দ্বিতীয় ম্যাচেও জয়শূন্য ম্যানচেস্টার সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার সিটি-রোমা ম্যাচের একটি দৃশ্য ছবি: এএফপি
ম্যানচেস্টার সিটি-রোমা ম্যাচের একটি দৃশ্য ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হেরে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। সেটা ছিল মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। কিন্তু কাল নিজ মাঠ ইতিহাদেও জয়শূন্যই রইল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাজয়ীরা। ইতালীয় ক্লাব রোমার সঙ্গে পেলেগ্রিনির শিষ্যরা ড্র করেছেন ১-১ গোলে।
সিটি-রোমার ম্যাচটা হয়েছে বেশ অদ্ভুতই। পুরো খেলায় সিটির আধিপত্য থাকলেও তারা গোলে শট নিতে পেরেছে মাত্র দুবার। অন্যদিকে রোমা বেশির ভাগ সময় বলের পেছনে দৌড়ালেও চারটি শটসহ ম্যাচের শেষের দিকে এমন দুটি সুযোগ তৈরি করেছিল, যা তাদের এনে দিতে পারত দারুণ এক জয়। এ ব্যাপারে কোচ পেলেগ্রিনির বড় ধরনের একটা অভিনন্দনই পেতে পারেন সিটির গোলরক্ষক জো হার্ট।
খেলার চতুর্থ মিনিটেই পেনাল্টি গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ডি-বক্সের মধ্যে সিটি ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোকে রোমার ডিফেন্ডার মাইকন ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ওই আগুয়েরোই।
২৩ মিনিটেই রেকর্ড গড়ে রোমাকে ম্যাচে ফেরান ফ্রান্সেসকো টট্টি। বেলজিয়ান মধ্যমাঠ-সেনানী রাদজা নাইন গোলানের পাস থেকে গোল করে রোমাকে ম্যাচে ফেরান টট্টি। এই গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে (৩৮) গোল করার অনন্য রেকর্ড গড়লেন ইতালির জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকার।
ম্যাচ শেষে দলের ওপর নিজের বিরক্তিটা প্রকাশ করতে ছাড়েননি সিটি কোচ পেলেগ্রিনি। বলেছেন, ‘এমন করে খেললে কিছুই হবে না। সিটি খেলোয়াড়দের অবশ্যই নিজেদের পারফরম্যান্সকে আরও শাণিত করে তুলতে হবে।’