দ্বাদশ খেলোয়াড়ের খোঁজে মামুনুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিরঘিস্তানের বিপক্ষে দর্শকদের প্রেরণা চান মামুনুল ছবি: প্রথম আলো
কিরঘিস্তানের বিপক্ষে দর্শকদের প্রেরণা চান মামুনুল ছবি: প্রথম আলো

কিরঘিস্তানের বিপক্ষে দলে দ্বাদশ ব্যক্তির খোঁজ করছেন বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম। ব্যাপারটা ঠিক বোঝা গেল না, তাই না? এগারো জনের খেলা ফুটবলে মামুনুল অতিরিক্ত খেলোয়াড় নিয়ে খেলতে চাচ্ছেন কেন? দেশের সেরা মধ্যমাঠ সৈনিক অবশ্য দ্বাদশ খেলোয়াড়টিকে মাঠে নিয়ে নামবেন না, তিনি তার অস্তিত্ব চান বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে। আগামী ১১ জুন কিরঘিস্তানের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দর্শকদেরই এই দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সাবেক সোভিয়েত ব্লকের এই প্রতিপক্ষ দলীয় সামর্থ্যে বাংলাদেশের চেয়ে যে বেশ খানিকটা এগিয়ে আছে মামুনুল সেটা জানেন। এগিয়ে থাকলেও মামুনুল মনে করেন দলটির শক্তিমত্তা বাংলাদেশের নাগালের মধ্যেই। সে কারণেই দর্শকদের শরণাপন্ন বাংলাদেশ অধিনায়ক। তিনি মনে করেন, ঘরের মাঠে দর্শকদের অকুণ্ঠ সমর্থন আর প্রেরণা এই ম্যাচে বাংলাদেশকে কিরঘিজদের সঙ্গে পার্থক্য কমিয়ে আনতে দারুণ ভূমিকা রাখবে।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ বেশ কঠিন গ্রুপেই খেলছে। অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষ আছে বাংলাদেশের গ্রুপে। আছে জর্ডানের মতো এশিয়ার অন্যতম শীর্ষ ফুটবল-শক্তি। কিরঘিস্তান ও তাজিকিস্তান গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ। বাংলাদেশ নিজেদের লক্ষ্যও সাজিয়েছে এই দুটি দলকে কেন্দ্র করে। এই দুটো দলের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচকেই বোধগম্য কারণেই তাই পাখির চোখ করেছে লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা। কিরঘিস্তান ও তাজিকিস্তানের বিপক্ষে খেলার অতীত অভিজ্ঞতা থেকেই মামুনুল বলেন, এই দুটি দলকে হারানোর সামর্থ্য আমাদের অবশ্যই আছে। দরকার কেবল মাঠে গিয়ে নিজেদের সেরা খেলাটা। আর এই ‘সেরা খেলা’র জন্য দর্শকদের খুব বড় ভূমিকা দেখছেন তিনি।
সিঙ্গাপুর আর আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতিম্যাচে যেসব দুর্বলতা দেখা গেছে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে সেই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছে পুরো দল। মামুনুল বলেন, ‘দল হিসেবে আমাদের কিছু বদ অভ্যেস আছে। সেই বদ অভ্যেসগুলো আমাদের ফুটবলকে ঠিক সেভাবে চেনাতে পারছে না। আমরা শেষের দিকে গোল খেয়ে যাই। খুব চেষ্টা করছি গোটা দলকে এই মানসিক বন্দীদশা থেকে বের করে নিয়ে আসতে। বঙ্গবন্ধু কাপের ফাইনালে আমরা ইনজুরি সময়ে গোল খেয়ে হেরেছি। সর্বশেষ দুটো প্রীতিম্যাচের ফলেও ফুটে উঠেছে শেষের দিকের দৈন্য। বিশ্বকাপ বাছাইয়ের দুটো ম্যাচের আগে ব্যাপারটাকে কাটিয়ে উঠতেই হবে আমাদের।
প্রতিপক্ষ কিরঘিস্তানকে সম্পর্কে মামুনুলের ধারণা সেই ২০০৮ সালে। সেবার এএফসি চ্যালেঞ্জ কাপে বিশকেকে (কিরঘিজ রাজধানী) দলটির মোকাবিলা করেছিল বাংলাদেশ। জাহিদ হাসান এমিলির গোলে এগিয়ে থাকলেও শেষ দশ মিনিটে দুটো গোল খেয়ে হারতে হয়েছিল বাংলাদেশকে। মামুনুল বলেন, বিশকেকে প্রচণ্ড ঠান্ডার মধ্যে খেলা হয়েছিল। যে বদ অভ্যেসের কথা বললাম, সেই বদ অভ্যেসের কারণেই সে ম্যাচটা আমরা হেরেছিলাম।’
কিরঘিস্তান গত এগারো মাস কোনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেনি। এই সময়টায় নাকি তারা নিজেদের দলকে পুনর্গঠন করেছে। এই ব্যাপারটাকেই ভয় পান মামুনুল, ‘এই দলটার সাম্প্রতিক কোনো চিত্র আমাদের কাছে নেই। যে সব ভিডিও পাচ্ছি, তার সবই পুরোনো। হালকা একটা ধারণার ওপর দাঁড়িয়ে আমাদের রণকৌশল তৈরি করতে হচ্ছে। প্রাকৃতিক কারণেই দলটা শারীরিক দিক দিয়ে শক্তিশালী হবে। আমাদের কাজ হবে কেবল নিজেদের উজাড় করে দেওয়া।’
আগামী ১১ জুন বিকেল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে কিরঘিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি খেলতে আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পা রাখছে দলটি। ১৬ জুন পরের ম্যাচ তাজিকিস্তানের বিপক্ষে।