আগের সিদ্ধান্ত অনুযায়ী ২০ জুন নয়, প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে ২৬ জুন। শেখ জামাল ধানমন্ডি, মুক্তিযোদ্ধা এবং ফরাশগঞ্জ ক্লাবের অনুরোধেই লিগের দ্বিতীয় পর্ব পেছাল ছয় দিন।
শেখ জামালের বেশির ভাগ খেলোয়াড়ই জাতীয় দলের খেলায় ব্যস্ত। মুক্তিযোদ্ধা ২৪ জুন আগরতলায় ত্রিপুরা রাজ্যদলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে। আর ফরাশগঞ্জ পেছানোর অনুরোধ জানিয়েছে নতুন নির্বাচিত কমিটি দায়িত্ব নেওয়ায়।
ভেন্যু নিয়ে ভজকট লেগেই আছে বাফুফের। দ্বিতীয় পর্বে মুক্তিযোদ্ধা তাদের হোম ভেন্যু গোপালগঞ্জকে পাচ্ছে না। মাঠ খেলার উপযোগী নয়—বাফুফের মাঠ পরিদর্শক দল এমনটাই নাকি জানিয়েছেন লিগ কমিটিকে! ঢাকার বাইরে একমাত্র ভেন্যু চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে হবে খেলা। ঢাকায় সব ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে। রোজার জন্য সূচি কিছুটা বদলানো হয়েছে—বিকেল সাড়ে ৪টায় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলা। লিগ শেষ হবে ১০ আগস্ট।
প্রিমিয়ার লিগের পর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে চ্যাম্পিয়নশিপ লিগ। দলবদল ১-১৬ আগস্ট পর্যন্ত। চ্যাম্পিয়নশিপ লিগে বাফুফের একাডেমি দল শেষ পর্যন্ত থাকছে না বলে জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। সে ক্ষেত্রে ৯টি দল নিয়ে শুরু হবে চ্যাম্পিয়নশিপ লিগ। প্রথমবার বাংলাদেশ পুলিশ দল চ্যাম্পিয়নশিপ লিগে সুযোগ পাচ্ছে বলে উচ্ছ্বসিত বাফুফের সদস্য এবং পুলিশের পদস্থ কর্মকর্তা মারুফ হাসান, ‘পুলিশ প্রথমবার পেশাদার আসরে খেলবে, এটা খুবই খুশির খবর। এ জন্য আমরা দলটিকে ঢেলে সাজিয়েছি। পুলিশের সদস্য ছাড়াও বাইরের ফুটবলারদেরও দলে নিতে চাই।’