দ্বিতীয়ার্ধে নামা এসেনসিওর গোলে জয়, সে কৃতিত্ব নিতে রাজি নন জিদান

ম্যাচের ৪৫ মিনিটেই ইসকোকে তুলে নিয়ে মার্কো এসেনসিওকে নামিয়েছিলেন। ৫৭ মিনিটে সেই এসেনসিও গোল করে দলকে এগিয়ে দিয়েছেন। এ গোলটাই জয়-পরাজয়ের সীমা এঁকে দিয়েছে। একেই তো বলে ম্যাচ বদলে দেওয়া সিদ্ধান্ত। এমন সিদ্ধান্ত নিয়ে গর্ব করতে পারেন যেকোনো কোচ। কিন্তু জিনেদিন জিদান সে পথে হাঁটেননি। এমনকি সিদ্ধান্তটার কৃতিত্ব নিতেও রাজি নন রিয়াল মাদ্রিদ কোচ।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঝমাঠ নিয়ন্ত্রণ করার পরিকল্পনা নিয়ে নেমেছিল রিয়াল। এ জন্যই আক্রমণের ত্রিফলা ‘বিবিসি’র মধ্যে শুধু ক্রিস্টিয়ানো রোনালদোই ছিলেন একাদশে। প্রথমার্ধে এতে খুব একটা কাজে দিয়েছে তা বলা যাচ্ছে না। দুই দলই আচমকা দুটি গোল করে প্রথমার্ধে শেষ করেছে সমতায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইসকোর বদলে মাঠে নামেন এসেনসিও। রিয়ালের আক্রমণের ধারও বাড়ে। ম্যাচ শেষে তাই সবাই জিদানের সাহসিকতা ও কোচিং দক্ষতার প্রশংসা করছিল।
জিদান কিন্তু কৃতিত্ব নিতে রাজি হননি, ইসকোকে তুলে নেওয়ার সিদ্ধান্ত এ তাঁর নয়, ‘ইসকো কাঁধে একটু অস্বস্তি বোধ করছিল। ম্যাচের শুরু থেকেই ভালো বোধ করছিল না। তাই বিরতিতে ওকে তুলে নেই। ইসকো যেহেতু চোট পেয়েছে, আমার ওকে না বদলিয়ে উপায় ছিল না। এসেনসিও গোল করেছে কিন্তু আপনি এটা বলতে পারেন না এটা আমার কোচিংয়ের কারণে। আমি শুধু একজন চোটে পড়া খেলোয়াড় বদলেছি!’
নিজেকে কৃতিত্ব দিতে না চাইলেও এসেনসিওর প্রশংসায় কোনো খামতি নেই জিদানের, ‘আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ম্যাচের শুরু ও শেষে অনেক ভুগেছি। কিন্তু আমরা ভালো এবং গুরুত্বপূর্ণ একটা ফল পেয়েছি। চ্যাম্পিয়নস লিগে কষ্ট না করে খেলতে পারবেন না। ইসকো ও কারভাহালকে হারিয়েছি (চোটের কারণে), এটা একটা বাজে ব্যাপার। কিন্তু এসেনসিও নেমেই খেলা বদলে দিয়েছে।’