দেশের কথাও ভেবেছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রাগো মামিচের মুখে চাঁদের হাসি যেন বাঁধ ভেঙে পড়ল। চাঁদের হাসি সাদ উদ্দিনের মুখেও। এএফসি কাপে টানা তিন হারে কোণঠাসা আবাহনী পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসিকে হারানোর পর এমন হাসিই স্বাভাবিক আবাহনীর কোচ-খেলোয়াড়দের মুখে।
৩ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ায় আবাহনী কোচ মামিচ পুরো কৃতিত্ব দিলেন খেলোয়াড়দের, ‘আজ শক্তিশালী দলের বিপক্ষে খেলেছি। ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি ভীষণ খুশি। এই জয়ের পুরো কৃতিত্বই ছেলেদের।’
৮০ মিনিটে ১০ জন হয়ে পড়ার পর ড্র করাটাই অনেক বড়। অথচ আবাহনী দুর্দান্ত এক জয় নিয়েই মাঠ ছেড়েছে। নাসির লাল কার্ড দেখে বেরিয়ে আসার সময় কী বার্তা দিয়েছিলেন ফুটবলারদের? মামিচ উত্তর দিলেন, ‘ছেলেদের বলেছিলাম যে আগের ম্যাচগুলোয় তোমরা যে ভুলগুলো করেছ, সেটা এই ম্যাচে করো না। কখনো আশা ছেড়ো না। বলেছি, তোমাদের হারানোর কিছু নেই। আমরা সুযোগের অপেক্ষায় ছিলাম। সেটা কাজে লাগিয়েছে ছেলেরা।’
আবাহনীর জয়ের অন্যতম কারিগর সাদ উদ্দিন। সিলেটে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপজয়ী দলের ফরোয়ার্ড। বছর দুয়েক আগে আফগানিস্তানের বিপক্ষে সাফের সেমিফাইনালে গুরুত্বপূর্ণ গোল করেছিলেন। গত মৌসুমে আবাহনীতে যোগ দিলেও একাদশে নিয়মিত খেলার সুযোগ হয়নি। চট্টগ্রামে গত ফেব্রুয়ারিতে শেখ কামাল টুর্নামেন্টেও খেললেও কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি। কাল বদলি হিসেবে নেমেই মিনিট তিনেকের মাথায় গোল করে এগিয়ে নেন আবাহনীকে। শুধু দল নয়, দেশের কথাটাও মাথায় ছিল সাদের, ‘যখন মাঠে নামি, এক মুহূর্তের জন্যও নার্ভাস হইনি। অ্যাওয়ে ম্যাচে হেরেছি বলে এই ম্যাচে ভালো কিছু করতে চেয়েছিলাম। শুধু ক্লাবের জন্যই না, আসলে দেশের জন্য খেলেছি। এ মুহূর্তে আমাদের ফুটবল অনেক পিছিয়ে আছে। আমরা ভালো করলে ফুটবলও এগোবে। আমি যখন নামি তখন আমার এসব কথাই মনে হচ্ছিল। গোল করতে পেরে ভীষণ ভালো লাগছে।’
ঘরের মাঠে জয় তুলে নেওয়ায় বেঙ্গালুরুর কোচ আলবার্তো রোকা অভিনন্দন জানালেন আবাহনীকে। তবে পয়েন্ট টেবিলে আরও ওপরে ওঠার সুযোগটা হাতছাড়া হওয়ায় হতাশ এই স্প্যানিয়ার্ড কোচ।