দেশের ফুটবল জেগেছে, আপনিও জাগুন!

‘বাংলাদেশের ফুটবল কোনো দিনই জাতে উঠবে না’। ‘এ দেশে আসলে ফুটবল বন্ধ করে দিয়ে অন্য কোনো খেলায় মনোযোগ দেওয়া উচিত।’
চায়ের আড্ডায়, ফেসবুকে, ব্লগে—বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা হলেই এই কথাগুলোই সবচেয়ে বেশি শোনা যায়। যাবে না-ই বা কেন! এই তো ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে মাত্র আট ম্যাচে ৩২ গোল হজম করল দল। ম্যাচপ্রতি চারটি করে গোল! এশিয়ান কাপের বাছাইপর্বেও হোম-অ্যাওয়ে দুই ম্যাচেই হেরে গেল তাজিকিস্তানের কাছে, ৬ গোল খেয়ে। জাতীয় দল নিয়ে হতাশা, আক্ষেপ থেকে ফুটবলপ্রেমীদের মনে এই কথাগুলো আসা অস্বাভাবিকও নয়।
তবে নতুন কিছুর আশা জাগিয়ে শুরু হওয়া এবারের প্রিমিয়ার লিগ এখন পর্যন্ত সেই হতাশা দূর করার গানই শোনাচ্ছে। দুদিন আগে শেষ হয়েছে লিগের প্রথম পর্ব, চট্টগ্রাম থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখন চলে এসেছে ময়মনসিংহে। শুধু চট্টগ্রাম থেকে ময়মনসিংহ নয়, ভ্রমণপথে পুরো বাংলাদেশেই কি ফুটবলের নতুন শুরুর স্বপ্নের রেণু ছড়ায়নি এই লিগ?
বলতে পারেন, মাত্র ১৮টি ম্যাচ হলো, তাতেই এত কথা!
না, এই ম্যাচগুলোতে কোনো রেনেসাঁ হয়ে যায়নি। সম্ভবও নয়। তবে এই ১৮টি ম্যাচই এমন কিছু দেখিয়ে গেছে, স্বপ্নচারী মন তাতে অমাবস্যা কাটিয়ে বাংলাদেশের ফুটবলে নতুন ভোরের ইঙ্গিত দেখতেই পারে।
কী ছিল না প্রিমিয়ার লিগের প্রথম পর্বে! সংখ্যা দিয়ে শুরু করা যাক। ১৮টি ম্যাচ হয়েছে, তাতে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের দর্শকেরা গোল দেখেছেন মোট ৪৪টি। ম্যাচপ্রতি গড়ে গোল হয়েছে ২.৪৪টি। কম কী! তুলনা শুনে হাস্যকর মনে হতে পারে, তবে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ প্রিমিয়ার লিগেও গত মৌসুমে ম্যাচপ্রতি গড়ে গোল হয়েছে ২.৭টি। তুলনা বাদ দিন, গোলের খেলা ফুটবলে দারুণ আক্রমণাত্মক ফুটবলই এখন পর্যন্ত উপহার দিয়েছে এবারের বিপিএল, তা নিশ্চয়ই বুঝতে পারছেন।
ম্যাচগুলোও হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা। এখন পর্যন্ত শুধু একটা ম্যাচই হয়েছে গোলশূন্য (মোহামেডান-ফেনী সকার), বাকি সব ম্যাচেই গোলের আনন্দে মেতেছেন দর্শকেরা। নামের ভারে ছোট-বড় দলের পার্থক্যটাও যেন বেমালুম হাওয়া। কোনো দলই বিনা যুদ্ধে এক ইঞ্চি জায়গা ছাড়তেও রাজি নয়। শেষ পর্যন্ত লড়ে যাচ্ছে গোলের নেশায়, ম্যাচ থেকে বাড়তি আদায় করে নেওয়ার প্রত্যয়ে। প্রমাণ? এখন পর্যন্ত ১৬টি গোল হয়েছে ম্যাচের শেষ ১৫ মিনিটে।
