প্রথম পর্বটা দুঃস্বপ্নের মতো কেটেছে। মোহামেডান প্রথম জয়ের মুখ দেখে দশম ম্যাচে এসে। ঐতিহ্যবাহী দলটির অবনমন নিয়েই তখন আলোচনা। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে দ্বিতীয় পর্বে ফিরল তারা নতুন রূপে। এবার লিগে নিজেদের দ্বিতীয় জয়টি তুলে নিয়েছে কাল। দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জকে তারা হারিয়েছে ২-১ গোলে।
মোহামেডানের বড় অস্ত্র ইসমাইল বাঙ্গুরা চোটের কারণে পাঁচটি ম্যাচ খেলতে পারেননি। উত্তর বারিধারার সঙ্গে সর্বশেষ ম্যাচে খেললেও ছিলেন অনুজ্জ্বল। তবে কাল আসল কাজটি ঠিকই করে দিয়েছেন। ৮৫ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় থাকা দলটিকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দিয়েছেন গিনির স্ট্রাইকার।
হঠাৎ করেই যেন খেই হারিয়েছে রহমতগঞ্জ। আবাহনীর কাছে সর্বশেষ ম্যাচে হেরেছে ২-০ গোলে। কাল মোহামেডানের কাছে হারের পর অনেক দর্শকের ফিসফিসানি, ‘তবে কি পয়েন্ট ছাড়তে শুরু করে দিয়েছে রহমতগঞ্জ?’
২৭ মিনিটে দাউদা সিসের গোলে রহমতগঞ্জই এগিয়ে গিয়েছিল প্রথম। ৪০ মিনিটে নেকো প্যাট্রিচের গোলে সমতায় ফেরে মোহামেডান। ৮৫ মিনিটে সবুজের ক্রস থেকে ইসমাইল বাঙ্গুরার হেডে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। ওই গোলের জন্য ডিফেন্ডার এলিটা বেঞ্জামিন জুনিয়রকে দুষলেন রহমতগঞ্জের কোচ কামাল বাবু, ‘আমার মনে হয়েছে, এলিটা বলটি ইচ্ছা করে ছেড়ে দিয়েছে।’ এই জয়ে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে উঠল মোহামেডান। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিনেই রইল রহমতগঞ্জ।