দেশে যাচ্ছেন ডি ক্রুইফ
এশিয়ান গেমসে বাংলাদেশের ফুটবল পর্ব শেষ। আপাতত জাতীয় দলের কোনো কাজও নেই। ঈদের পর শুরু হবে শ্রীলঙ্কার সঙ্গে দুটি প্রীতি ম্যাচের অনুশীলন ক্যাম্প। মাঝের এই সময়টুকু দেশে গিয়ে অসুস্থ বাবার পাশে থাকতে চান জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। তিনি তাই কাল দুপুরে ছুটি চাইতে এসেছিলেন ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের গুলশানের বাড়িতে।
জুরিখে ফিফার স্ট্যান্ডিং কমিটির সভা শেষে ঢাকায় ফেরার পর কাল কোচদের সময় দেন কাজী সালাউদ্দিন। ঠিক হয়েছে, আগামী দু-এক দিনের মধ্যে সহকারী কোচ রেনে কোস্টারকে নিয়ে ডি ক্রুইফ হল্যান্ড যাবেন। ৮ অক্টোবর ঢাকায় ফিরে পরদিন থেকেই জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু করার কথা তাঁর। বাফুফে সভাপতির কাছে এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের পর্যালোচনা করেছেন ডি ক্রুইফ।
আগামী ২৪ ও ২৭ অক্টোবর শ্রীলঙ্কার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি হবে যশোরে, দ্বিতীয় ম্যাচের ভেন্যু রাজশাহী।