ফুটবলের মানও আগের চেয়ে অনেক ভালো হচ্ছে। প্রায় প্রতিটি ম্যাচেই হচ্ছে গতিময় ফুটবল। খেলায় পরিকল্পনার ছাপও স্পষ্ট। বিশেষ করে প্রথম পর্বে ঢাকা ও চট্টগ্রাম—দুই আবাহনীর ম্যাচ, চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানের ছয় গোলের ম্যাচগুলো তো এখনই প্রিমিয়ার লিগের বিজ্ঞাপন হয়ে ওঠার দাবি রাখে। এখনো সাফল্য না পেলেও ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল খেলাও নজর কেড়েছে বেশ।
চোখে লেগে আছে অনেকগুলো গোলও। ছয়-সাতটি গোল তো এমন ছিল, বিশ্বের সেরা লিগগুলোতেই এমন গোল দেখার সৌভাগ্য মেলে। বিশেষ করে রুবেল মিয়ার গোলটির কথা বলতেই হবে। স্বাধীনতা কাপেও সিজার কিকে গোল করে শিরোপা এনে দিয়েছিলেন চট্টগ্রাম আবাহনীকে। লিগেও আরেকবার চমক দেখালেন তরুণ স্ট্রাইকার। মোহামেডানের বিপক্ষে ছয় গোলের ম্যাচটিতে বক্সের ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে যে গোলটি করেছেন রুবেল, সেটিকে এরই মধ্যে লিগের সেরা গোলগুলোর মনোনয়নের দাবিদার বলছেন সবাই। ওই ম্যাচেই মোহামেডানের সজীবের গোলটিও বা কম কী! ঠিক রুবেলের মতো করেই, বক্সের ২০ গজ দূর থেকে বাঁ পায়ে বল জালে জড়িয়ে দিয়েছেন মোহামেডান স্ট্রাইকার। এ ছাড়া ফ্রি কিক থেকে ঢাকা আবাহনীর ইংলিশ মিডফিল্ডার লি টাক বা প্রথম পর্বের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার সোহাগের বাঁ পায়ের ফ্রি কিকটি তো ছিল বিশ্বমানের।
তবে এত সবকিছু ছাপিয়েও যে তথ্যটি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের তৃপ্তি দেবে, সেটি হলো লিগের গোলদাতার তালিকায় বাংলাদেশিদের দাপট। এখন পর্যন্ত যে ৪৪টি গোল হয়েছে, তাতে বাংলাদেশি স্ট্রাইকারদের গোল ২৪টি। বিদেশিদের ২০টি। লিগে মোট ৩২ জন গোলদাতার মধ্যে সবচেয়ে বেশি গোল অবশ্য মুক্তিযোদ্ধার আহমেদ মুসা কোলোর (৪টি)।
ইউরোপিয়ান মান তো দূরে থাক, এখনো এশিয়ার মানও বাংলাদেশের জন্য ‘দিল্লি বহুদূর’। তবে তেমন কোনো অবকাঠামো ছাড়াই, ক্লাবগুলোর অপেশাদার মনোভাবের মধ্য দিয়ে অন্তত জোড়াতালি দিয়ে হলেও তো চলছে ফুটবল। প্রিমিয়ার লিগের চট্টগ্রাম পর্ব অন্তত এই আশা দেখাচ্ছে, বাংলাদেশের ফুটবলের মান অনুসারে আগের বেশ ভালো হচ্ছে। অথচ গ্যালারি খাঁ খাঁ। ময়মনসিংহেও নাকি তেমন উৎসাহ-উদ্দীপনা নেই।
ফুটবলাররা আপনাদের জন্যই খেলে। আপনাদের জন্যই ঘাম ঝরায়। দেশের ফুটবল নিয়ে হাজারটা নেতিবাচক কথা বলা যাবে। তবে এই মুহূর্তে মাঠে যখন এত ভালো ফুটবল হচ্ছে, আপনি তখন ঘরে বসে কেন?