ্যালেঞ্জটা নেওয়া যাবে।’
সেই চ্যালেঞ্জ শুধু একা দেশি কোচদের নয়, বাংলাদেশের ফুটবলেরও।