দেশে গেলেন সেন্টফিট
আগেই বলেছিলেন সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য তাঁকে দেশে যেতে হবে। কালই তাই বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ টম সেন্টফিট।
১৭ আগস্ট ঢাকায় ফেরার কথা এই বেলজিয়ান কোচের। ওই দিন এসে প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডের খেলা দেখবেন তিনি। এই রাউন্ডের ম্যাচগুলো শেষ হলে ২১ আগস্ট থেকে শুরু করবেন জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ভুটানের সঙ্গে এশিয়ান গেমসের বাছাইয়ের প্লে-অফের প্রথম ম্যাচটি হবে আগামী ৬ সেপ্টেম্বর। এই ম্যাচ শেষে আবারও তাঁর দেশ থেকে ঘুরে আসার কথা। গত ২৭ জুলাই সেন্টফিটের সঙ্গে বাফুফের আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পেটের পীড়ার কারণে সেদিন চুক্তি সই করেননি সেন্টফিট। বাফুফের সঙ্গে একটি মৌখিক সমঝোতায় আপাতত তিন মাসের জন্য জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু সেন্টফিট চলে গেলেও বাফুফের অনেক কর্মকর্তার মনেই সংশয় আবারও তিনি ফিরবেন কি না! নাইজেরিয়া জাতীয় দলের কোচ হওয়ার সংক্ষিপ্ত তালিকায় আগেই ছিলেন। এরপর সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি ওয়েব পোর্টালে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, নাইজেরিয়ার কোচ হতে চান তিনি। নাইজেরিয়াকে তুলতে চান রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। বাংলাদেশে তিনি যে আর থাকছেন না, এই সংশয়টা আরও জোরালো হয় গত সপ্তাহে বাফুফের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি না করায়। তবে ওই দিনই তিনি পরিষ্কার করে দিয়েছেন, ‘এ মুহূর্তে বাংলাদেশ ছাড়া অন্য কোনো ক্লাব বা ফেডারেশনের কোচ হওয়ার প্রস্তাব তাঁর কাছে নেই।’