দেশের ফুটবল যা শিখতে পারে আরামবাগের কাছে

>
- স্বাধীনতা কাপের শিরোপা জিতেছে আরামবাগ ক্রীড়া সংঘ
- এই প্রথম দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে কোনো শিরোপা জিতল
- বয়সভিত্তিক প্রকল্পের সুফল পাচ্ছে আরামবাগ
- দেশের অন্যান্য শীর্ষ ক্লাব কোনোটিরই বয়সভিত্তিক দল নেই
দেশের ফুটবলের চিরকালীন মাঝারি সারির দল আরামবাগ ক্রীড়া সংঘ। কিন্তু এই দলটিই ইদানীং লজ্জা দিচ্ছে ‘ঐতিহ্যবাহী’ শীর্ষ শক্তিগুলোকে। নাহ্, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং, শেখ জামাল ধানমন্ডি, শেখ রাসেল ক্রীড়াচক্র কিংবা ব্রাদার্স ইউনিয়নের মতো ক্লাবগুলোকে টপকে স্বাধীনতা কাপ ফুটবলের শিরোপা জেতার জন্য নয়, ৬২ বছরের পুরোনো আরামবাগ লজ্জা দিচ্ছে দেশের ফুটবলের এই চরম দুঃসময়ে চিরাচরিত প্রথার বাইরে অবস্থান করেই।
একটা মাঝারি সারির দল চিরায়ত প্রথার বাইরে এমন কীই–বা করে বসল, যা লজ্জা দিচ্ছে বড় ক্লাবগুলোকে! আরামবাগ একাধিক বয়সভিত্তিক দল বানিয়েছে, যার সুফল মিলতে শুরু করেছে। বড় শক্তিগুলোকে টপকে স্বাধীনতা কাপ জয় তো তারই সুফল। আখেরে যেটি বড় ভূমিকা রাখবে দেশের ফুটবলে এই ‘তারকা-সংকটে’র সময় ভালো ফুটবলারের জোগান দিয়ে।
স্বাধীনতা কাপে আরামবাগ হারিয়েছে আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ও চট্টগ্রাম আবাহনীকে। হাল আমলে এই তিনটি দলই সবচেয়ে শক্তিশালী। জাতীয় দলের বেশির ভাগ ‘নাম জানা’ (চাইলে তারকা বলতে পারেন) ফুটবলারই খেলেন এই তিন ক্লাবে। আবাহনীকে কোয়ার্টার ফাইনালে আর শেখ জামালকে সেমিফাইনালে হারানোর পরই আরামবাগকে নিয়ে আলাদা করে আলোচনা শুরু হয়েছিল ফুটবল মহলে। ফাইনালে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচটি দেখে বোঝা গেল এই আলোচনার কারণটা কী। আরামবাগ বেশ কয়েকজন তরুণ ফুটবলারের আবির্ভাব ঘটিয়েছে, যাদের সম্মিলিত নৈপুণ্যই শিরোপা এনে দিয়েছে এ দলকে। মোহাম্মদ জুয়েল, আরিফ, সুফিলদের মতো তরুণেরা কিন্তু আরামবাগের বয়সভিত্তিক প্রকল্পেরই অংশ।
আবাহনী-মোহামেডানের মতো বড় ক্লাবগুলোকে দিয়ে এখনো বয়সভিত্তিক দল তৈরি করাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশের ফুটবলের এই সংকটের সময় ক্লাবের বয়সভিত্তিক দল যে জরুরি, সেটা ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সবাই অনুধাবন করতে পারলেও ক্লাবগুলো কেন যেন এ ব্যাপারটায় একেবারেই উদাসীন। আরামবাগ বিড়ালের গলায় ঘণ্টিটা বেঁধেছে—এটা প্রশংসা পেতেই পারে।
বয়সভিত্তিক দল বানিয়ে খেলোয়াড় তৈরি ও পরিচর্যা করার বিকল্প নেই। সারা দুনিয়ায় ফুটবলটা এভাবেই চলে, ইউরোপের শীর্ষস্থানীয় দেশগুলোর কথা বাদ দিন, আমাদের আশপাশের প্রায় সব দেশেই ফুটবল ক্লাবগুলো বয়সভিত্তিক দলে বানিয়ে নিজেদের ভিত মজবুত করেছে, ভালো মানের ফুটবলার তৈরিতে অবদান রাখছে। ফুটবল এখন এভাবেই চলে। আমাদেরও সেভাবেই চলতে হবে। আরামবাগকে ধন্যবাদ, বড় ক্লাবগুলোকে দৈন্য এভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য।
বাংলাদেশের ফুটবলের আরেকটি দুঃখ ফুটবলারদের ফিটনেসের সমস্যা। আরামবাগ দলটিই প্রথম দেশের ফুটবলে জিপিএস পদ্ধতি চালু করেছে। ফলে খেলোয়াড়দের ফিটনেস ভালো না খারাপ, সেটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না ক্লাবের। ফলে একজন ফুটবলারের ফিটনেস লেভেল বুঝে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া এখন সম্ভব।
আরও একটা ব্যাপার সবাইকে মুগ্ধ করছে আরামবাগ। গতকাল স্বাধীনতা কাপের ফাইনালে হাজার পাঁচেক দর্শক হাজির হয়েছেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দর্শক-খরার এই যুগে ঘরোয়া ফুটবলের একটি ম্যাচে এই পরিমাণ দর্শকই যেখানে বিরল, সেখানে আরামবাগের দর্শক আকর্ষণের বিষয়টি কিন্তু সবারই চোখে পড়েছে। ম্যাচ শুরুর আগেই বাদ্যিবাজনা বাজিয়ে গ্যালারিতে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছিল আরামবাগের সমর্থকেরা। তার মানে একটি সমর্থক-ভিত্তি তৈরি করতেও চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। একসময়ের বিপুল দর্শকপ্রিয় দুই ক্লাব আবাহনী-মোহামেডান যখন নিজেদের ম্যাচে দর্শক টানতে পারছে না; আরামবাগ কিন্তু এই জায়গায় ঠিকই বাজিমাত করছে।
আরামবাগ কিন্তু এসব ব্যাপারে নিজেদের কিছুটা এগিয়েই রাখল। অন্যরা তাদের অনুসরণ করলে তাতে লাভ দেশের ফুটবলেরই।