দৌড় দেওয়া সিমিওনেকে ঢিল মেরে ‘গুডবাই’

ম্যাচ শেষে দৌড়ে টানেলের দিকে যাচ্ছেন ডিয়েগো সিমিওনেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওল্ড ট্র্যাফোর্ডে শেষ বাঁশি বাজার পরের দৃশ্য। নিজের প্রথা বজায় রেখে যথারীতি টানেলের দিকে দৌড় দেন আতলেতিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। বাজে ভাষায় তাঁকে 'বিদায়' জানান ম্যানচেস্টার ইউনাইটেডের কিছু সমর্থক।

কারণ? চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো থেকে বাদ পড়েছে ইউনাইটেড। প্রথম লেগ ১-১ গোলে ড্রয়ের পর আজ ঘরের মাঠে ফিরতি লেগে ১-০ গোলের হার।

দুই লেগ মিলিয়ে ২-১ গোলের হারে প্রতিপক্ষ দলের কোচকে 'বিদায়' জানাতে মুখে মধুবর্ষন না হওয়াই স্বাভাবিক। তাই বলে ঢিল? কাঁচের বোতল ও ক্যান ছুড়ে 'লক্ষ্যভেদে'র চেষ্টা!


সিমিওনে দৌড়ে টানেলের দিকে যাওয়ার সময় এমন কিছুই দেখা গেল। ওপরের সারিতে ইউনাইটেড সমর্থকদের গ্যালারি থেকে বোতল ছুড়ে মারা হয় তাঁর প্রতি।

প্রথম ঢিলটি সিমিওনে এড়াতে পারলেও পরেরটি তাঁর গায়ে লেগেছে। আর্জেন্টাইন এই মেজাজি কোচ অবশ্য কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাননি। দৌড়ে টানেলের ভেতর ঢুকে যান।

ম্যাচ শেষে নিজের প্রথা মেনেই ইউনাইটেড কোচ রালফ রাংনিকের সঙ্গে হাত মেলাননি আতলেতিকো কোচ। গত বছর লিভারপুলের বিপক্ষে ম্যাচের পর দলটির কোচ ইয়ুর্গেন ক্লপের সঙ্গে হাত না মেলানোর পর সমালোচনা হলে ব্যাখ্যা দিয়েছিলেন সিমিওনে, 'ম্যাচ শেষে আমি কখনো হাত মেলাই না। এটা আমার অপছন্দ। যে হেরেছে এবং যে জিতেছে, তাদের মধ্যে হাত মেলানোটা ঠিক ভালো দেখায় না। আমার এটাই মনে হয়।'

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ওঠার পর খেলোয়াড়দের প্রশংসা করেন সিমিওনে, 'পানি থাকুক বা না থাকুক, এই দলটা এখন সুইমিং পুলে আরাম করবে। দল যখন, একটা দল হয়ে খেলে আমার খুব ভালো লাগে। গোলটা এগিয়ে দিলেও বিরতির পর আমরা সবাই একতাবদ্ধ হয়ে খেলেছি, যা এই মৌসুমে অন্যতম সেরা।'

ইউনাইটেড কোচ রালফ রাংনিক অবশ্য আতলেতিকোর সময় নষ্ট করার 'অভ্যাস' এর সমালোচনা করলেন, 'দ্বিতীয়ার্ধ কঠিন ছিল, একটু পর পরই খেলায় বিঘ্ন ঘটেছে। কেউ না কেউ মাঠে পড়ে ছিল। রেফারিদের কিছু সিদ্ধান্ত নিয়েও আমার কৌতহূল আছে। বলব না এসব পার্থক্য গড়ে দিয়েছে, তবে সময় অপচয়ের অভ্যাসটা রেফারি ধরতে পারেনি। আর ৪ মিনিট যোগ করা সময় তো হাস্যকর।'