দেড় দশক পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলার জন্য মামুনুল-এমিলিরা এখন সিলেটে। কাল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা ছবি l প্রথম আলো
বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলার জন্য মামুনুল-এমিলিরা এখন সিলেটে। কাল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা ছবি l প্রথম আলো

স্মৃতিতে ধুলো জমেছে। বাফুফের উদ্যোগে সেই ১৯৯৯ সালে দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ হয়েছিল। প্রথমটি ১৯৯৬ সালে। দীর্ঘ ১৫ বছর পর বাফুফের আয়োজনে আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী পরশু। এটিও বঙ্গবন্ধু কাপ, এবার নাম অবশ্য বঙ্গবন্ধু গোল্ডকাপ।
একসময় আগাখান ও প্রেসিডেন্ট গোল্ডকাপ বেশ নাড়া দিত বাংলাদেশের ফুটবলকে। এ দুটি টুর্নামেন্টেরও আয়োজক ছিল বাফুফে। কিন্তু দুটিই এখন স্মৃতির পাতায়। বঙ্গবন্ধু কাপও হিমাগারে চলে গিয়েছিল, সেটির পুনর্জন্ম হচ্ছে এবার।
বাফুফের উদ্যোগে ১৯৮৯ সালে সর্বশেষ হয়েছিল প্রেসিডেন্ট গোল্ডকাপ। আশির দশকে এই টুর্নামেন্টটি বেশ কয়েকবার করেছে বাফুফে। এর আগে হয়েছে চারটি আগাখান গোল্ডকাপ, শুরু ১৯৭৫ সালে। প্রথম আগাখান গোল্ডকাপ অবশ্য থেকে গিয়েছিল অসমাপ্ত। পরের তিনটি ১৯৭৭ ও ১৯৭৯, ১৯৮১ সালে।
১৯৭৭ সালে আগাখান গোল্ডকাপে মোহামেডানের হয়ে খেলা আবদুল গাফফার কাল ফিরে গেলেন পেছনে, ‘সে দারুণ এক অভিজ্ঞতা। গোটা মাঠ ভরে যেত দর্শকে।’ মোহামেডানে খেলা আরেক ফুটবলার বাদল রায়ের স্মৃতিটাও একই রকম। সেই উজ্জ্বল দিনগুলো আজও অমলিন এই খেলোয়াড়দের কাছে।
ফিফা-এএফসির কিছু টুর্নামেন্টও হয়েছে এ দেশে। এই তালিকার শীর্ষে ১৯৭৮ সালে ঢাকায় এশিয়ান যুব ফুটবল, তাতে খেলে ২০টি দল। দলের সংখ্যার দিক থেকে বাংলাদেশে এ পর্যন্ত সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট ওটাই।
২০০৬ সালে ঢাকা ও চট্টগ্রামে এএফসি চ্যালেঞ্জ কাপে খেলেছে ১৬টি দল। তবে এশিয়ান যুব ফুটবলের মতো এটিও বাফুফের নিজস্ব টুর্নামেন্ট নয়। নিজস্ব আয়োজনে আগাখান, প্রেসিডেন্ট গোল্ডকাপ ও বঙ্গবন্ধু কাপ।
এই আয়োজন নিয়ে আছে অনেক গল্প, অনেক আলোচনা-সমালোচনা। দ্বিতীয় বঙ্গবন্ধু কাপে ব্রাজিল থেকে আসা দলটি যেমন বিস্তর হাস্যরসের খোরাক জুগিয়েছিল। রিও ডি জেনিরো একাদশ নামে এসে দলটি ঢাকায় বল-বুট কিনেছে! সে সময়ের বাফুফের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ অবশ্য এর প্রতিবাদ করলেন, ‘অনেকে বলছেন ব্রাজিল থেকে খারাপ দল এসেছে, তাদের হাসাহাসি করেছে। কিন্তু তারা সেমিফাইনাল খেলেছে।’
বাফুফের উদ্যোগে হওয়া সব টুর্নামেন্টের সঙ্গেই যুক্ত ছিলেন হারুনুর রশিদ। তাঁর স্মৃতিচারণা, ‘তখন দল আনতাম বেশি। দুটি বঙ্গবন্ধু কাপেই ১২টি করে দল খেলেছে। এর আগে দুটি আগাখান গোল্ডকাপে টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি ছিলাম। পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মাস তিনেক পর আগাখান গোল্ডকাপ হয়, সেবার রাজনৈতিক নানা পটপরিবর্তনের মধ্যে আবাহনী ও পাঞ্জাব পুলিশের ম্যাচটা পড়ে যায়, সেটি আর শেষ হয়নি। শেষ আগাখান গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাদার্স।’
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় প্রেসিডেন্ট গোল্ডকাপ শুরু। এটির শেষ আসর ১৯৮৯ সালে চ্যাম্পিয়ন বাংলাদেশ লাল, ফাইনালে হেরেছিল দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয় দল। সেই ফাইনালের অন্যতম নায়ক শেখ মোহাম্মদ আসলামের স্মৃতিচারণা, ‘ফাইনালে কোরিয়া ইউনিভার্সিটি দলের সঙ্গে ১ গোলে পিছিয়ে আমার গোলে সমতায় আসে বাংলাদেশ লাল। পরে আমরা টাইব্রেকারে জিতি।’
এমন সাফল্যের পর লম্বা বিরতি। ১৯৯৬ সালের ৩১ ডিসেম্বর বঙ্গবন্ধু কাপ শুরু। ১৯৯৭ সালের ১০ জানুয়ারি ফাইনাল। কলকাতার ইস্ট বেঙ্গল, মোহামেডান, উজুনপান্ডাং (ইন্দোনেশিয়া), বার্ক সিরাজ এফসি (ইরান), নীল ও লাল (মালয়েশিয়া), ফ্রেন্ডস ক্লাব (নেপাল), কসমস (রাশিয়া), অল স্টার (থাইল্যান্ড), আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা খেলেছে এতে। চ্যাম্পিয়ন মালয়েশিয়া লাল, রানার্সআপ উজুনপান্ডাং।
১৯৯৯ সালের ২৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ দেখে বাংলাদেশ। হাঙ্গেরি, মালয়েশিয়া, ব্রাজিল, থাইল্যান্ড, জাপান, কোরিয়া, ঘানা, উজবেকিস্তান, কুয়েত, নেপাল, ইন্দোনেশিয়ার একটা করে দল আসে। হারুন জানাচ্ছেন, ‘তখন সংশ্লিষ্ট দলে সে দেশের জাতীয় দলের পাঁচজন খেলোয়াড় থাকার শর্ত রেখেছিলাম আমরা।’ তবে ঘটনা হলো, অনেক দলই সেই শর্ত মানেনি।
এবার বাফুফের প্রত্যাশা থাকলেও একটি ছাড়া বাকি চারটি বিদেশি দলই জাতীয় দল পাঠাচ্ছে না। তাতে কী, ১৫ বছর পর আন্তর্জাতিক টুর্নামেন্টের বন্ধ দুয়ার তো খুলছে!