দ্বিতীয় হয়েও ইংল্যান্ডের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা না দেখে যদি কেউ শুধু ম্যাচের ফলটা দেখেন, বিভ্রান্ত হবেন। মনে হতে পারে ম্যাড়ম্যাড়ে এক ম্যাচই বুঝি হয়েছে। আসলে তা নয়। পরশু সেঁত এতিয়েনে দারুণ খেলেছে ইংল্যান্ড। ম্যাচজুড়ে হেন্ডারসন-লালানা-ভার্ডিরা একের পর এক আক্রমণের ঢেউ তুলেছেন, আর স্লোভাকিয়া সামর্থ্যের সবটুকু ঢেলে তাতে বাধা দিয়ে গেছে।
সফলও হয়েছেন স্কার্টেল-হামসিক-ভাইসরা। গোলশূন্য ড্র ম্যাচে শেষ বাঁশির পর তাঁদের উদ্যাপন দেখে বোঝাও যাচ্ছিল আনন্দটা। অবশ্য উদ্যাপনের উপলক্ষও তো বড়। এই ড্রতে চারটি সেরা তৃতীয় দলের একটি হয়ে নকআউট পর্বে খেলার সুযোগ থাকল এবারই ইউরোতে অভিষিক্ত স্লোভাকদের।
স্লোভাকিয়ার জন্য ম্যাচটা ১ পয়েন্ট প্রাপ্তির, কিন্তু ইংলিশদের জন্য তো ২ পয়েন্ট হারানোর। ড্র করায় গ্রুপে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। শেষ ষোলোতে এখন প্রতিপক্ষ হবে পর্তুগাল-অস্ট্রিয়া-হাঙ্গেরি-আইসল্যান্ডকে নিয়ে গড়া ‘এফ’ গ্রুপের রানার্সআপরা। তবে পরের রাউন্ডের সম্ভাব্য প্রতিপক্ষকে একটা হুঁশিয়ারিও দিয়ে রাখলেন ইংল্যান্ড কোচ হজসন, ‘দ্বিতীয় হওয়ায় হতাশ। কিন্তু আমরা শেষ ষোলোতে তো উঠেছি। আমরা যেভাবে খেলছি, তাতে কাউকেই ভয় করি না।’ এএফপি, রয়টার্স।
গ্রুপে তিন ম্যাচে ইংল্যান্ডের পারফরম্যান্সের পর অবশ্য হজসনের ‘হুমকি’টাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে সম্ভাব্য প্রতিপক্ষকে। তিন ম্যাচেই মন ভরিয়ে দেওয়া আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইংল্যান্ড। গোলমাল পাকিয়ে যাচ্ছে শুধু গোলের সামনে এসেই। এত দাপটের সঙ্গে খেলেও তাই হতাশ হজসন, ‘পুরোটা সময় আমরাই খেললাম, বক্সের আশপাশে অনেক সুযোগও তৈরি করলাম। এরপরও এমন ফল হতাশাজনক।’ নকআউট পর্বে গোল উৎসবের প্রতিশ্রুতিও দিয়েছেন, ‘সুযোগগুলো কাজে লাগাতে না পারায় সমালোচনা হবে। এটা বন্ধ করতে পারব না। তবে আমার মনে হচ্ছে, টুর্নামেন্টে কোনো একটা দলকে হয়তো অনেক গোল দেব আমরা।’