দ্বন্দ্বে জড়িয়ে ফুটবল ছাড়ছেন মারুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারটাকে উজ্জ্বলভাবে টেনে নিয়ে যেতে পারতেন আরও কয়েক বছর। কিন্তু নিজ দল মুক্তিযোদ্ধার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে খেলাই ছেড়ে দিচ্ছেন মিডফিল্ডার মারুফ আহমেদ। কাল নিজেই বললেন, ‘আমি আর ফুটবল খেলব না।’
ক্লাবের ম্যানেজার জাতীয় দলের সাবেক ডিফেন্ডার ফিরোজ মাহমুদ টিটুর সঙ্গে তুঙ্গে উঠেছিল মারুফের বিরোধ। টিটুর বিরুদ্ধে খেলোয়াড়দের কাছ থেকে কমিশন খাওয়াসহ নানা অভিযোগ তুলেছেন। ক্লাবের আরেক কর্মকর্তাও নাকি এর সঙ্গে জড়িত। তবে ক্লাব কর্তৃপক্ষের ভাষ্য, তদন্ত করে এসব অভিযোগের সত্যতা মেলেনি। অভিযোগকারীর বিরুদ্ধেই উল্টো অভিযোগ এনেছে মুক্তিযোদ্ধা ক্লাব।
সেই অভিযোগগুলো এমন—মারুফ ক্লাবে গ্রুপিং করেন, এ বছর এনামুলকে অধিনায়ক করায় তাঁর বিরুদ্ধে জোট পাকান। ক্লাবের কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন। তাঁর আচরণ ভালো নয়, অহেতুক সবকিছুতে নাক গলিয়ে ক্লাবে শৃঙ্খলা ভাঙেন। গোটা ব্যাপারটা নিয়ে কয়েক মাস ধরে অস্থিরতার মধ্যে ২৩ জুন কঠোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। মারুফের সঙ্গে লিগের মাঝপথেই চুক্তি বাতিল করা হয়েছে।
বিভিন্ন বয়সভিত্তিক দল পেরিয়ে জাতীয় দলের জার্সি গায়ে দুটি ম্যাচ খেলা মারুফের দাবি, ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হয়েছে। আমি যা বলেছি সবই সত্য। ক্লাব বলেছে, তারা তদন্ত করে আমার অভিযোগের সত্যতা পায়নি। কোনো তদন্তই তো হয়নি। টিটু ও আরেকজন কর্মকর্তার বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ তোলায় অন্যায়ভাবে আমাকে শাস্তি দেওয়া হয়েছে।’
সব অভিযোগ অস্বীকার করে মারুফকেই বরং কাঠগড়ায় তুলছেন ম্যানেজার টিটু, ‘ও কিছুদিন ধরে যা করেছে, এককথায় ক্ষমার অযোগ্য। ও চেয়েছে, ওর মতো করে ক্লাব চলবে। অধিনায়কত্ব না পেয়ে গ্রুপিং করেছে। মিথ্যা-ভিত্তিহীন অভিযোগ এনেছে, তদন্ত করে ক্লাব কিছুই পায়নি। এই শাস্তিটা ওর প্রাপ্যই।’
কারণ যা-ই হোক, ২০০২ সালে ঘরোয়া ফুটবল শুরু করা মারুফ খেলেছেন মোহামেডান, শেখ রাসেলের মতো দলেও। তাঁর অকাল অবসর মানে অভিজ্ঞ এক মিডফিল্ডারকে হারাবে বাংলাদেশের ফুটবল।