দেশের টানেই মামুনুলের ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবসর ভেঙে জাতীয় দলে ফেরা মামুনুলকে নিয়ে অনুশীলনে কোচ টম সেন্টফিট। কাল কমলাপুর স্টেডিয়ামে l ছবি: বাফুফে
অবসর ভেঙে জাতীয় দলে ফেরা মামুনুলকে নিয়ে অনুশীলনে কোচ টম সেন্টফিট। কাল কমলাপুর স্টেডিয়ামে l ছবি: বাফুফে

কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে বেশ কিছু স্থানীয় দর্শক। ভবনের তিনতলার বারান্দায় দাঁড়িয়ে অনুশীলন দেখছিলেন স্টেডিয়ামেই ক্যাম্প বানানো ফেনী সকার ও ভিক্টোরিয়ার ফুটবলাররা। সবার নজর জাতীয় ফুটবল দলের অনুশীলনে। ১০ অক্টোবর ভুটানের সঙ্গে এশিয়ান কাপের বাছাইয়ের প্লে-অফের ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কোচ টম সেন্টফিটের তাই দম ফেলার সময় নেই।
জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে দুই দিন আগে। কিন্তু প্রিমিয়ার লিগের সিলেট-পর্ব শেষে কাল অনুশীলনে যোগ দিয়েছেন ডাক পাওয়া চট্টগ্রাম আবাহনীর আট ফুটবলার। যে তালিকায় রয়েছেন অভিমানে-ক্ষোভে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া মামুনুল ইসলামও।
গত ২২ সেপ্টেম্বর মামুনুল জানিয়েছিলেন, ‘কোচ ডাকলে তবেই ফিরবেন।’ টম সেন্টফিট মামুনুলকে ডেকেছেন এবং ভুটানের সঙ্গে ফিরতি ম্যাচে যে খেলতে পারেন এই মিডফিল্ডার সেই আভাসও দিলেন, ‘মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে ম্যাচের আগে মামুনুল চোটে ছিল। তারপরও নৌবাহিনীতে খেলেছে। এ মুহূর্তে সে শতভাগ ফিট। ক্যাম্পে দিদারুল নেই, সে মাংসপেশিতে চোট পেয়েছে। আমরা মামুনুলকে দেখবে। সে দলের অংশ এবং ভুটানে যেতে পারে।’
অবসর নেওয়ার পর মামুনুল নাকি অনেক ভেবেছিলেন! নিজের এই কঠিন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন পরিবারের সদস্যদের সঙ্গে। কাল প্রথম অনুশীলনে যোগ দেওয়ার পর বললেন দেশের টানেই ফিরেছেন, ‘আমার ফিরে আসার দুটি কারণ। প্রথম কারণ ভুটানের সঙ্গে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। তা ছাড়া দেশের প্রতি একটা দায়বদ্ধতা আছে। অবসর নেওয়ার আগে পরিবারের অনেকের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলেছে এখনো যতটুকু পারো দেশকে দিয়ে যাও। এই গুরুত্বপূর্ণ সময়ে দেশকে কিছু দিতে পারলে ভালোই লাগবে।’
দেশকে কিছু দেওয়ার জন্য যেন উন্মুখ মামুনুল, ‘ভুটান ম্যাচে কোচ সুযোগ দিলে ভালো খেলতে চাই। ওই ম্যাচটি জিতলে সেটা আমাদের ফুটবলের জন্যই ভালো হবে।’ কিন্তু বাস্তবতা হচ্ছে, ভুটানের সঙ্গে অ্যাওয়ে ম্যাচে জয় পাওয়াটা সহজ হবে না। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭২১৮ ফুট উচ্চতায় খেলতে হবে বাংলাদেশ দলকে। কোচ সেন্টফিট তবু আশাবাদী, ‘উঁচুতে খেলতে আমরা অভ্যস্ত নই। এটা তাই কঠিন ম্যাচ হবে। আমি ভুটানে গিয়ে গোল পাওয়ার ওপর বেশি গুরুত্ব দিচ্ছি।’
গত ৬ সেপ্টেম্বর ঢাকায় হোম ম্যাচে ভুটানের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। তাই ফিরতি ম্যাচে ১-১ গোলে ড্র করলেও বাছাইপর্ব উতরে যেতে পারবে। ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য ৫ অক্টোবর চূড়ান্ত দল ঘোষণা করতে পারেন কোচ। বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ৭ অক্টোবর।