দেশের হয়ে 'শূন্য' হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ক্লাবের হয়ে অবিশ্বাস্য সব অর্জন। কিন্তু দেশের হয়ে কিছু জিততে না পারার আক্ষেপ নিয়ে কয়েক দিন আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ই বলে দিলেন লিওনেল মেসি। কিন্তু এ অভিজ্ঞতা কি শুধুই তাঁর একার? নৈপুণ্যে আর অর্জনে যাঁরা সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে থাকবেন, কিন্তু দেশের হয়ে বড় কোনো ট্রফি জিততে পারেননি—এমন কয়েকজনের আক্ষেপের গল্প

লিওনেল মেসি
লিওনেল মেসি

লিওনেল মেসি
আর্জেন্টিনা (২০০৫-১৬)
দেশের হয়ে কিছু না জেতার আক্ষেপ নিয়ে বিদায় নেওয়া কিংবদন্তিদের তালিকায় সর্বশেষ নামটা তাঁর। ক্লাব বার্সেলোনার হয়ে অসাধারণ সব কীর্তির কারণে অনেকেই তাঁকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মনে করেন, কারও কারও চোখে তিনিই সেরা! অথচ আর্জেন্টিনার হয়ে তিনটি কোপা আমেরিকা (২০০৭, ২০১৫ ও ২০১৬) ও একটি বিশ্বকাপের ফাইনাল খেলেও মেসি শিরোপাহীন। কখনো কোচের আজগুবি কৌশলের কারণে, কখনো সতীর্থদের ভুলে, কখনো বা নিজের ভুলের মূল্য দিয়ে শূন্য হাতেই ফিরতে হয়েছে। এ তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর নামটাও আসতে পারত। তবে পর্তুগিজ উইঙ্গার তো আর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেননি, তাই তাঁর দেশের হয়ে ট্রফি জেতার সম্ভাবনাও শেষ বলে দেওয়া যাচ্ছে না।

ফেরেঙ্ক পুসকাস
ফেরেঙ্ক পুসকাস

ফেরেঙ্ক পুসকাস
হাঙ্গেরি (১৯৪৫-৫৬)
তাঁকে ডাকা হতো ফুটবলের ‘দ্য গ্যালোপিং মেজর’। তাঁর সময়ের হাঙ্গেরির খ্যাতি ছিল ‘দ্য ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স’ হিসেবে। পঞ্চাশের দশকে তাঁর হাঙ্গেরিকে এখনো ফুটবল ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা দল মানেন সবাই। টানা চার বছর অপরাজিত থেকে ১৯৫৪ সালে ফিফা ইতিহাসের সর্বোচ্চ রেটিং নিয়ে শীর্ষে উঠেছিল তারা, ৪২ জয় আর ৭টি ড্রয়ের পর যাদের একমাত্র পরাজয়টি ছিল ১৯৫৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে! আর সেটাই হয়ে গেল পুসকাসের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপ্রাপ্তি। এর আগের বিশ্বকাপটা হাঙ্গেরি খেলেনি, পরের বিশ্বকাপে পুসকাস ছিলেন না। রিয়াল মাদ্রিদের হয়ে ট্রফির পর ট্রফি জিতেছেন, দেশের হয়ে ৮৫ ম্যাচে ৮৪ গোল করেও তাই তাঁকে বিদায় নিলে হলো খালি হাতে।

ইউসেবিও
ইউসেবিও

ইউসেবিও
পর্তুগাল (১৯৬১-৭৩)
দুর্দান্ত গতি আর গোল করার অবিশ্বাস্য দক্ষতার জন্য তাঁকে ডাকা হতো ‘কালো চিতা’। ১৯৬১ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত পর্তুগালের জার্সি গায়ে ৬৪টি ম্যাচ খেলে ইউসেবিও করেছিলেন ৪১টি গোল। তবে আক্ষেপ একটাই, কখনো বিশ্বকাপ জিততে পারেননি, জেতা হয়নি ইউরোও। তাঁর সময়ে ইউরোতে সুযোগই পায়নি পর্তুগাল, বিশ্বকাপ খেলেছে একবারই—১৯৬৬ সালে। ওই বিশ্বকাপে তৃতীয় স্থানই এখন পর্যন্ত পর্তুগালের সর্বোচ্চ অর্জন। সেবারের বিশ্বকাপে সর্বোচ্চ ৯ গোল করে গোল্ডেন বুটও জিতেছিলেন মোজাম্বিকে জন্ম নেওয়া এই কিংবদন্তি। কিন্তু বেনফিকার হয়ে এত অর্জনের পরও পর্তুগালের জার্সিতে আক্ষেপই তাঁর সঙ্গী।

