দোনারুমা বনাম জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এটা হতেই পারে না। ওদের বেলায়ই সব সময় এমন হয়।’
রাগে গজরাতে গজরাতে মাঠ ছাড়ার সময় কথাগুলো বলছিলেন জিয়ানলুইজি দোনারুমা। তাঁর রাগ রেফারির ওপর, কিছুটা জুভেন্টাসের ওপরও। ম্যাচজুড়ে তাঁর অবিশ্বাস্য সব সেভ যে ভেস্তে গেল ৯৭ মিনিটে বিতর্কিত এক পেনাল্টিতে! সেটি আর ঠেকাতে পারেননি এসি মিলান গোলকিপার, তাঁর দলও পরশু জুভেন্টাসের মাঠে হেরে গেছে ২-১ গোলে।
৩০ মিনিটে দিবালা-আলভেসের সমন্বয়ের পর মেধি বেনাতিয়ার দুর্দান্ত গোলে এগিয়ে যায় জুভেন্টাস, ১৩ মিনিট পরই প্রতি আক্রমণে কার্লোস বাক্কার গোলে সমতায় ফেরে মিলান। দোনারুমা-বীরত্বে ম্যাচটা মিলান ড্র করে ফিরবে বলেই মনে হচ্ছিল, কিন্তু যোগ করা সময়ের নাটকীয়তায় তা আর হয়নি। ৯৩ মিনিটে লাল কার্ড দেখেন মিলানের হোসে সোসা, ৯৭ মিনিটে মিলান ডিফেন্ডার মাতিয়া ডি সিলিওর হাতে বল লাগলে জুভেন্টাস পায় পেনাল্টি। বিতর্কও এ নিয়ে। লিখস্টেইনার ক্রসটা করার সময় ডি সিলিও ছিলেন একেবারে কাছাকাছি, তাঁর হাতও শরীরের সঙ্গে লেগে ছিল। হাত সরাবেন, সে সময়ই তো পাননি।
পেনাল্টি থেকে পাওলো দিবালার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভরা। ম্যাচ শেষে এ নিয়েই খ্যাপা ছিলেন দোনারুমা। অবশ্য এত দুর্দান্ত খেলেও দলকে হেরে যেতে দেখলে খেপে যাওয়ারই কথা। হিগুয়েইন-দিবালা-পিয়ানিচ-পিয়াকাদের একের পর এক শট অবলীলায় ফিরিয়ে দিয়েছেন, সেভ করেছেন মোট নয়টি। অন্য গোলপোস্টে কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফনকে দর্শক বানিয়েই পরশু দোনারুমা আরেকবার প্রমাণ করলেন, কেন তিনি কিংবদন্তি গোলকিপারের যোগ্য উত্তরসূরি।
মিলান হারলেও তাই এই ম্যাচের নায়ক একজনই, কদিন আগে ১৮-তে পা দেওয়া দোনারুমা! ইএসপিএন।