জর্জ বেস্ট
জর্জ বেস্ট

জর্জ বেস্ট
উত্তর আয়ারল্যান্ড
(১৯৬৪-৭৭)
জর্জ বেস্টকে বলা হয় কখনোই বিশ্বকাপ না খেলা সর্বকালের সেরা ফুটবলার। শুধু বিশ্বকাপ নয়, ফুটবলীয় শক্তির বিচারে খর্বশক্তির দল উত্তর আয়ারল্যান্ডে জন্মেছিলেন বলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও খেলা হয়নি কখনো। অথচ এই বেস্টই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ লিগ জিতেছেন, জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। উত্তর আয়ারল্যান্ডের ফুটবলপ্রেমীরা তাই এখনো গর্ব করে বলে, ‘ম্যারাডোনা গুড, পেলে বেটার, জর্জ বেস্ট৷’

ইয়োহান ক্রুইফ
ইয়োহান ক্রুইফ

ইয়োহান ক্রুইফ
হল্যান্ড (১৯৬৬-৭৭)
দুর্ভাগ্য ইয়োহান ক্রুইফের, তাঁর সেরা সময়ের অনেকটা জুড়েই হল্যান্ড ফুটবল যেন শীতনিদ্রায় ছিল। যে কারণে ক্রুইফ বিশ্বকাপ খেলেছেন মাত্র একটি, ইউরোতেও একবার। ১৯৭৪ বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল রানার্সআপ হয়ে, ১৯৭৬ ইউরোতে তৃতীয় হওয়া ডাচ দলের সদস্য ছিলেন। অথচ আয়াক্স ও বার্সেলোনায় তাঁর কীর্তি রূপকথাতুল্য। ১৯৫৪ বিশ্বকাপে পুসকাসের হাঙ্গেরির সঙ্গে অনেক দিক দিয়েই মিল ছিল ১৯৭৪ সালে ক্রুইফের হল্যান্ডের। পুসকাসদের মতো ক্রুইফরাও ছিলেন ফাইনালের আগ পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। হাঙ্গেরির মতো হল্যান্ডও হারে ফাইনালে আগে গোল করে, প্রতিপক্ষও সেই জার্মানি। পরের বিশ্বকাপটা খেলতে পারতেন, কিন্তু নিজের রাজনৈতিক দর্শনের কারণে ১৯৭৮ সালে আর্জেন্টিনায় ওই বিশ্বকাপ খেলতেই যাননি ক্রুইফ।

জিকো
জিকো

জিকো
ব্রাজিল (১৯৭৬-৮৬)
স্বয়ং পেলে বলেছিলেন, আমার কাছাকাছি আসতে পারে এমন কেউ যদি থাকে তবে সেটা জিকো। অনেকের চোখে তিনি ‘সাদা পেলে’। তিনবার দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার। তিনটি বিশ্বকাপ (১৯৭৮, ১৯৮২ ও ১৯৮৬) খেলেছেন, কিন্তু তাঁর সময়ে ব্রাজিল একবারও বিশ্বকাপের ফাইনালেই যেতে পারেনি! অথচ ১৯৮২ বিশ্বকাপের ব্রাজিলকে সর্বকালের অন্যতম সেরা দলের একটা ধরা হয়। দেশের হয়ে ৭১ ম্যাচে ৪৮ গোল করা জিকো কখনো ফাইনাল খেলতে পারেননি কোপা আমেরিকারও। ১৯৭৮ বিশ্বকাপে ব্রাজিল তৃতীয় হয়েছিল, তৃতীয় হয়েছিল ১৯৭৯ সালের কোপা আমেরিকায়ও। ব্রাজিলের জার্সিতে এটাই জিকোর বলার মতো সাফল্য!